ত্রিপুরায় মাছ রপ্তানিতে জটিলতা
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রায় আড়াই মাস পর গতকাল মঙ্গলবার থেকে ভারতের ত্রিপুরা রাজ্যে মাছ রপ্তানি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু এইচএস কোড-সংক্রান্ত জটিলতার কারণে তা আর হয়নি। এ সমস্যার সমাধানে সপ্তাহখানেক সময় লাগবে বলে বাংলাদেশের ব্যবসায়ীরা আশা করছেন।
স্থলবন্দরের ব্যবসায়ী আব্বাস উদ্দিন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, বিষয়টি নিয়ে আগরতলার ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা শুরু হয়েছে।
আখাউড়া স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা মো. শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘দুই দেশের ব্যবসায়ীরা যে চুক্তি করেছেন, তাতে “সি ফিশ”-এর (সামুদ্রিক মাছ) কোড লেখা আছে বলে জেনেছি। কিন্তু এ কোডের মাধ্যমে সব ধরনের মাছ রপ্তানি সম্ভব নয়।’
মাছে ফরমালিন পাওয়ার অভিযোগে ত্রিপুরায় গত ৬ মার্চ থেকে বাংলাদেশি মাছ রপ্তানি বন্ধ রয়েছে। আগরতলায় মাছের ৪০টি নমুনা পরীক্ষা করে ১১টিতে ফরমালিন ধরা পড়ার কারণে সেখানকার শুল্ক কর্তৃপক্ষ বাংলাদেশি মাছ নিয়ে আপত্তি তোলায় রপ্তানি বন্ধ হয়ে যায়।