থাইল্যান্ডের শেয়ারবাজারে দরপতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামরিক আইন জারির পর থাইল্যান্ডের মুদ্রাবাজার ও শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব পড়েছে। এর জের ধরে আজ মঙ্গলবার দেশটির শেয়ারবাজার পতন ও মুদ্রার মান কমেছে। এ দিন সূচকের পতন হয়েছে। পাশাপাশি ডলারের বিপরীতে বাথেরও দরপতন লক্ষ করা গেছে।

আজ স্থানীয় সময় ভোরে সেনাবাহিনীর পক্ষ থেকে আকস্মিকভাবে থাইল্যান্ডে সামরিক আইন জারি করা হয়।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, দেশটিতে প্রায় ছয় মাস ধরে চলা রাজনৈতিক সংকটের প্রেক্ষাপটে সামরিক আইন জারি করল সেনাবাহিনী।

সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়, এটা কোনো অভ্যুত্থান নয়। শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্যই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিবিসি অনলাইনের খবরে বলা হয়, সামরিক আইন জারি করার পর আজ থাইল্যান্ড স্টক এক্সচেঞ্জের এসইটি সূচক ১ শতাংশ কমে গেছে। গত এক বছরে এই সূচক কমে প্রায় ১২ শতাংশ। অন্যদিকে আজ ডলারের বিপরীতে বাথের দাম দশমিক ৬ শতাংশ কমে ৩২ দশমিক ৫২-এ দাঁড়িয়েছে।

নমুরা গ্রুপের গ্লোবাল ফরইন এক্সচেঞ্জে কর্মরত ভিপুল আগারওয়াল বলেন, পরিস্থিতি পরিষ্কার না হওয়া পর্যন্ত থাই মুদ্রার নিম্নমুখী এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। তিনি বলেন, ‘পরিস্থিতি কোন পর্যায়ে দাঁড়ায়, পরবর্তী কয়েক সপ্তাহে তা বলা যাচ্ছে না। যদিও সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হচ্ছে, এটা কোনো অভ্যুত্থান নয়, শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এই পদক্ষেপ।’

তবে দেশটির বিদ্যমান পরিস্থিতি নিয়ে বিদেশি বিনিয়োগকারীরা খানিকটা চিন্তিত হয়ে পড়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে।

এ দিকে আজ দিন শেষে এসইটি সূচক ১ দশমিক ১৩ শতাংশ বা ১৫ দশমিক ৯৪ পয়েন্ট কমে ১,৩৯৪ দশমিক ৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে।