থাকতে হবে হস্তক্ষেপমুক্ত, দিতে হবে নিরাপত্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

নির্মাণাধীন অর্থনৈতিক অঞ্চলে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে প্রণোদনা ও কর অবকাশের ব্যবস্থা করা দরকার বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
গতকাল রোববার সকালে হোটেল রেডিসন ব্লু চিটাগং বে ভিউতে ‘অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ আকৃষ্টকরণ’ বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সেমিনারে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বিনিয়োগ আকৃষ্ট করতে অঞ্চলের নিরাপত্তা এবং যেকোনো ধরনের হস্তক্ষেপমুক্ত রাখার ওপর জোর দিয়েছেন।
পবন চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. রুহুল আমীন ও চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাহবুবুল আলম। এতে আরও বক্তব্য দেন চট্টগ্রামের জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন ও বেজার নির্বাহী পরিচালক এমদাদুল হক।
মোশাররফ হোসেন বলেন, ‘আমি সরকারের মন্ত্রী। পাশাপাশি একজন ব্যবসায়ীও। তবু বলছি, ইনসেনটিভ (প্রণোদনা) দিতে হবে। না দিলে ব্যবসায়ীরা এখানে বিনিয়োগ করতে রাজি হবেন না। আগে কারখানার জন্য ট্যাক্স হলিডে (কর অবকাশ) সুবিধা থাকত। এখন নেই।’
মন্ত্রী বলেন, ‘মালয়েশিয়া বা অন্যান্য উন্নত রাষ্ট্রের মতো বিনিয়োগে আকৃষ্ট করতে জমির দাম কমানো হয়েছে। মালয়েশিয়ার একসময়ের প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ দেশকে এগিয়ে নিতে বিনিয়োগকারীদের এক রিংগিতে এক একর জায়গা দিয়েছিলেন। আমাদের বেজার চেয়ারম্যানও শেষ সভায় প্রধানমন্ত্রীকে এ বিষয়ে বললে তিনি ইকোনমিক জোন স্থাপন হওয়া এলাকাগুলোতে বিনিয়োগকারীদের জন্য জমির দাম ২৫ শতাংশ কমিয়ে দিয়েছেন।’
মোশাররফ হোসেন আরও বলেন, ‘বাংলাদেশ আমেরিকা, জার্মানি হয়ে যায়নি যে কর অবকাশ-সুবিধা বন্ধ করতে হবে। তাই এগুলো না দিলে বিনিয়োগ আকৃষ্ট হবে না। আমি এ বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে যাব।’
মন্ত্রীর বক্তব্যের আগে বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেন, মিরসরাই শুধু দেশের নয়, এই উপমহাদেশের মধ্যে বড় অর্থনৈতিক অঞ্চল। ৩০ হাজার একর জমির ওপর এই অঞ্চল হচ্ছে। এ ধরনের বড় অঞ্চলে যেকোনো ধরনের হস্তক্ষেপ যেন না হয়, সেটি নিশ্চিত করতে হবে। নিরাপত্তাও নিশ্চিত করতে হবে।

এর জবাবে মন্ত্রী মোশাররফ হোসেন বলেন, ‘আমার এলাকায় কোনো ডিস্টার্ব (ক্ষতি বা বিরক্ত) করা হবে না। কোনো লোক যদি কোনো হস্তক্ষেপ করে, আমি দায়ী থাকব। আমি দায়িত্ব নিলাম।’

মন্ত্রী আরও বলেন, ‘ডিস্টার্ব হয় কখন? যখন আপনি নিম্নমানের ঠিকাদার দিয়ে কাজ করাবেন তখন। তারা কম দরে কাজ করে। কারণ ওই সব ঠিকাদারের নিজের পুঁজি থাকে না। তখন কাজ করতে পারে না বলে বিপাকে পড়ে যায়। তখন এলাকার দোষ হয়ে যায়।’

পবন চৌধুরী আরও বলেন, ‘আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চল হচ্ছে। এখানে ১ লাখ লোকের কর্মসংস্থান হবে। আমাদের দেশে বিদেশি বিনিয়োগের চিত্র ভালো নয়। মাত্র দুই বিলিয়ন ডলার বিনিয়োগ হয়। কিন্তু পাশের দেশ মিয়ানমারে ৯ বিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগ হয়।’

চট্টগ্রাম বন্দরকে অর্থনীতির মূল চালিকাশক্তি হিসেবে উল্লেখ করে পবন চৌধুরী বলেন, ‘এ জন্যই চট্টগ্রামের মিরসরাইতে সবচেয়ে বড় অঞ্চলটি হচ্ছে। কোনো পছন্দের ব্যক্তিকে জমি দেওয়া হবে না। আমরা সঠিক বিনিয়োগকারীর কাছে জমি বরাদ্দ দেব। খুব শিগগির জমি বরাদ্দের বিজ্ঞপ্তি দেব।’

পরিবেশ ছাড়পত্র এবং নানা সরকারি দপ্তরের ঝামেলা এড়াতে ওয়ানস্টপ সার্ভিস আইন করার ওপর পবন চৌধুরী গুরুত্বারোপ করেন। কক্সবাজারের টেকনাফে নাফ ট্যুরিজমসহ বিভিন্ন পরিকল্পনার কথাও তিনি তুলে ধরেন।

বিভাগীয় কমিশনার রুহুল আমীন বলেন, অর্থনৈতিক অঞ্চল গড়তে সব ধরনের প্রশাসনিক সাহায্য-সহযোগিতা অব্যাহত থাকবে।