ত্রিপুরায় শিল্পকারখানা স্থাপনে বাংলাদেশি বিনিয়োগকারীদের জন্য দারুণ সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে ত্রিপুরা রাজ্য সরকারও আগ্রহী। ত্রিপুরার জনগণও বাংলাদেশি পণ্যের মানে সন্তুষ্ট।গতকাল বুধবার আগরতলা থেকে ফিরে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া আখাউড়া স্থলবন্দরের বিডিআর চৌকিতে স্থানীয় সাংবাদিকদের এসব কথা বলেন।দিলীপ বড়ুয়া বলেন, ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার, রাজ্যের শিল্পমন্ত্রী জীতেন্দ্র চৌধুরী, শিল্প দপ্তরের কর্মকর্তা, ত্রিপুরাসহ আশপাশের রাজ্যগুলোর ব্যবসায়ী নেতা ও সংবাদমাধ্যমের সঙ্গে তাঁর কথা হয়েছে।এর আগে আখাউড়া সীমান্তে ত্রিপুরা রাজ্য সরকারের শিল্প ও বাণিজ্যমন্ত্রী জীতেন্দ্র চৌধুরী প্রথম আলোকে বলেন, ত্রিপুরার ২০তম বাণিজ্য মেলা বন্ধুপ্রতিম দুই দেশের সম্পর্ক আরও জোরদার করেছে। আগরতলায় বঙ্গবাজার (ট্রেড সেন্টার) চালু করার জন্য বাংলাদেশের ব্যবসায়ীদের শিগগিরই একটি বাড়ি দেওয়া হবে।গতকাল বুধবার বিকেল সাড়ে চারটায় আখাউড়া স্থলবন্দর দিয়ে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া দেশে ফিরেছেন। ১১ দিনব্যাপী চলা ২০তম ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে গত মঙ্গলবার তিনি আগরতলায় যান।মঙ্গলবার সন্ধ্যায় আগরতলায় ২০তম ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠানে দিলীপ বড়ুয়া প্রধান অতিথি ছিলেন।ত্রিপুরা সরকারের শিল্প ও বাণিজ্য দপ্তর এ মেলার আয়োজন করে। সমাপনী অনুষ্ঠানে ত্রিপুরার শিল্প ও বাণিজ্যমন্ত্রী জীতেন্দ্র চৌধুরী সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে ভারত-বাংলাদেশ চেম্বারের সভাপতি আবদুল মাতলুব আহমাদ, ত্রিপুরা চেম্বারের প্রতিষ্ঠাতা সভাপতি এম এল দেবনাথ, শিল্প ও বাণিজ্য দপ্তরের পরিচালক ভি জে জেনার, শিল্প উদ্যোক্তা সুব্রত রায় প্রমুখ বক্তব্য দেন।জানা গেছে, ১১ দিনব্যাপী এই মেলায় বাংলাদেশের ১২টি স্টলসহ মোট ১৭৩টি স্টলে পণ্য প্রদর্শন করা হয়। মেলায় বাংলাদেশের প্লাস্টিক, আসবাবপত্র ও খাদ্যসামগ্রীর ব্যাপক চাহিদা সৃষ্টি হয়েছে।আখাউড়া সীমান্তে মন্ত্রীকে নিজ দেশে স্বাগত জানান ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল করিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আহমদ, স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা ইন্দ্রমোহন দাস, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাম্মাদ হোসেন, আখাউড়া আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি শফিকুল ইসলাম প্রমুখ।