ত্রৈমাসিক ভিত্তিতে ঋণের সুদ হিসাব করতে ব্যাংকগুলোকে নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ত্রৈমাসিক ভিত্তিতে ব্যাংকঋণের সুদ হিসাব করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আগে কেন্দ্রীয় ব্যাংকের জারি করা নীতিমালা উপেক্ষা করে অনেক ব্যাংক মাস ভিত্তিতে ঋণের সুদ আরোপ করার পরিপ্রেক্ষিতে নতুন এই নির্দেশ দেওয়া হয়েছে।বাংলাদেশ ব্যাংক গতকাল মঙ্গলবার বাণিজ্যিক ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীদের কাছে পাঠানো এক সার্কুলারে এ নতুন নির্দেশ দেয়।জানা যায়, ঋণের সুদ হিসাব করতে গিয়ে কিছু ব্যাংক অনিয়ম করছে, এমন অভিযোগ ও তথ্য-প্রমাণ পেয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক দেখেছে, অনেক ব্যাংক দণ্ডসুদও আরোপ করে চলেছে। কিন্তু এর আগে এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক পৃথক নীতিমালা তৈরি করে ব্যাংকগুলোকে পাঠিয়েছিল। তার পরও অধিকাংশ ক্ষেত্রে ঋণের সুদ হিসাব করতে এ নীতিমালা মানা হচ্ছে না। এতে গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত সুদ আদায়ও করা হচ্ছে। দেখা গেছে, যেসব ঋণের ক্ষেত্রে ত্রৈমাসিক ভিত্তিতে সুদ আরোপ করার নিয়ম রয়েছে, সেখানেও মাসিক ভিত্তিতে তা আরোপ হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, এর আগে ১৯৮৯ সালে সুদ হিসাবের জন্য একটি নীতিমালায় বিশদ নির্দেশনা দেওয়া হয়েছিল। সেই নির্দেশনায় স্থায়ী মেয়াদি ঋণের ওপর সুদের হিসাব ত্রৈমাসিক ভিত্তিতে ও চূড়ান্তভাবে পরিশোধের সময় নির্ণয়ের কথা বলা ছিল। এ ছাড়া ধারাবাহিক ঋণের ওপর সুদ হিসাব ত্রৈমাসিক ভিত্তিতে, নবায়ন নির্বিশেষে ঋণের মেয়াদ শেষে ও ঋণসুবিধার চূড়ান্ত অবসানের সময় ভিত্তিতে নির্ণীত হওয়ার কথা ছিল। আবার ১৯৯৩ সালের একটি সার্কুলার দিয়ে বাংলাদেশ ব্যাংক যেকোনো ঋণে দণ্ডসুদ আরোপের ওপর বিধিনিষেধ আরোপ করে। কেন্দ্রীয় ব্যাংক বলেছে, তা সত্ত্বেও লক্ষ করা যাচ্ছে, কিছু ব্যাংক ওই নীতিমালা না মেনে সুদ হিসাব করছে, যা কাম্য নয়। এর ফলে অনেক ক্ষেত্রেই গ্রাহকের ঋণ হিসাবে অতিরিক্ত সুদ আদায় করা হচ্ছে। যা সুদ নীতিমালার পরিপন্থী। সার্কুলারে নতুন করে ঋণের সুদ হিসাবে অনুসরণীয় নীতিমালা ব্যাংকগুলোকে জানানো হয়েছে। বলা হয়েছে, স্থায়ী মেয়াদি ঋণের ওপর সুদের হিসাব ত্রৈমাসিক ভিত্তিতে ও চূড়ান্তভাবে পরিশোধকালীন সময় ভিত্তিতে নির্ণয় করতে হবে। কোনো অবস্থাতেই এ ধরনের ঋণ হিসাবে মাসিক ভিত্তিতে সুদ আরোপ করা যাবে না। ধারাবাহিক ঋণের ওপর সুদের হিসাব ত্রৈমাসিক ভিত্তিতে, নবায়ন নির্বিশেষে ঋণের মেয়াদ শেষে ও ঋণসুবিধার চূড়ান্ত অবসান সময় নির্ণয় করতে হবে। স্থায়ী মেয়াদি ও ধারাবাহিক ঋণ উভয় ক্ষেত্রেই প্রতি ত্রৈমাসিকে অর্থাৎ ৩১ মার্চ, ৩০ জুন, ৩০ সেপ্টেম্বর ও ৩১ ডিসেম্বর তারিখে সুদ হিসাব করতে হবে। স্থায়ী মেয়াদি ঋণের ক্ষেত্রে ঋণ খতিয়ানে অন্তর্ভুক্ত সর্বশেষ বকেয়া স্থিতি ভিত্তি হিসাবে গণ্য করতে হবে। এ ধরনের ঋণ হিসাবে দৈনিক বকেয়া স্থিতির ভিত্তিতে সুদ হিসাব করা যাবে না। আর ধারাবাহিক ঋণের ক্ষেত্রে হিসাব বইতে দৈনিক বকেয়া স্থিতি সুদ হিসাবের ভিত্তি হবে। উভয় ঋণের ক্ষেত্রে বকেয়া স্থিতির মধ্যে সব অপরিশোধিত আসল ও সুদ এবং সেবামূলক ব্যয় অন্তর্ভুক্ত হবে। মাসিক, ত্রৈমাসিক ও অর্ধবার্ষিক কিস্তিতে পরিশোধযোগ্য ঋণের ক্ষেত্রে বার্ষিক সুদের আনুপাতিক হারে সুদহার আরোপ হবে। ইসলামি ব্যাংকিংয়ের ক্ষেত্রে ‘গাইডলাইন ফর ইসলামিক ব্যাংকিং’ অনুযায়ী বিভিন্ন বিনিয়োগ হিসাবে মুনাফা নির্ধারণ করতে হবে। শ্রেণীমান নির্বিশেষে কোনো ঋণ হিসাবে দণ্ডসুদ আরোপ করা যাবে না।