থাইল্যান্ডে গ্রামীণফোন ও হুয়াওয়ের চুক্তি
তৃতীয় ও চতুর্থ প্রজন্মের টেলিযোগাযোগ নেটওয়ার্ক উন্নয়নে নতুন একটি চুক্তি করেছে মুঠোফোন অপারেটর গ্রামীণফোন ও এ খাতের অবকাঠামো সেবাদাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গতকাল মঙ্গলবার এ চুক্তি সই হয়েছে।
ব্যাংককের এক হোটেলে দেশটির ন্যাশনাল ব্রডকাস্টিং টেলিকমিউনিকেশন কমিশন ও হুয়াওয়ে যৌথভাবে দুই দিনব্যাপী এশিয়া প্যাসিফিক এলটিই সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে গতকাল গ্রামীণফোনের সঙ্গে নেটওয়ার্ক উন্নয়নে কাজ করার বিষয়ে হুয়াওয়ের পক্ষ থেকে চুক্তি স্বাক্ষরের ঘোষণা দেওয়া হয়। এ সময় গ্রামীণফোন ও হুয়াওয়ের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় গ্রামীণফোন গ্রাহকদের কল নির্বিঘ্ন করতে নিরবচ্ছিন্ন নেটওয়ার্ক সুবিধা দেবে হুয়াওয়ে। ভিলা রেডিও নামের রেডিও প্রযুক্তির মাধ্যমে এ সুবিধা দেওয়া হবে। এই প্রযুক্তি ঘনবসতি এলাকায় কল ড্রপ রোধে কাজ করবে। আবাসিক এলাকা ছাড়াও উচ্চ ভবনের বাধা পেরিয়ে কল করার ক্ষেত্রেও এই প্রযুক্তি সহায়ক হবে।
হুয়াওয়ের স্মল সেল প্রোডাক্ট লাইনের প্রেসিডেন্ট পিটার ঝাও বলেন, উন্নত যোগাযোগব্যবস্থা অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের অনুঘটক হিসেবে কাজ করে। হুয়াওয়ের ভিলা রেডিও প্রযুক্তি সব সময় আবাসিক এলাকার মতো ঘনবসতিপূর্ণ এলাকার নেটওয়ার্ক সমস্যা সমাধানে কার্যকর হয়েছে।