থাইল্যান্ডের বিনিয়োগ আহ্বান
থাইল্যান্ডের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগে আকৃষ্ট করার জন্য উদ্যোগ নিতে দেশটির নবনিযুক্ত রাষ্ট্রদূত সাদিয়া মুনা তাসনিমকে আহ্বান জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।
রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার মিলনায়তনে এক মতবিনিয় সভায় গতকাল মঙ্গলবার এ আহ্বান জানানো হয়। সভার আয়োজন করেছে ডিসিসিআই এবং বাংলাদেশ-থাই চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
সভায় ডিসিসিআইয়ের সভাপতি মোহাম্মদ শাহজাহান খান বলেন, বাংলাদেশে উৎপাদিত হিমায়িত খাদ্য, পাট ও পাটজাত পণ্য, ইলেকট্রনিকস পণ্যের থ্যাইল্যান্ডে প্রচুর চাহিদা রয়েছে। তিনি বলেন, সরকার বিনিয়োগবান্ধব নীতিমালা গ্রহণ করেছে। এর আওতায় থাইল্যান্ডের ব্যবসায়ীরা এ দেশে বিনিয়োগ করতে পারেন।
রাষ্ট্রদূত সাদিয়া মুনা তাসনিম বলেন, থাইল্যান্ডের ব্যবসায়ীদের বাংলাদেশের সমুদ্র এলাকায় ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ এবং বাংলাদেশ থেকে জেলেদের নিয়োগে আহ্বান জানাবেন।
বাংলাদেশ-থাই চেম্বারের সভাপতি সাজ্জাদ-এ জুম্মা, ডিসিসিআইয়ের সহসভাপতি খন্দকার শহীদুল ইসলাম, পরিচালক হুমায়ুন রশীদ প্রমুখ বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।