থাইল্যান্ডে বিমসটেক বিজনেস ফোরামের বৈঠক শুরু আজ
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আজ বুধবার বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনোমিক কো-অপারেশনের (বিমসটেক) ষষ্ঠ বিজনেস ফোরামের বৈঠক শুরু হচ্ছে। এতে যোগ দিতে বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান গতকাল মঙ্গলবার ঢাকা ছেড়েছেন। বৈঠকে ‘বিমসটেক ইকোনোমিক কো-অপারেশন এগেইনস্ট দ্য ব্যাকড্রপ অব গ্লোবাল ফিন্যান্সিয়াল ক্রাইসিস’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ফারুক খান। বাণিজ্য মন্ত্রণালয়ের এক তথ্যবিবরণীতে এ খবর পরিবেশন করা হয়েছে। থাইল্যান্ডের ডেপুটি মিনিস্টার অব কমার্স এবং ভারতের রোড ট্রান্সপোর্ট ও হাইওয়েবিষয়ক প্রতিমন্ত্রী রণজিৎ পি এন সিং বৈঠকে বক্তব্য দেবেন। জানা গেছে, বৈঠকে অংশগ্রহণকারী সাতটি দেশ একটি করে কান্ট্রি পেপার এবং বাণিজ্য-বিনিয়োগের সুযোগ ও সম্ভাবনা বিষয়ে আলাদা প্রবন্ধ উপস্থাপন করবে।বাংলাদেশ ছাড়া বৈঠকে যোগদানকারী অন্য দেশগুলো হচ্ছে: ভারত, মিয়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ভুটান ও নেপাল। এতে বিমসেটকের আওতাধীন দেশগুলোর বাণিজ্যিক কর্মকাণ্ড পর্যালোচনা করা হবে।