থাকছে রাজস্ব খাতে বড় পরিবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আড়াই লাখ কোটি টাকার বিশাল বাজেট। এত বড় একটি বাজেট বাস্তবায়ন করতে হলে প্রয়োজন বেশি বেশি আয়। রাষ্ট্রীয় বাজেটের নিয়মই এটি—আগে ব্যয়ের পরিকল্পনা, তারপর আয়ের জায়গাগুলো খঁুজে বের করা।

আড়াই লাখ কোটি টাকার মধ্যে প্রায় পৌনে দুই লাখ কোটি টাকাই ব্যয় হবে বেতন-ভাতাসহ নানা ধরনের চলতি খরচে। এগুলো অনুন্নয়ন ব্যয়। বাকি প্রায় ৮০ হাজার কোটি টাকা উন্নয়ন বাজেট। আর এই বিশাল বাজেটের অর্থ আসবে রাজস্ব আয় থেকে।

রাজস্ব আদায়ের নতুন নতুন পরিকল্পনা থাকছে নতুন বাজেটে। আভাস হচ্ছে, নতুন বাজেটে রাজস্ব নিয়েই কথা থাকবে বেশি, থাকবে নতুন কিছু প্রস্তাব। প্রথমবারের মতো আয়কর হবে রাজস্ব আদায় পরিকল্পনার বড় খাত। বলা যায়, এবারের বাজেটে গতানুগতিকতার বাইরে থাকছে রাজস্ব কার্যক্রম অংশটুকুই।

একসময় আমদানি শুল্ক ছিল রাজস্ব আয়ের বড় খাত। এরপর সেই স্থান দখল করে নেয় মূল্য সংযোজন কর বা মূসক। কিন্তু মূসকের দায় শেষ পর্যন্ত বেশি বর্তায় ভোক্তাদের কাঁধেই। নতুন বাজেটে আবার একটা দিকবদল ঘটছে। আয়কর থেকেই সবচেয়ে বেশি রাজস্ব আদায়ের পরিকল্পনা থাকবে নতুন বাজেটে।

আগামী ২০১৪-১৫ অর্থবছরের এই বাজেট ঘোষণা হচ্ছে আজ বৃহস্পতিবার। টানা হিসেবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের ষষ্ঠ বাজেট এটি। আর দ্বিতীয় মেয়াদের হিসেবে প্রথম বাজেট। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাতীয় সংসদে এ বাজেট উপস্থাপন করবেন। এরশাদের আমলে দুই বারসহ এবারেরটি হবে এই অর্থমন্ত্রীর অষ্টম বাজেট উপস্থাপন।নতুন বাজেটের সবচেয়ে বড় সিদ্ধান্ত হবে এক হাজার ১৬২টি পণ্যে সম্পূরক শুল্ক প্রত্যাহার। আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো, বাড়িওয়ালাদের ওপর ভাড়ার টাকা ব্যাংক চেকের মাধ্যমে নেওয়া বাধ্যতামূলক করা। তবে সেই বাড়িভাড়া মাসে ন্যূনতম ২৫ হাজার টাকা হতে হবে। এ ছাড়া বাড়িওয়ালাদের করজালে আনতে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) বাধ্যতামূলক করার প্রস্তাবও করা হতে পারে। পাশাপাশি করপোরেট কর স্তরে পরিবর্তনসহ মধ্যবিত্তদের খানিকটা স্বস্তি দিতে ব্যক্তি খাতে করমুক্ত আয়ের সীমা বাড়ানো হতে পারে। আর কালোটাকা সাদা করার সুযোগ তো আয়কর আইনে স্থায়ী করেই দেওয়া হয়েছে। সম্পদ করেও পরিবর্তন আসছে৷

বাজেটের আকার: আগামী বাজেটের আকার ধরা হচ্ছে দুই লাখ ৫০ হাজার ৫০৬ কোটি টাকা। চলতি অর্থবছরের মূল বাজেট দুই লাখ ২২ হাজার ৪৯১ কোটি টাকা থেকে তা ২৮ হাজার ১৫ কোটি টাকা বেশি। মূল বাজেট কমিয়ে পরে অবশ্য দুই লাখ ১৬ হাজার ২২২ কোটি টাকা করা হয়। সে হিসেবে চলতিবারের বাজেট থেকে ৩৪ হাজার ২৮৪ কোটি টাকা বেশি রাখা হচ্ছে আগামী বাজেটে। নতুন অর্থবছরের জিডিপির প্রবৃদ্ধির হার ধরা হচ্ছে ৭ দশমিক ৩ শতাংশ।

বাজেটে প্রতিবারই রাজস্ব বা অনুন্নয়নমূলক এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বা উন্নয়নমূলক অংশ আলাদা করে দেখানো হয়। আগামীবারের জন্য অনুন্নয়নমূলক ব্যয় ধরা হচ্ছে এক লাখ ৫৪ হাজার ২৪১ কোটি টাকা। আর এডিপি ধরা হচ্ছে ৮৬ হাজার ৩৪৫ কোটি টাকা।

নতুন অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) লক্ষ্যমাত্রা এক লাখ ৪৯ হাজার ৭২০ কোটি টাকা দেওয়া হচ্ছে। এর মধ্যে আয়করের অংশ ৫৭ হাজার ৫০০ কোটি টাকা। দ্বিতীয় অবস্থানে থাকছে মূসক। এর লক্ষ্যমাত্রা ৫৬ হাজার ৫০০ কোটি টাকা। ৩৫ হাজার ৭২০ কোটি টাকা আদায়ের চিন্তা রয়েছে আমদানি শুল্ক থেকে।

 কালোটাকা সাদার সুযোগ: আগামী অর্থবছরেও বিনা প্রশ্নে কালোটাকা সাদা করার সুযোগ থাকছে। চলতি অর্থবছরে ফ্ল্যাট কেনায় এলাকাভেদে নির্ধারিত পরিমাণ কর দিয়ে কালোটাকা সাদা করার সুযোগ রয়েছে। আগামী অর্থবছরেও তা অব্যাহত থাকছে। চলতি অর্থবছরের মার্চ মাস পর্যন্ত দুই হাজার ৫৫৪ জন কালোটাকায় ফ্ল্যাট কিনেছেন। এতে এনবিআরের প্রাপ্তি ২৬ কোটি টাকা।

২০১২-১৩ অর্থবছরের বাজেটে আয়কর অধ্যাদেশে ১৯ই নামে একটি ধারা সংযোজন করে অপ্রদর্শিত আয় ঘোষণা দেওয়ার স্থায়ী সুযোগটিও বহাল থাকছে আগামীবারের জন্য। এই ধারা অনুযায়ী, প্রদেয় করের কেবল ১০ শতাংশ অতিরিক্ত জরিমানা দিতে হয়। চলতি অর্থবছরের মার্চ পর্যন্ত মাত্র ২০৫ জন করদাতা ২৩৫ কোটি টাকা এভাবেই সাদা করেছেন। এতে এনবিআর ১৭ কোটি ৮৯ লাখ টাকা কর পেয়েছে।

 সম্পূরক শুল্ক প্রত্যাহার: আগামী বাজেটে এক হাজার ১৬২টি পণ্যে সম্পূরক শুল্ক প্রত্যাহার হতে পারে। যেসব মধ্যবর্তী পণ্য শিল্পে ব্যবহৃত হয়, সেই ধরনের পণ্যের সম্পূরক শুল্ক প্রত্যাহার করা হবে। এতে স্থানীয় পর্যায়ে সেই উৎপাদিত পণ্যের দাম কমতে পারে। এ শুল্ক থাকতে পারে মাত্র ১৭০টি পণ্যের ওপর। এ ছাড়া আমদানি করা অতিপ্রয়োজনীয় প্রস্তুত পণ্যেও সম্পূরক শুল্ক প্রত্যাহার করা হতে পারে।

যাত্রীর ব্যাগেজ বিধিমালায় কিছু পরিবর্তন এনে স্বর্ণের ওপর শুল্ক বাড়ানো হতে পারে। প্রতি ১১ দশমিক ৬৬ গ্রাম (এক ভরি) ওজনের স্বর্ণপিণ্ডের ওপর আরোপ হতে পারে তিন হাজার ৩০০ টাকা শুল্ক। বর্তমানে এই শুল্কের পরিমাণ মাত্র ১৫০ টাকা থাকলেও ২০০ গ্রাম পর্যন্ত স্বর্ণালংকার আনলে কোনো শুল্ক দিতে হয় না।

 করহারে সম্ভাব্য পরিবর্তন: ব্যক্তিশ্রে​িণর ন্যূনতম করমুক্তসীমা অপরিবর্তিত থাকছে। মুক্তিযোদ্ধা, জ্যেষ্ঠ নাগরিক ও নারীদের ন্যূনতম করমুক্ত সীমা বাড়ানো হচ্ছে।

তবে করহারে পরিবর্তন আসছে ব্যাপক। থাকছে আয়করে ৩০ শতাংশের আরেকটি স্তর তৈরি করার প্রস্তাব। অর্থাৎ বার্ষিক আয় ৪৪ লাখ ২০ হাজার টাকার বেশি হলে সেই টাকার ওপর এই হারে কর দিতে হবে।

আয়করের স্তরগুলো এ রকম হতে পারে: দুই লাখ ২০ হাজার টাকার পর প্রথম পাঁচ লাখ টাকার জন্য ২০ শতাংশ, পরবর্তী সাত লাখ টাকার জন্য ১৫ শতাংশ, পরবর্তী পাঁচ লাখ টাকার জন্য ২০ শতাংশ, পরবর্তী ২৫ লাখ টাকার জন্য ২৫ শতাংশ কর। এ ছাড়া বাকি আয়ের ওপর ৩০ শতাংশ হারে কর দেওয়ার প্রস্তাব থাকছে।

মুঠোফোনের সিমকার্ড হারিয়ে বা নষ্ট হয়ে গেলে নতুন করে কর দিতে হবে। তাই সিম পুনর্নিবন্ধন কর ১০০ টাকা হতে পারে। পাঁচ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে বিনিয়োগ করলে সুদ হিসেবে পাওয়া আয় করমুক্ত রাখার ঘোষণা করা হতে পারে। এই সুদের টাকা উত্তোলনের সময় টিআইএন থাকলে ১০ শতাংশ উৎসে কর ও টিআইএন না থাকলে ১৫ শতাংশ উৎসে কর অব্যাহত থাকবে।

পরিবেশবান্ধব না হলে কারখানা মালিকদের ওপর বাড়তি কর বসতে পারে। ট্রিটমেন্ট প্ল্যান্ট (ইটিপি) না থাকলে ওই কারখানার প্রদত্ত আয়করের ওপর ১০ শতাংশ হারে সারচার্জ আরোপ করা হতে পারে।

ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে শিল্পকারখানা থাকলে করের ওপর বাড়তি ২০ শতাংশ সারচার্জ বসতে পারে। এসব জেলার বাইরে নতুন শিল্পকারখানা করলে কিংবা সরিয়ে নিলে করের ওপর ১০ শতাংশ রেয়াত দেওয়া হতে পারে।

এ ছাড়া বেশি সম্পদ থাকলে বেশি সারচার্জ—এমন চিন্তা থেকে স্তর পুনর্বিন্যাস করা হচ্ছে। এনবিআরের প্রস্তাবিত স্তরগুলো হলো: দুই কোটি টাকার বেশি সম্পদ থাকলে ওই ব্যক্তি বা করদাতার দেওয়া আয়করের ১০ শতাংশ দিতে হবে। ১০ কোটি টাকার বেশি সম্পদ থাকলে এই হার ১৫ শতাংশ। আর ১৫ কোটি টাকার বেশি সম্পদ থাকলে আয়করের ২৫ শতাংশ সারচার্জ দিতে হবে। বর্তমানে সারচার্জ আরোপের ক্ষেত্রে শেষ স্তরটি নেই।

খাত অপরিবর্তিত রেখে কর অবকাশ-সুবিধা ২০১৯ সালের জুন মাস পর্যন্ত বাড়ানো হচ্ছে। বর্তমানে ৩৬ খাতে বিনিয়োগ করলে কর অবকাশ-সুবিধা পাওয়া যায়। ক্ষুদ্রঋণ বিতরণকারী প্রতিষ্ঠানের ওপর আয় বা মুনাফার ওপর ১০ শতাংশ হারে করারোপের কথা থাকলেও সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে এনবিআর। এসব প্রতিষ্ঠানের শুধু বাণিজ্যিক আয়ের ওপরই ১০ শতাংশ হারে কর আরোপ হচ্ছে। কেননা ক্ষুদ্রঋণ বিতরণকারী প্রতিষ্ঠানগুলো তাদের আয়ের পুরোটাই পুনরায় ঋণ হিসেবে বিতরণ করে থাকে। তাই বাড়িভাড়া কিংবা অন্য কোনো সম্পদের ওপর আয়কেই করের আওতায় আনা হচ্ছে।

শেয়ারবাজারে তালিকাভুক্ত নয় এমন কোম্পানির ক্ষেত্রে আয়ের ওপর করহার আড়াই শতাংশ কমিয়ে ৩৫ শতাংশ করা হচ্ছে। এ ছাড়া শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রেও আড়াই শতাংশ কমিয়ে করহার ২৫ শতাংশ করার ঘোষণা থাকতে পারে।