ত্রিপুরায় মাছ রপ্তানি শুরু হচ্ছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রায় আড়াই মাস পর আজ মঙ্গলবার থেকে আবার ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় মাছ রপ্তানি শুরু হচ্ছে।
স্থানীয় ব্যবসায়ীরা প্রথম আলোকে জানান, ত্রিপুরায় রপ্তানি হওয়া বাংলাদেশি মাছের নমুনা কলকাতায় নিয়ে ফরমালিন আছে কি না তা পরীক্ষা করা হবে। পরীক্ষায় মাছে ফরমালিনের অস্তিত্ব ধরা পড়লে পুনরায় আমদানি বন্ধ করে দেওয়া হবে—এমন শর্তেই রপ্তানি শুরু হতে যাচ্ছে।
ফরমালিন পাওয়ার ঘটনাকে কেন্দ্র করে গত ৬ মার্চ থেকে ত্রিপুরায় বাংলাদেশি মাছ রপ্তানি বন্ধ রয়েছে। এর আগে রাজ্যটির রাজধানী আগরতলার বিভিন্ন বাজার থেকে সংগ্রহ করা মাছের ৪০টি নমুনার মধ্যে পরীক্ষায় ১১টিতে ফরমালিন পাওয়ার অভিযোগ তোলা হয়। তখন সেখানকার শুল্ক কর্তৃপক্ষও বাংলাদেশি মাছ আমদানির ব্যাপারে আপত্তি জানায়।
তবে ফরমালিন পাওয়া মাছগুলো বাংলাদেশ থেকে নেওয়া কি না তা অবশ্য নিশ্চিত করে বলা হয়নি। কারণ ভারতের অন্য রাজ্য থেকেও ত্রিপুরায় মাছ যায়।
মাছ রপ্তানি বন্ধ হওয়ার পর উভয় দেশের ব্যবসায়ী নেতারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে দফায় দফায় একাধিকবার বৈঠক করেন।
আখাউড়া স্থলবন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরা জানান, ফিশারিজ সার্টিফিকেট নিয়ে মানসহ বিভিন্ন ধরনের পরীক্ষার পরই কেবল তাঁরা বরফ দেওয়া মাছ প্যাকেটজাত করে ত্রিপুরায় রপ্তানি করতেন।