থাই প্রদর্শনী শেষ হয়েছে
ক্রেতা ও দর্শনার্থীদের মধ্যে ভালো সাড়া ফেলে ঢাকায় শেষ হলো তিন দিনব্যাপী থাই মেলা। মেলায় অংশগ্রহণকারী থাই প্রতিষ্ঠানগুলো থাইল্যান্ডের শিক্ষা, স্বাস্থ্য, ভ্রমণ, খাদ্য ও বিনোদনসংশ্লিষ্ট পণ্য ও সেবা প্রদর্শন করে।রাজধানীর বারিধারায় অবস্থিত থাই দূতাবাসে আয়োজিত থাই মেলার শেষ দিন ছিল গতকাল শনিবার। শেষ দিনে অনেক দর্শনার্থী মেলা প্রাঙ্গণে আসেন। তাঁরা বিভিন্ন স্টল ঘুরেফিরে দেখেন। অনেকেই পছন্দের পণ্যসামগ্রী কেনেন। এবারের মেলায় ৫৪টি স্টল ছিল। স্টলগুলো শপিং, শিক্ষা, স্বাস্থ্য, ভ্রমণ, ফুড অ্যান্ড রিক্রিয়েশন—এই ছয়টি ভাগে বিভক্ত ছিল। ‘ডেসটিনেশন থাইল্যান্ড ফেয়ার ইন বাংলাদেশ-২০১২’ শীর্ষক মেলাটি যৌথভাবে আয়োজন করছে থাই দূতাবাস, থাইল্যান্ডের পর্যটন কর্তৃপক্ষ, থাই এয়ারওয়েজ এবং ব্যাংকক এয়ারওয়েজ। গত বৃহস্পতিবার মেলার উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত থাই রাষ্ট্রদূত মাদুরাপচ্চানা ইত্তারং।