ত্রিপুরায় পণ্য রপ্তানি কমছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়া জেলার এই বন্দর দিয়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলী রাজ্য বিশেষ করে ত্রিপুরায় রপ্তানি ক্রমশ কমে যাচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলার এই বন্দর দিয়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলী রাজ্য বিশেষ করে ত্রিপুরায় রপ্তানি ক্রমশ কমে যাচ্ছে।

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের আসাম, মেঘালয়, ত্রিপুরা, মনিপুরসহ বিভিন্ন রাজ্যে রেল, সড়কসহ অবকাঠামোর উন্নয়ন হচ্ছে। তাই সহজেই এক রাজ্য থেকে অন্য রাজ্যে পণ্য আনা-নেওয়া করা যাচ্ছে। এর খেসারত গুনতে হচ্ছে বাংলাদেশের একমাত্র রপ্তানিনির্ভর আখাউড়া স্থলবন্দরকে। ব্রাহ্মণবাড়িয়া জেলার এই বন্দর দিয়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলী রাজ্য বিশেষ করে ত্রিপুরায় রপ্তানি ক্রমশ কমে যাচ্ছে।
ভৌগোলিক অবস্থানগত কারণে এই স্থলবন্দর দিয়ে পণ্য আগরতলায় নেওয়া সহজ হয়। সেই পণ্য পরে ভারতের মেঘালয়, নাগাল্যান্ড ও মনিপুর রাজ্যেও নেওয়া যায়। এর ফলে ভারতের এই অঞ্চলে বাংলাদেশি পণ্যের একটি নতুন বাজার তৈরি হয়েছিল।
আখাউড়া কাস্টমস বিভাগ সূত্রে জানা গেছে, আখাউড়া স্থলবন্দর দিয়ে বছর দুয়েক আগেও দিনে প্রায় দেড় শ ট্রাক পণ্য রপ্তানি হতো। এখন দিনে মাত্র ৩০-৩৫ ট্রাক পণ্য রপ্তানি হয়। গত এক বছরের ব্যবধানে রপ্তানি এক-তৃতীয়াংশ কমে গেছে। বিদায়ী অর্থবছরে (২০১৩-১৪) এই স্থলবন্দর দিয়ে মাত্র ২২৬ কোটি ৩২ লাখ টাকার পণ্য রপ্তানি হয়েছে। আগের অর্থবছরে এর পরিমাণ ছিল ৩২৭ কোটি টাকা। এক বছরের ব্যবধানে রপ্তানি কমেছে ১০০ কোটি টাকা বা ৩০ শতাংশ।
ত্রিপুরার ব্যবসায়ীদের আগ্রহ কম: ব্রাহ্মণবাড়িয়াকেন্দ্রিক ব্যবসায়ীরাই মূলত ত্রিপুরায় পণ্য রপ্তানি করে থাকে। প্রধান রপ্তানি পণ্য হলো পাথর, সিমেন্ট ও মাছ। সরেজমিনে অনুসন্ধান করে রপ্তানি কমে যাওয়ার তিনটি কারণ জানা গেছে।
প্রথমত,ত্রিপুরার রাজধানী আগরতলার সঙ্গে আসাম, মনিপুর ও মেঘালয়ের সরাসরি রেল যোগাযোগ স্থাপিত হয়েছে। এত দিন ত্রিপুরা ও মেঘালয় রাজ্যের সীমান্ত ধর্মনগর পর্যন্ত রেলপথ ছিল। বছর দুয়েক আগে ধর্মনগর থেকে আগরতলা পর্যন্ত রেলপথ নির্মাণ করা হয়েছে। এ বছর শুরুতেই আগরতলা থেকে মেঘালয়ের শিলচর ও মনিপুরের লামডিং পর্যন্ত মহাসড়কের সংস্কার করা হয়েছে। অনেক স্থানে চার লেনের সড়ক তৈরি করা হয়েছে। এভাবে আসাম, মেঘালয়, মনিপুরসহ ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর পারস্পরিক যোগাযোগ ব্যবস্থার উন্নতি হচ্ছে। আর এসব সড়ক ব্যবহার করে সহজেই পাথরসহ অন্য পণ্যের ট্রাক সরাসরি আগরতলা পর্যন্ত চলে আসতে পারে। তাই আগরতলার ব্যবসায়ীরা এখন এসব রাজ্য থেকে পাথরসহ অন্যান্য পণ্য আনতে বেশি উৎসাহী।
এর ফলে এখন আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রতিদিন ২০-২৫ ট্রাক পাথর যায়। অথচ বছর দুয়েক আগেও শতাধিক পাথরবাহী ট্রাক আগরতলা যেত।
আবার এতোদিন বাংলাদেশের ব্যবসায়ীরা আসাম ও মেঘালয় থেকে সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে পাথরের বড় টুকরা (বোল্ডার) আমদানি করতেন। এরপর এসব বড় পাথর ভেঙে ছোট পাথর হিসেবে আবার ত্রিপুরায় রপ্তানি করা হয়। এই প্রক্রিয়াকে অন্ট্রাপোর্ট বলা হয়। কিন্তু এখন ত্রিপুরার ব্যবসায়ীরা সরাসরি আসাম ও মেঘালয় থেকে পাথর আমদানি করে থাকে। এতে বাংলাদেশি ব্যবসায়ীদের অন্ট্রাপোর্ট ব্যবসা আগের চেয়ে কমে গেছে।
অন্যতম প্রধান রপ্তানিপণ্য সিমেন্টের চাহিদাও ত্রিপুরায় কমে গেছে। দুই বছর আগে আখাউড়া স্থলবন্দর দিয়ে দৈনিক ২০ থেকে ৩০ ট্রাক সিমেন্ট যেত। এখন যায় চার থেকে পাঁচটি ট্রাক। কারণ, ত্রিপুরার পরিবেশ রক্ষায় এখন আর যত্রতত্র পাহাড় কেটে কিংবা মাটি খনন করে বালু উত্তোলন করা যায় না। কয়েক মাস আগে আগরতলার পরিবেশবাদীদের আপত্তির মুখে ত্রিপুরা সরকার কিছু নির্দিষ্ট স্থান থেকে বালু উত্তোলনের অনুমতি দিয়েছে। এ কারণে বালু উত্তোলন কমে যাওয়ায় নির্মাণকাজে শ্লথগতি রয়েছে। তাই সিমেন্টের চাহিদাও কমেছে। এতে বাংলাদেশি সিমেন্ট রপ্তানি কমেছে।
আবার আগরতলায় মাছের রপ্তানি কমেছে। আগরতলার মাছ আমদানিকারকেরা খরচ কমাতে এখন বৈধ পথের চেয়ে অবৈধ পথেই মাছ নিতে বেশি আগ্রহী। আগে প্রতিদিন গড়ে ১২ থেকে ১৫ টন মাছ রপ্তানি হতো। এখন তা কমে ৮-১০ টনে নেমে এসেছে। মূলত ইলিশ, চিংড়ি, রুই, চিতল, টেংরা, পুঁটি, শরপুঁটি, বোয়াল ইত্যাদি মাছই বেশি রপ্তানি হয়।
শঙ্কা নাকি সম্ভাবনা: রপ্তানি বাড়াতে আপাতত সরকারি-বেসরকারি পর্যায়ে কোনো জোরালো উদ্যোগ নেই। ইপিবি প্রতিবছর আসামের গৌহাটি ও মেঘালয়ের শিলচরে পণ্যমেলার আয়োজন করে থাকে। কিন্তু ভারতের ত্রিপুরার আগরতলায় এই পর্যন্ত কোনো মেলা হয়নি। ইপিবি সূত্রে জানা গেছে, আগামী অক্টোবর কিংবা নভেম্বর মাসে একটি বাণিজ্য প্রতিনিধিদল আগরতলা যাবে। স্থানীয় ব্যবসায়ী সংগঠনের নেতারা ও রাজ্য সরকারের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে দলটি।
ইপিবির ভাইস চেয়ারম্যান শুভাশীষ বসু প্রথম আলোকে বলেন, গত অর্থবছরে ডলারের বিপরীতে ভারতীয় রুপির ব্যাপক দরপতন হয়। এ জন্য বাংলাদেশ থেকে পণ্য নেওয়া আগরতলার ব্যবসায়ীদের জন্য সাশ্রয়ী হয়নি।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের উপদেষ্টা মনজুর আহমেদ বলেন, বাংলাদেশের পক্ষে ত্রিপুরার চাহিদা বাড়ানোর কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব নয়। তবে বিপণন জোরালো করতে আগরতলায় বাংলাদেশি পণ্যমেলার আয়োজন করা যেতে পারে।
মনজুর আহমেদ অবশ্য এ-ও বলেন যে ভারতের মোদি সরকার নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে পিছিয়ে পড়া অঞ্চলে ব্যাপক অবকাঠামো উন্নয়নের আশ্বাস দিয়েছে। এখন উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে সেই উন্নয়নকাজ শুরু হলে আবারও সিমেন্ট ও পাথরের চাহিদা বাড়বে।
রপ্তানি কমেছে ৩০%: আখাউড়া কাস্টমসের পরিসংখ্যান অনুসারে গত অর্থবছরে (২০১৩-১৪) এই স্থলবন্দর দিয়ে ৩০ শতাংশ বা ১০০ কোটি টাকার কম পণ্য রপ্তানি কমে গেছে। গত অর্থবছরে তিন লাখ ৬৬ হাজার ৪২ টন পণ্য রপ্তানি হয়েছে। তার আগের অর্থবছরে এর পরিমাণ ছিল চার লাখ ৬০ হাজার ৮৩৬ টন। এক বছরের ব্যবধানে এক লাখ টন পণ্য রপ্তানি কমেছে। ২০০৮-০৯ অর্থবছরের পর থেকে টানা কয়েক বছর এই স্থলবন্দর দিয়ে পণ্য রপ্তানি বেড়েছে।
আখাউড়া আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি রাজীব ভুঁইয়া প্রথম আলোকে বলেন, ‘সমন্বিত চেকপোস্ট হওয়ায় শ্রমমজুরি ও সেবামাশুল আগের চেয়ে বেড়েছে। বন্দর ব্যবহারকারী আমদানি-রপ্তানিকারকদের খরচ আগের চেয়ে বেড়েছে। আবার নিজেদের যোগাযোগব্যবস্থার উন্নতি হওয়ায় আগরতলার ব্যবসায়ীরা এখন ভারতের অন্য রাজ্য থেকে পণ্য আনা বাড়িয়ে দিয়েছেন।
উল্লেখ্য, সমন্বিত চেকপোস্ট ব্যবস্থার আওতায় বাংলাদেশের পণ্যবাহী ট্রাক সরাসরি ভারতের ভূখণ্ডে প্রবেশ করতে ও সেখানে পণ্য খালাস করতে পারে। এতে শুল্কায়ন-প্রক্রিয়া সহজ হয়।
এদিকে আখাউড়া স্থলবন্দরে সরেজমিনে দেখা গেছে, পর্যাপ্ত অবকাঠামো ও লোকবল নেই। ওজন সেতুসহ আধুনিক যন্ত্রপাতিও নেই। একজন ট্রাফিক পরিদর্শক ও তত্ত্বাবধায়ক দিয়েই চলে আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম। আর নিরাপত্তার জন্য রয়েছে আটজন কর্মী।
 ত্রিপুরার রাজধানী আগরতলার সঙ্গে আসাম, মনিপুর ও মেঘালয়ের সরাসরি রেল যোগাযোগ স্থাপিত হয়েছে
 ত্রিপুরায় নির্মাণকাজে শ্লথগতি রয়েছে। তাই সিমেন্টের চাহিদাও কমেছে
 এই স্থলবন্দর দিয়ে গত অর্থবছর ৩০ শতাংশ রপ্তানি কমে গেছে
‘‘নিজেদের যোগাযোগব্যবস্থার উন্নতি হওয়ায় আগরতলার ব্যবসায়ীরা ভারতের অন্য রাজ্য থেকে পণ্য আনা বাড়িয়ে দিয়েছেন
রাজীব ভুঁইয়া
সভাপতি, আখাউড়া আমদানি-রপ্তানিকারক সমিতি