থাইল্যান্ডে শুল্কমুক্ত সুবিধা চাইবে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যেকার চতুর্থ জয়েন্ট ট্রেড কমিটির (জেটিসি) সভা ৯ ও ১০ আগস্ট ঢাকায় অনুষ্ঠিত হবে। চার বছর পর অনুষ্ঠেয় এ সভায় উভয় দেশের বাণিজ্য সম্পর্ক আরও মজবুত করার উপায় পর্যালোচনা করা হবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে। এতে বলা হয়, সভায় থাইল্যান্ডের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করার চেষ্টা করা হবে। পাশাপাশি বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে বাংলাদেশের বিশেষ কয়েকটি পণ্য রপ্তানিতে থাইল্যান্ডের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার চাওয়া হবে।

থাইল্যান্ডের ব্যবসায়ী প্রতিনিধির সমন্বয়ে গঠিত একটি দল এ সভায় যোগদানের জন্য ঢাকায় আসবে। সভাটি অনুষ্ঠিত হবে সোনারগাঁও হোটেলে। এর আগে জেটিসির তৃতীয় সভা ২০১৩ সালে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হয়েছিল।

এবারের সভায় বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সভায় বাংলাদেশে থাইল্যান্ডের অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার প্রস্তাব নিয়ে আলোচনা হবে বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।