থাইল্যান্ডে বাংলাদেশি পণ্যের রপ্তানিতে গতিময়তা আসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০ বছরের বেশি সময় ধরে থাইল্যান্ডের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য-ঘাটতি চলে আসছে। তবে সম্প্রতিক কালে দেশটিতে বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়ছে। অবশ্য পাল্লা দিয়ে বাড়ছে সে দেশ থেকে পণ্য আমদানির পরিমাণও।বাংলাদেশ ব্যাংক ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যে দেখা যায়, চলতি ২০১২-১৩ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) থাইল্যান্ডে বাংলাদেশি পণ্য রপ্তানি হয়েছে দুই কোটি ৭৫ লাখ ডলারের। একই সময় সে দেশ থেকে আমদানি হয়েছে ১৯ কোটি ৩৬ লাখ ডলারের পণ্য। বাণিজ্য-ঘাটতি দাঁড়িয়েছে ১৬ কোটি ৬০ লাখ ডলার।দ্বিপক্ষীয় বাণিজ্যের এ অবস্থায় দুই দিনের রাষ্ট্রীয় সফরে গত শুক্রবার বাংলাদেশে আসেন থাই প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা। শনিবার বিকেলে এ দেশ ছেড়ে যাওয়ার আগে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে।দুই প্রধানমন্ত্রীর বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো যৌথ বিবৃতিতে জানানো হয়, দ্বিপক্ষীয় বাণিজ্যে-ঘাটতি কমিয়ে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দুই পক্ষ একমত হয়েছে। আর তাই ২০১৬ সাল নাগাদ বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যকার বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ (বর্তমানে ১০০ কোটি ডলারের কাছাকাছি) করার বিষয়ে একমত হয়েছেন দুই দেশের নেতারা।বৈঠক শেষে এক বিফ্রিংয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেছেন, দ্বিপক্ষীয় বাণিজ্য গত দুই অর্থবছরে ৬৫ শতাংশ বেড়েছে।বাংলাদেশ ব্যাংক ও ইপিবির তথ্য অনুযায়ী, ২০১১-১২ অর্থবছরে এ দেশ থেকে থাইল্যান্ডে পাঁচ কোটি ১৪ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে। অন্যদিকে সে দেশ থেকে ৮৭ কোটি ৯৫ লাখ ডলারের পণ্য আমদানি হয়েছে। তার আগের অর্থবছরে দেশটিতে পণ্য রপ্তানি হয়েছিল তিন কোটি ৩০ লাখ ডলারের। আর আমদানি হয়েছে ১০২ কোটি ৮৩ লাখ ডলারের পণ্য।দেখা যাচ্ছে, গত অর্থবছরে থাইল্যান্ডে পণ্য রপ্তানি বাড়ে আগের বছরের চেয়ে ৫৬ শতাংশ। একই সময় দেশটি থেকে পণ্য আমদানি কমেছে আগের বছরের চেয়ে ১৭ শতাংশ।সে কারণে গত অর্থবছরে কমে আসে বাণিজ্য-ঘাটতিও। ২০১০-১১ অর্থবছরে যেখানে ঘাটতি ছিল ৯৯ কোটি ৫৩ লাখ ডলার, সেখানে গত অর্থবছরে তা কমে দাঁড়ায় ৮২ কোটি ৮০ লাখ ডলারে।বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) থেকে জানা যায়, এ দেশ থেকে থাইল্যান্ডে মূলত রাসায়নিক পণ্য, নিট পোশাক, হিমায়িত খাদ্য, তৈরি পোশাক, চামড়া ও পাটজাত পণ্য বেশি রপ্তানি হয়।বিপরীতে থাইল্যান্ড থেকে বেশি আমদানি হয় বিভিন্ন ধরনের সবজিপণ্য, বস্ত্র ও বস্ত্র খাতের পণ্য, প্লাস্টিক ও রাবার পণ্য, পানীয়, জাহাজ, বিমানসহ বিভিন্ন ধরনের যানবাহন ও এ-সংক্রান্ত সরঞ্জাম।ইপিবির তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ২০০২-০৩ অর্থবছর থেকে ২০০৫-০৬ অর্থবছর পর্যন্ত থাইল্যান্ডে বাংলাদেশি পণ্যের রপ্তানি ক্রমেই বেড়েছিল। পরের দুটি অর্থবছরে রপ্তানি উল্লেখযোগ্য হারে কমে যায়। তবে ২০০৮-০৯ অর্থবছর থেকেই রপ্তানি প্রবৃদ্ধি হচ্ছে।রপ্তানিতে ওঠানামা যা-ই হোক না কেন আমদানি প্রতিবছরই বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ২০ বছরে শুধু ১৯৯৫-৯৬, ২০০৫-০৬ ও গত অর্থবছরই থাইল্যান্ড থেকে পণ্য আমদানি আগের বছরের চেয়ে কম হয়েছে।থাই প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা এ দেশের কৃষি, নির্মাণ, অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবাসহ কয়েকটি খাতে বিনিয়োগের আগ্রহের কথা জানিয়েছেন। অন্যদিকে, এ দেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করতে থাই বিনিয়োগকারীদের আহ্বান জানায় বাংলাদেশ।