থাইল্যান্ডের কাছে ৩৬ পণ্যে শুল্কমুক্ত সুবিধা চেয়েছে বাংলাদেশ
মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) জন্য সম্ভাব্যতা যাচাইয়ে রাজি হয়েছে বাংলাদেশ ও থাইল্যান্ডের সরকার। তবে এফটিএ না হওয়া পর্যন্ত থাইল্যান্ডের বাজারে পাটপণ্য, পোশাক, জুতাসহ ৩৬ পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা চেয়েছে বাংলাদেশ। এই প্রস্তাবটি বিবেচনা করার আশ্বাস দিয়েছে থাইল্যান্ড।
রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যকার চতুর্থ জয়েন্ট ট্রেড মিটিং (জেটিসি) শেষে গতকাল বৃহস্পতিবার যৌথ বিফ্রিংয়ে এসব কথা জানান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও থাইল্যান্ডের বাণিজ্যমন্ত্রী আপিরাদি তানট্রাপর্ন।
এর আগে সরকারি পর্যায়ে থাইল্যান্ড থেকে বছরে সর্বোচ্চ ১০ লাখ মেট্রিক টন চাল আমদানি করতে সমঝোতা চুক্তি (এমওইউ) করে বাংলাদেশ। এ চুক্তি অনুযায়ী ২০২১ সাল পর্যন্ত বাংলাদেশ থাইল্যান্ড থেকে চাল আমদানি করতে পারবে। নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও থাইল্যান্ডের বাণিজ্যমন্ত্রী।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘আমরা রপ্তানি বাণিজ্য বৃদ্ধি করার জন্য আলোচনা করেছি। যত দিন এফটিএ না হয় তত দিন আমরা ৩৬টি পণ্যে অগ্রাধিকারমূলক শুল্কমুক্ত সুবিধা চেয়েছি। তারা বিবেচনা করার আশ্বাস দিয়েছে।’
বাংলাদেশ ব্যাংক ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশ ও থাইল্যান্ডের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল ৭০ কোটি মার্কিন ডলার। এর মধ্যে থাইল্যান্ড থেকে ৬৬ কোটি ৯১ ডলারের পণ্য আমদানি করে বাংলাদেশ। তার বিপরীতে রপ্তানি করে মাত্র সাড়ে ৩ কোটি ডলারের পণ্য। গত অর্থবছর বাংলাদেশ ৪ কোটি ৮৫ লাখ ডলারের পণ্য রপ্তানি করে।
আপিরাদি তানট্রাপর্ন বলেন, ‘আমাদের লক্ষ্য ২০২১ সালের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ২০০ কোটি ডলারে নিয়ে যাওয়া। কেবল বাণিজ্য নয়, বাংলাদেশে আমাদের দেশের ব্যবসায়ীরা বিনিয়োগ করতে চান।’ বাংলাদেশের কৃষি, মৎস্য, খাদ্য প্রক্রিয়াকরণ ও হস্তশিল্পে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন তিনি।
এদিকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘কৃষিতে থাইল্যান্ড বেশ এগিয়ে আছে। সে জন্য আমরা তাদের কাছে কৃষি ও মৎস্য খাতের জন্য প্রযুক্তি সহায়তা চেয়েছি। এ ছাড়া আমাদের ১০০ অর্থনৈতিক অঞ্চলের একটিতে থাইল্যান্ডের ব্যবসায়ীদের বিনিয়োগের জন্য আহ্বান জানিয়েছি।’ তিনি জানান, থাইল্যান্ডের ১০০-এর বেশি প্রতিষ্ঠানের বাংলাদেশে ১৫০ কোটি ডলারের বিনিয়োগ আছে।
বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যকার পঞ্চম জয়েন্ট ট্রেড মিটিংয় (জেটিসি) আগামী বছর থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে।