থামছে না দরপতন কারণ নিয়ে বিভ্রান্তি
বছরের হিসাবে শেয়ারবাজার ধসের পর অতিবাহিত হয়ে গেল দুই বছরের বেশি সময়। ২০১০ পেরিয়ে এখন ২০১৩ সাল। তবু থামছে না শেয়ারবাজারের পতন। এর মধ্যে বাজারে নতুন অনেক কোম্পানি যুক্ত হলেও মূল্যসূচক নেমে এসেছে চার হাজার পয়েন্টের নিচে। আর প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন নেমে এসেছে ২০০ কোটি টাকার নিচে। বাজারসংশ্লিষ্ট ব্যক্তি, বিনিয়োগকারী ও বিশেষজ্ঞরাও কেউই বাজারের বর্তমান অবস্থার যৌক্তিক কোনো কারণ খুঁজে পাচ্ছেন না। তাঁদের মতে, এত দিন পরও বাজারে স্থিতিশীলতা ফিরে না আসা দুর্ভাগ্যজনক। জানতে চাইলে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান ও পুঁজিবাজার বিশেষজ্ঞ ফারুক আহমেদ সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ‘শেয়ারবাজারের বর্তমান পতনশীল অবস্থার পেছনে অর্থনৈতিক কোনো কারণ নেই। তা সত্ত্বেও শেয়ারবাজার প্রতিদিন যেভাবে পড়ছে, সেটি একেবারেই অপ্রত্যাশিত। আমার মনে হয়, মনস্তাত্ত্বিক কারণেই এখন শেয়ারবাজারে দরপতন ঘটছে। এর মধ্য দিয়ে বাজারের ওপর বিনিয়োগকারীদের আস্থাহীনতার বিষয়টি পরিষ্কার হয়ে উঠেছে।’ চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল রোববারও বাজারে বড় ধরনের দরপতন ঘটেছে। ডিএসইর সাধারণ সূচক এদিন ২ শতাংশ বা ৭৮ পয়েন্ট কমে গেছে। আর নতুন সূচক ডিএসইএক্স কমেছে ২ দশমিক ১২ শতাংশ বা ৮২ পয়েন্ট। টানা পতনের কারণে ডিএসইর সাধারণ সূচক এখন কমে দাঁড়িয়েছে তিন হাজার ৮৬০ পয়েন্টে আর ডিএসইএক্স নেমে এসেছে প্রায় তিন হাজার ৭৭৫ পয়েন্টে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক রোববার প্রায় ২ শতাংশ বা ২৪৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১১ হাজার ৭৬৬ পয়েন্টে। এদিন লেনদেন হওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে ঢাকার বাজারে প্রায় ৮৬ শতাংশ এবং চট্টগ্রামের বাজারে প্রায় ৯১ শতাংশেরই দাম কমেছে। এদিকে বাজারের বর্তমান পরিস্থিতির জন্য তিনটি বিষয়কে প্রধান কারণ বলে মনে করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও বিএসইসির সাবেক চেয়ারম্যান মির্জ্জা আজিজুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, ‘বাজারে স্থিতিশীলতা না ফেরার প্রথম কারণ হলো, অতীতে বিভিন্ন সময়ে বিভিন্ন মহল থেকে দেওয়া আশ্বাসগুলোর কোনো বাস্তবায়ন হয়নি। দ্বিতীয় কারণ, পুঁজিবাজার তদন্ত প্রতিবেদনে উল্লিখিত অধিকতর তদন্তের বিষয়েও কোনো অগ্রগতি হয়নি। সর্বশেষ কারণ, দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি।’মির্জ্জা আজিজুল আরও বলেন, ‘আমাদের বাজার এখনো ক্ষুদ্র বিনিয়োগকারীনির্ভর। তাঁদের মধ্যে এখন চরম আস্থাহীনতা বিরাজ করছে। এই আস্থাহীনতা দূর করতে হলে প্রতিষ্ঠানগুলোকেই এখন বিনিয়োগে এগিয়ে আসতে হবে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগ না বাড়লে সহসা বাজারে স্থিতিশীলতা ফিরবে বলে মনে হয় না।’