ত্রিশালে সিরামিক কারখানা উদ্বোধন
ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার মোক্ষপুর গ্রামে আকিজ সিরামিক নামে একটি বৃহত্ সিরামিক কারখানার যাত্রা শুরু হয়েছে।আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশিরউদ্দিন ও মরহুম আকিজের সহধর্মিণী মনোয়ারা বেগম যৌথভাবে গত শুক্রবার এটির উদ্বোধন করেন।এ সময় আকিজ গ্রুপের মহাব্যবস্থাপক এ কে এম জিয়াউল ইসলাম, প্রতিষ্ঠানের পরিচালকেরা, ত্রিশাল পৌরসভার মেয়র এ বি এম আনিসুজ্জামান, ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ তালুকদার, ত্রিশাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার শাহজাহান ও আকিজ গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।২০১০ সালে ৩৮ একর জমিতে গ্যাসভিত্তিক এই শিল্পপ্রতিষ্ঠানের নির্মাণকাজ শুরু হয়।শেখ বশিরউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘টাইলসের জন্য এত দিন আমরা বিদেশের ওপর নির্ভর ছিলাম। এবার আমাদের কারখানায় উত্পাদিত বিশ্বমানের টাইলস দেশের চাহিদা পূরণ করতে সক্ষম হবে।’ এ কে এম জিয়াউল ইসলাম জানান, এই শিল্পপ্রতিষ্ঠানে প্রায় ১০ হাজার লোকের কর্মসংস্থান হবে। এতে উন্নত ও আধুনিক টাইলস উত্পন্ন হবে বলে তিনি উল্লেখ করেন।