থাই উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি আসিফ ইব্রাহীমের সঙ্গে থাইল্যান্ডের বিনিয়োগ বোর্ডের উপমহাসচিব সুংসাক লিমবানিয়ানের নেতৃত্বে ৩০ সদস্যবিশিষ্ট একটি বাণিজ্য প্রতিনিধিদল গতকাল ডিসিসিআইয়ে সাক্ষাৎ করেছে।আসিফ ইব্রাহীম থাইল্যান্ডের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানান। তিনি থাইল্যান্ডের ব্যবসায়ীদের মেশিনারিজ, কেমিক্যাল, জুতা, কাগজ, তৈরি পোশাক, পেট্রোলিয়ামজাত তেল, কৃষি প্রক্রিয়াজাতকরণ, পোলট্রি, পাট ও পাটজাত পণ্য, যোগাযোগ, অবকাঠামো, চামড়াজাত পণ্য প্রভৃতি খাতে যৌথ বিনিয়োগের আহ্বান জানান।এ সময় থাই-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি মিংপ্যান্ট চায়া এবং বাংলাদেশ-থাই চেম্বার অব কমার্সের সভাপতি এম এ মোমেন, ডিসিসিআইয়ের ঊর্ধ্বতন সহসভাপতি টি আই এম নূরুল কবীর, পরিচালক হোসেন এ শিকদার, নিয়াজ রহিম, খাইরুল মজিদ মাহমুদ, সাবেক সভাপতি রাশেদ মাকসুদ খান ও হোসেন খালেদ, সহসভাপতি নাসির হোসেন, পরিচালক সৈয়দ মোশাররফ হোসেন, এম বশির উল্ল্যাহ ভূঁইয়া, ওসমান গনি, কে এম এন মনজুরুল হক, মো. নাসিরউদ্দিন খান, এম আনওয়ারুল হক, কে জি করিম, আবসার করিম চৌধুরী ও মোহাম্মদ সিরাজুল ইসলাম এবং বাংলাদেশ-থাই চেম্বারের পরিচালক (অর্থ) আবু রুশদ তারেক, ইমতিয়াজ ফারুক ও শাহজাদা হামিদ উপস্থিত ছিলেন।সুংসাক লিমবানিয়ান বলেন, বাংলাদেশ-থাই বিনিয়োগ বাড়ানোই হলো এ প্রতিনিধিদলের মূল লক্ষ্য। তিনি আরও বলেন, বাংলাদেশ থাইল্যান্ডের বিনিয়োগের জন্য উপযুক্ত স্থান।বস্ত্র, তৈরি পোশাক, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, কনস্ট্রাকশন প্রভৃতি খাতে দুই দেশের যৌথ বিনিয়োগের ওপর জোর দেন মিংপ্যান্ট চায়া।এম এ মোমেন দুই দেশের মধ্যে বাণিজ্যঘাটতি কমাতে থাইল্যান্ডের ব্যবসায়ীদের বাংলাদেশে অধিক হারে বিনিয়োগ এবং বাংলাদেশ থেকে পণ্য আমদানির আহ্বান জানান।হোসেন খালেদ বলেন, বাংলাদেশে শিল্পকারখানার কাঁচামাল তৈরির প্রচুর সম্ভাবনা রয়েছে। তিনি থাইল্যান্ডের ব্যবসায়ীদের এ খাতে বিনিয়োগের আহ্বান জানান। বিজ্ঞপ্তি।