ত্রুটিযুক্ত ফোর্ডের দুই হাজার গাড়ি ফেরত পাঠাচ্ছে দ. কোরিয়া
যুক্তরাষ্ট্রের প্রসিদ্ধ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ড মোটরকে দক্ষিণ কোরিয়া থেকে দুই হাজার ২১৬টি বিলাসবহুল এসকেইপ স্পোর্ট ইউটিলিটি ভেহিকল (এসইউভি) গাড়ি ফিরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এয়ারব্যাগ, শীতলকরণ ব্যবস্থা ও দরজার হাতলে ত্রুটি ধরা পড়ায় গতকাল সোমবার এসব গাড়ি ফেরত নেওয়ার নির্দেশ দিয়েছে দক্ষিণ কোরিয়ার পরিবহণ মন্ত্রণালয়।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, এয়ারব্যাগ সংক্রান্ত ত্রুটির কারণে ফোর্ড মোটরের স্থানীয় পরিবেশককে ২০১২ সালের ২২ মে থেকে ২০১৪ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত তৈরি এসকেইপের ৮৫৯টি গাড়ি ফিরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া শীতলকরণ যন্ত্রে ত্রুটির কারণে ৪২৪টি এবং দরজার হাতলে সমস্যার কারণে ৯৩৩টি গাড়ি ফিরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
ত্রুটিযুক্ত এসব গাড়ির মালিকদের আজ মঙ্গলবার থেকে ফোর্ডের অনুমোদিত সার্ভিস সেন্টারে যোগাযোগ করতে বলা হয়েছে। যারা ইতিমধ্যে তাঁদের গাড়ি মেরামত করিয়েছেন, তারাও খরচ অর্থ ফেরত পাবেন বলে জানানো হয়েছে।