ত্রিপুরায় মাছ রপ্তানিতে বাধা এখন চোরাচালান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আখাউড়া–আগরতলায় সীমান্তে একটি পণ্যবাহী ভারতীয় পিকআপ l দ্য হিন্দু
আখাউড়া–আগরতলায় সীমান্তে একটি পণ্যবাহী ভারতীয় পিকআপ l দ্য হিন্দু

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার দূরত্ব মাত্র পাঁচ কিলোমিটার। আখাউড়া রেলস্টেশন থেকেই আগরতলা সিঙ্গারবিল বিমানবন্দরের উড়োজাহাজ ওঠানামা দেখা যায়। আর সন্ধ্যার দিকে পৌর এলাকা পেরিয়ে সীমান্তের দিকে গেলেই আগরতলার সোডিয়াম বাতির আলোর রোশনাই চোখে পড়ে। আর আখাউড়া স্থলবন্দরের সীমান্তরেখা থেকে ঢিল ছোড়া দূরত্বেই আগরতলা শহরের ট্যাক্সি দাঁড়িয়ে থাকে।

এমন এক ভৌগোলিক অবস্থানে বৈধ-অবৈধ পথে দুই দেশের মানুষের চলাচল অনেক সহজ হয়েছে। আবার অবৈধ পণ্যের যাতায়াতও চলে অনেকটা নির্বিঘ্নে। সম্প্রতি এক ভোরে আখাউড়ার সীমান্ত এলাকায় গিয়ে দেখা গেল, কাঁটাতারের বাধা পেরিয়ে নির্বিঘ্নে এপারের তাজা মাছ যাচ্ছে ওপারে। চোরাচালান বেড়ে যাওয়ায় বৈধ পথে মাছ রপ্তানি ক্রমশ কমছে। এতে বিপাকে পড়েছেন রপ্তানিকারকেরা। আগের মতো আর ঋণপত্র (এলসি) খুলে মাছ রপ্তানি করতে পারছেন না তাঁরা।

সম্প্রতি আখাউড়া অঞ্চলে অনুসন্ধান করে এসব তথ্য পাওয়া গেছে।

অসমতল অঞ্চল হওয়ায় ত্রিপুরায় মাছের আধার হিসেবে পরিচিত খালবিল কম। তাই সেখানে মাছের পর্যাপ্ত চাষ হয় না। কিন্তু ত্রিপুরা তথা আগরতলা বাঙালি-অধ্যুষিত হওয়ায় সেখানকার জনগণের মাছের প্রতি বিশেষ আকর্ষণ রয়েছে। অন্যদিকে সীমান্তের এপারেই আখাউড়া, কসবা, ব্রাহ্মণবাড়িয়া, আশুগঞ্জসহ বিভিন্ন এলাকা মাছের বিশেষ আধার হিসেবে পরিচিত।

আগরতলায় চাহিদা থাকায় কয়েক বছর ধরে প্রতিদিনই সকালে ট্রাক বোঝাই করে আখাউড়া স্থলবন্দর দিয়ে আগরতলায় ইলিশ, চিংড়ি, রুই, কাতল, চিতল, তেলাপিয়া, কই, টেংরাসহ বিভিন্ন প্রজাতির মাছ রপ্তানি হয়। সকাল ১০টার মধ্যে সীমান্ত পার হয়ে তিন কিলোমিটার দূরে আগরতলার গুলবাজারে পৌঁছে যায় বাংলাদেশের তাজা মাছ। দামও ভালো পান মাছ রপ্তানিকারকেরা। ইলিশ ও চিংড়ি প্রতি কেজি ছয় ডলার, আর বাকি সব মাছ কেজিপ্রতি দেড় ডলার দাম পাওয়া যায়।

মুঠোফোনে যোগাযোগ করা হলে আগরতলা আমদানি-রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক মনীষ বিশ্বাস প্রথম আলোকে বলেন, বাংলাদেশ থেকে যে পরিমাণ মাছ আগরতলায় আসে, তা দিয়ে চাহিদা মিটছে না। বাঁকা পথে (চোরাচালান) মাছ আসা রোধ করা গেলে বৈধ পথে মাছ রপ্তানি আরও বাড়বে। তিনি জানান, আগরতলায় ইলিশের ব্যাপক চাহিদা রয়েছে। রপ্তানি নিষেধাজ্ঞা উঠিয়ে দিলে এপারে ইলিশের আমদানি বাড়বে। ইলিশের দাম বেশি হলে বাংলাদেশের রপ্তানি আয়ও বাড়বে।

মাছ রপ্তানি অর্ধেকে নেমেছে: আখাউড়া দিয়ে গত অর্থবছরে (২০১৩-১৪) মাত্র ৪৮ কোটি ২৩ লাখ টাকার মাছ রপ্তানি হয়েছে। অথচ আগের অর্থবছরে ৯৩ কোটি টাকার মাছ রপ্তানি হয়েছিল। উল্লেখ্য, এই বন্দর দিয়ে পণ্য রপ্তানি করে যত টাকা অর্জিত হয়েছে, এর প্রায় ৪০ শতাংশই এসেছে মাছ রপ্তানির মাধ্যমে অর্জিত বৈদেশিক মুদ্রা থেকে। বছর দুয়েক আগেও দৈনিক ১২ থেকে ১৫ টন মাছ রপ্তানি হতো। কিন্তু গত অর্থবছরের শুরু থেকেই মাছ রপ্তানি কমে যেতে শুরু করে। এখন দৈনিক পাঁচ-ছয় টন মাছ রপ্তানি হয়।

আখাউড়া আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি রাজীব ভুঁইয়া প্রথম আলোকে জানান, চোরাই পথে মাছ নিলে ত্রিপুরার ব্যবসায়ীদের শুল্ক-কর, স্থলবন্দর মাশুল—কিছুই দিতে হয় না। ঋণপত্র খুলতে হয় না। তাই খরচ কম পড়ে। আবার চোরাকারবারিরা মাছের দামও বেশি পান। এসব কারণে বৈধ পথে মাছ রপ্তানি কমেছে।

অনুসন্ধান করে জানা গেছে, আখাউড়ার কালিকাপুর, ধলেশ্বর, বাউতলা, জয়নগর, ইটনা, কর্মমঠ, আজমপুর, কুড়িপাইকা ও বিজয়নগর উপজেলার মিরাশানি, বিষ্ণুপুর ও সিঙ্গারবিল এলাকা দিয়ে আগরতলায় মাছ চোরাচালান হচ্ছে। এ ছাড়া কসবা উপজেলার সালদা নদী, ইমামবাড়ী এলাকা দিয়ে ছোট ট্রাকে করে সীমান্ত দিয়ে মাছ অবৈধ পথে চোরাচালান হয়ে ত্রিপুরায় যাচ্ছে।

আখাউড়া সীমান্ত এলাকা ঘুরে দেখা গেছে, রাত বাড়ার সঙ্গে সঙ্গে ছোট পিকআপ বোঝাই করে মাছ সীমান্তের দিকে যাচ্ছে। রাতের অন্ধকারে সুযোগ বুঝে মাছের ছোট ছোট ঝুড়ি সীমান্তের কাঁটাতারের বেড়ার নিচে পানি চলাচলের জন্য কংক্রিটের পাইপের ভেতর দিয়ে পাচার করা হচ্ছে ওপারে। সীমানার ওই এলাকাগুলোতে পাহাড়ি ঢলের পানি নামার জন্য ছোট খালের সেতুর নিচে কাঁটাতারের বেড়া নেই। এসব সেতুর নিচ দিয়ে রপ্তানি নিষিদ্ধ ইলিশসহ বড় চিংড়ি, রুই, কাতল, মিঠা পানির শিং, মাগুর, টেংরা মাছের ঝুড়ি মাথায় করে চোরাকারবারিরা সীমান্ত পার করে দেয়।

আবার ভোররাতে আখাউড়ার বড় বাজারে জমে মাছের আড়ত। এখান থেকে বৈধভাবে মাছ রপ্তানির ঝুড়ি বাঁধা হয়। একই সঙ্গে ছোট-বড় বাজারের ব্যাগে করে মাছ ভরে অনেক মানুষ রিকশায় ও সাইকেলে করে সীমান্তের দিকে যায়। এই মাছগুলোও সকাল সকাল সীমানা পার হয়ে ওঠে আগরতলার বিভিন্ন বাজারে।

বিজিবি ব্রাহ্মণবাড়িয়ার ১২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সালাউদ্দিন খালেদ প্রথম আলোকে বলেন, ‘সীমান্তের মানুষকে সচেতন করতে বিজিবি কাজ করছে। অভিযানে মাছ আটকও হচ্ছে। রাতের অন্ধকারে বিজিবির চোখ ফাঁকি দিয়ে কিছু মাছ পাচার হতে পারে। বিজিবি চোরাচালানের বিরুদ্ধে জোরালো অভিযান চালিয়ে যাচ্ছে।’

দাদন ব্যবসা প্রায় বন্ধ: মাছের চাহিদা বেশি থাকায় ত্রিপুরার ব্যবসায়ীরা মৌসুমের শুরুতেই বাংলাদেশের রপ্তানিকারকদের পাঁচ-ছয় লাখ টাকা দাদন দেন। হুন্ডি করে এই টাকা আসে। বাংলাদেশি রপ্তানিকারকেরা সেই টাকা খাটান আখাউড়ার আড়তে। অনেকটা অগ্রিম দাম দেওয়ার মতো। ফলে আড়তদারেরা সেই রপ্তানিকারককে নিয়মিত মাছ দেন। জানা গেছে, অবৈধ পথে মাছ নিতে বেশি আগ্রহী হওয়ায় এক বছর ধরে আর আগের মতো দাদন পান না আখাউড়ার ব্যবসায়ীরা।

আবার রপ্তানিকারকদের বকেয়া টাকাও পড়ে আছে। এমন একজন মাছ রপ্তানিকারক হলেন তফসিরুল ইসলাম ভুঁইয়া। ত্রিপুরার ব্যবসায়ীদের কাছে ছয় মাস ধরে প্রায় ছয় লাখ টাকা বকেয়া পড়ে আছে। তিনি প্রথম আলোকে জানান, ওজন কম হয়েছে, পচা মাছ—এসব অজুহাতে ত্রিপুরার ব্যবসায়ীরা এলসির বিল পরিশোধ করছেন না।

অন্যদিকে শুল্ক কর্মকর্তাদের হয়রানির শিকার হন বলে অভিযোগ এনেছেন মাছ রপ্তানিকারকেরা। আলাপ করে জানা গেছে, চোরাকারবারিরাই শুল্ক কর্মকর্তাদের কাছে মাঝেমধ্যে তথ্য দেন যে ওমুকের চালানে নিষিদ্ধ ইলিশ মাছ রপ্তানি হচ্ছে। এমন অভিযোগ পেয়ে বরফ দেওয়া চালান খুলে দেখেন শুল্ক কর্মকর্তারা। এতে মাছ নষ্ট হয়ে যায়।