ত্রিপুরায় চাল যায়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাভার্ড ভ্যান বা ছাউনিযুক্ত ট্রাক না পাওয়ায় ভারতীয় চাল ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে গতকাল রোববার আগরতলার ত্রিপুরায় পাঠানো যায়নি। ফলে নৌবন্দরে খালাসের অপেক্ষায় রয়েছে ৯১২ টন চালের চালান।
এ চাল পরিবহনের জন্য এক থেকে দেড় শ কাভার্ড ভ্যানের প্রয়োজন। ঢাকা ও চট্টগ্রাম থেকে ভ্যান আনার ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে। আজ সোমবার সকালের মধ্যে কাভার্ড ভ্যান আশুগঞ্জ নৌবন্দরে এসে পৌঁছার কথা।
এদিকে চাল পরিবহনে কাভার্ড ভ্যানের বদলে আশুগঞ্জের পণ্যবাহী ট্রাক ব্যবহার না করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন জেলা ট্রাক মালিক সমিতির নেতারা। সমিতির সাধারণ সম্পাদক মো. কাউছার আহমেদ জানান, নৌবন্দরের নিজস্ব প্রায় ৫০০ ও বাইরের প্রায় ৩০০ ট্রাক রয়েছে। নৌবন্দর ও জেলার ট্রাক ব্যবহার না করায় জেলার ট্রাক ও শ্রমিকদের অলস বসে থাকতে হবে।
চাল পরিবহন ঠিকাদারি প্রতিষ্ঠানের স্থানীয় প্রতিনিধি নাছির মিয়া জানান, কাভার্ড ভ্যান দিয়েই চাল ত্রিপুরায় পাঠাতে হবে বলে চুক্তি হয়েছে।
গত শনিবার ভারতের অন্ধ্র প্রদেশ থেকে ওই চাল নিয়ে এমভি নিউটেক-৬ নামের আশুগঞ্জ নৌবন্দরে ভেড়ে।