থাই পণ্যের প্রদর্শনী শুরু হচ্ছে ২৯ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ছে। গত অর্থবছরে দেশটির সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ১০০ কোটি ডলার ছাড়িয়েছে। বাংলাদেশ চাইলে দেশটিতে পণ্য রপ্তানি বাড়াতে পারে।থাইল্যান্ড ট্রেড শো-২০১২ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করেন আয়োজকেরা। ২৯ মার্চ রাজধানীর সোনারগাঁও হোটেলে তিন দিনের এই প্রদর্শনী শুরু হবে। একই হোটেলে ২৮ মার্চ বিকেলে এই প্রদর্শনীর উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী জি এম কাদের।সংবাদ সম্মেলনে জানানো হয়, গত বছর মোট ১২৫ কোটি ডলারের বাণিজ্যে বাংলাদেশের অংশ ছিল মাত্র তিন কোটি ৬০ লাখ ডলার। দেশটির সঙ্গে তাই বাংলাদেশের বাণিজ্য ঘাটতি অনেক বেশি। এ বিষয়ে বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের চার্জ দ্য অ্যাফেয়ার্স সোয়াপোং সিরিসর্ন বলেন, বাংলাদেশের রপ্তানি মূলত ইউরোপ ও যুক্তরাষ্ট্রকেন্দ্রিক। ওই সব দেশে শুল্কমুক্ত প্রবেশাধিকারসহ বেশ কিছু সুবিধা আছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, থাইল্যান্ডের ৪৬টি পণ্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক প্রতিষ্ঠানের ১৪ ধরনের পণ্য প্রদর্শনীতে ঠাঁই পাবে। এর মধ্যে রয়েছে খাদ্য ও পানীয়, উপহার, প্রসাধন, গৃহস্থালি, রন্ধন, নির্মাণসামগ্রী, বিভিন্ন ধরনের সরঞ্জাম, চালকলের সরঞ্জাম, তৈরি পোশাক ইত্যাদি। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য এ প্রদর্শনী খোলা থাকবে। বাংলাদেশে থাই দূতাবাসের সহযোগিতায় এ প্রদর্শনীর আয়োজন করছে থাই সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের ডিপার্টমেন্ট অব ইন্টারন্যাশনাল ট্রেড প্রমোশন।