ত্রুটির মাত্র ২০ শতাংশ সংস্কার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৈরি পোশাক কারখানা পরিদর্শনে পাওয়া ত্রুটি সংস্কারের কাজ খুবই ধীর গতিতে এগোচ্ছে বলে অভিযোগ করেছে ইউরোপীয় ক্রেতাদের জোট অ্যাকর্ড। এখন পর্যন্ত মাত্র ২০ শতাংশ ত্রুটি সংস্কার হয়েছে।
অ্যাকর্ড অন ফায়ার অ্যান্ড বিল্ডিং সেফটি ইন বাংলাদেশের দুই বছর পূর্তি উপলক্ষে রাজধানীর সোনারগাঁও হোটেলে গতকাল বৃহস্পতিবার আয়োজিত সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে অ্যাকর্ডের নির্বাহী পরিচালক রব ওয়েজ বলেছেন, ‘অনেক উন্নতি হয়েছে। তবে সংস্কারকাজের গতি খুবই ধীর।’ আর অ্যাকর্ডের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ব্র্যাড লয়েন বলেন, ‘পরিদর্শনে চিহ্নিত ত্রুটির মাত্র ২০ শতাংশ সংস্কার শেষ হয়েছে। এটি খুবই অপ্রত্যাশিত।
ইউরোপীয় ক্রেতাদের জোট অ্যাকর্ডের প্রায় দেড় হাজার তৈরি পোশাক কারখানা পরিদর্শন শেষ করেছে। এর মধ্যে ৮১৭টি কারখানার সংস্কার কার্যক্রম পরিকল্পনা (ক্যাপ) অনুমোদন করেছেন অ্যাকর্ডের বিশেষজ্ঞেরা। এই ৮১৭ কারখানার মধ্যে ৫৪০টির ক্যাপ নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করেছে এই জোট।
প্রকাশিত ক্যাপের প্রতিবেদন অনুযায়ী, ৫৪০ কারখানার বৈদ্যুতিক, অগ্নি ও ভবনের কাঠামোগত ৫৪ হাজার ৪৩২টি ত্রুটি পাওয়া যায়। এর মধ্যে ২ হাজার ৫৭৯টি ত্রুটি সংস্কারের কাজ শেষ হয়েছে। আরও ৯ হাজার ৬৪১টির সংস্কার সম্পন্ন হয়েছে বলে উদ্যোক্তারা দাবি করলেও সেগুলো যাচাই-বাছাইয়ের কাজ শেষ হয়নি। সেই হিসাবে অ্যাকর্ড বলছে, ২০ শতাংশ ত্রুটি সংস্কার হয়েছে। প্রকৃতপক্ষে এটি হবে ২২ দশমিক ৪৫ শতাংশ।
এদিকে সংস্কারকাজের ধীর গতির কারণ জানতে চাইলে ব্র্যাড লয়েন বলেন, পরিদর্শন হওয়া প্রায় কারখানাতেই ফায়ার ডোর (অগ্নি প্রতিরোধী দরজা) লাগাতে হবে। এসব ফায়ার ডোর বিদেশ থেকে আমদানি ও সেগুলো সংযোজন করতে প্রচুর সময় লাগছে। এ ছাড়া অনেক কারখানা মালিকের সচ্ছিদার ঘাটতি আছে বলেও অভিযোগ করেন অ্যাকর্ডের এই কর্মকর্তা।
ত্রুটি সংস্কারকাজের ধীর গতির জন্য ৩৫ কারখানা মালিককে সতর্ক করে চিঠি দেওয়া হয়েছে বলে জানালেন ব্র্যাড লয়েন। বললেন, এতে কাজ হয়েছে। চিঠি পাওয়া কারখানার সবাই বিষয়টি বুঝতে পারছেন। তাঁরা ইতিবাচক সাড়া দিয়েছেন।
অ্যাকর্ডের এই প্রধান নিরাপত্তা কর্মকর্তা বলেন, ‘বর্তমানে যে লোকবল আছে তাতে আমরা মাসে ২০০ কারখানার ফলোআপ পরিদর্শন করতে পারি। এভাবে সব কারখানা শেষ করতে ৭-৮ মাস লাগবে। তাই আমরা সক্ষমতা বৃদ্ধি করছি। তাতে মাসে ২৫০-৩০০ কারখানার ফলোআপ পরিদর্শন করা সম্ভব হবে।’
২০১৩ সালের এপ্রিলে রানা প্লাজা ধসের পর মে মাসে ইউরোপীয় ইউনিয়নের ক্রেতা ও ব্র্যান্ড এবং আন্তর্জাতিক শ্রমিক সংঘ ও পোশাকশিল্পের সঙ্গে সংশ্লিষ্টদের সমন্বয়ে গঠিত হয় অ্যাকর্ড। বর্তমানে এই জোটের সদস্য ব্র্যান্ডের সংখ্যা ২০০। অ্যাকর্ড ২০১৮ সাল পর্যন্ত বাংলাদেশের পোশাক কারখানা পরিদর্শন ও কর্মপরিবেশ উন্নয়নে কাজ করবে।
অ্যাকর্ডের আগামী তিন বছরের কর্মপরিকল্পনা তুলে ধরে রব ওয়েজ বলেন, কারখানা ফলোআপ পরিদর্শন কাজটি খুবই গুরুত্বপূর্ণ। সেটির পাশাপাশি অ্যাকর্ডের সদস্য কারখানার নিরাপত্তা ও স্বাস্থ্যবিষয়ক কমিটি করা হবে। তিনি জানান, যেসব কারখানায় ট্রেড ইউনিয়ন আছে সেখানে ইউনিয়নের নেতারাই এই কমিটির সদস্যদের নির্বাচন করবেন। আর যেখানে নেই সেখানে ভোটের মাধ্যমে সদস্য নির্বাচন করা হবে। এ ক্ষেত্রে কারখানার মালিকপক্ষ সহায়তা করবেন। আর কমিটির সদস্যদের প্রশিক্ষণ দেওয়ার হবে অ্যাকর্ড।
কনকর্ড ফ্যাশন ও জিকোন নামের দুটি পোশাক কারখানা ইতিমধ্যে সব সংস্কারকাজ শেষ করেছে। এই তথ্য দিয়ে রব ওয়েজ বলেন, ‘এটিই আমাদের চূড়ান্ত লক্ষ্য। সব কারখানাকেই এটি অর্জন করতে হবে। তবেই এই শিল্পের ভাবমূর্তির উন্নতি হবে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অ্যাকর্ডের প্রধান প্রকৌশলী (বৈদ্যুতিক নিরাপত্তা) শাহীন আজাদ, পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড স্টেকহোল্ডার এনগেজমেন্টের প্রধান যোরিস ওল্ডেনজিল, রেমিডিয়েশন অ্যান্ড কমপ্লায়েন্ট কেস হ্যান্ডলারের টিম লিডার নাজমুস সাঈদ শরণ।