ত্রিপুরায় তিন দিন ধরে মাছ রপ্তানি বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে তিন দিন ধরে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় মাছ রপ্তানি বন্ধ রয়েছে। এতে প্রতিদিন লাখ লাখ টাকা লোকসান গুনতে হচ্ছে বলে দাবি এই স্থলবন্দরের ব্যবসায়ীদের।
খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি আগরতলার বিভিন্ন বাজার থেকে মাছের ৪০টি নমুনা নিয়ে পরীক্ষা করে ১১টিতে ফরমালিন পাওয়া যায়। এতে আগরতলার কাস্টমস কর্তৃপক্ষ বাংলাদেশি মাছ আমদানির ব্যাপারে আপত্তি তোলে। যে কারণে গত সোমবার বাংলাদেশ থেকে মাছ রপ্তানি বন্ধ হয়ে যায়।
এ অবস্থায় গতকাল বুধবার সকালে আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ীদের পক্ষ থেকে বাবুল মিয়া নামের এক ব্যবসায়ী বিষয়টি নিয়ে আলোচনা করতে আগরতলায় যান। গতকালই তাঁর আখাউড়ায় ফেরার কথা থাকলেও সন্ধ্যায় (সাড়ে ছয়টা) এ প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি আগরতলা থেকে ফেরেননি। এর আগে ত্রিপুরার ব্যবসায়ীরাও বিষয়টি সুরাহা করতে সেখানকার কাস্টমস কর্তৃপক্ষের কাছে আবেদন করেন।
এদিকে ফরমালিন পাওয়া মাছগুলো বাংলাদেশের কি না, তা নিশ্চিত করে বলা হয়নি।
আখাউড়া স্থলবন্দর সূত্র ও রপ্তানিকারকদের দাবি, ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করাসহ বিভিন্ন ধরনের পরীক্ষার পরই বরফ দিয়ে প্যাকেট করে প্রতিদিন বেলা ১১ থেকে দুপুর ১২টার মধ্যে মাছ পাঠানো হয়। কিন্তু আগরতলায় পরীক্ষা করা মাছ বাজার থেকে সংগ্রহ করা হয় সকালের দিকে। সেই মাছ ভারতের অন্ধ্র প্রদেশ থেকে নেওয়া।
বাংলাদেশ থেকে প্রতিদিন ৫০ থেকে ৬০ টন মাছ আগরতলায় পাঠানো হয়, যার দাম প্রায় এক কোটি টাকা। মাছের মধ্যে রয়েছে পাঙাশ, তেলাপিয়া, রুই, কাতলা, নলা, মৃগেল, সিলভার কার্প, ট্যাংরা, পুঁটি প্রভৃতি।
রপ্তানিকারক প্রতিষ্ঠান সেভেন ওশেন ফিশ প্রসেসিংয়ের পরিচালক শেখ আল মামুন আহমেদ প্রথম আলোকে বলেন, বাংলাদেশের মাছে ফরমালিন পাওয়ার কোনো সুযোগ নেই। কারণ, সব ধরনের পরীক্ষার পরই কাস্টমস কর্তৃপক্ষ আগরতলায় মাছ রপ্তানির অনুমতি দেয়।
আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, বিষয়টি নিয়ে তাঁরা আগামী শনিবার আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসবেন। আগামী সপ্তাহের মধ্যে একটা সমাধান হবে বলে আশা করেন তিনি।