থোক বরাদ্দ ২,৬৯৪ কোটি টাকা
আগামী ২০১৪-১৫ অর্থবছরের জন্য দুই হাজার ৬৯৪ কোটি টাকা থোক বরাদ্দ রাখার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ প্রস্তাব করা হয়েছে উন্নয়ন ও অনুন্নয়ন বাজেট মিলিয়ে। অনুন্নয়ন বাজেটে থোক বরাদ্দের কথা বলা হয়েছে এক হাজার ৮৮৫ কোটি টাকা। আর উন্নয়ন বাজেটে ৮০৯ কোটি টাকা।
চলতি অর্থবছরের জন্য মোট থোক বরাদ্দ রাখা হয়েছিল তিন হাজার ৪৬৬ কোটি টাকা, যার মধ্যে অনুন্নয়ন বাজেটের অংশ ছিল এক হাজার ৮৮৭ কোটি টাকা। উন্নয়ন-অনুন্নয়ন অংশ মিলিয়েই সংশোধন করে পরে তা ৭০১ কোটি টাকা করা হয়।
সংস্কৃতি খাতে গতি আনতে প্রস্তাবিত বাজেটে ১০০ কোটি টাকা থোক বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। শ্রমিকদের দক্ষতা উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে৷
হাওর এলাকার উন্নয়নে নিয়মিত প্রকল্পের বাইরেও রাখা হচ্ছে ৫০ কোটি টাকা। চরাঞ্চলের যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও উৎপাদিত পণ্যের বাজারজাতকরণের সুবিধার জন্য ৫০ কোটি টাকা থোক বরাদ্দ রাখার কথা বলা হয়েছে।
নারী উন্নয়নের জন্য ১০০ কোটি টাকার থোক বরাদ্দ অব্যাহত রাখতে চান অর্থমন্ত্রী। চলতি অর্থবছরের জন্যও তাই ছিল।
গরিব, বঞ্চিত, অবহেলিত ও পরিত্যক্ত গোষ্ঠীর উন্নয়নে বিভাগীয় ও জেলা শহরে তাদের আবাসনের ব্যবস্থা করার কথা বলেছেন অর্থমন্ত্রী। এ জন্য তিনি ৫০ কোটি টাকা থোক বরাদ্দের প্রস্তাব করেন।
শিশুদের উন্নয়ন প্রকল্পের জন্য ৫০ কোটি এবং বনভূমি ও জীববৈচিত্র্য সংরক্ষণে ৫০ কোটি করে মোট ১০০ কোটি টাকা থোক বরাদ্দের প্রস্তাব করেন অর্থমন্ত্রী।
ব্যয়বহুল স্টেডিয়াম নির্মাণ বাদ দিয়ে উপজেলা পর্যায়ে খেলার মাঠ উন্নয়নের জন্য ৫০ কোটি টাকার থোক বরাদ্দের কথা বলেন অর্থমন্ত্রী।
এ ছাড়া প্রতিবন্ধীদের কল্যাণে নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধীদের জন্য গঠিত ট্রাস্টে ২০ কোটি ও শারীরিক প্রতিবন্ধীদের জন্য পাঁচ কোটি টাকা এবং প্লাস্টিক ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তির বিকাশে একটি ইনস্টিটিউট প্রতিষ্ঠায় অনুদান হিসেবে ১০ কোটি টাকা থোক বরাদ্দের প্রস্তাব করা হয়।
নির্দিষ্ট খাতে টাকার পরিমাণ ঘোষণা করা থাকলেও থোক বরাদ্দের বড় অংশ এমন সব খাতে ব্যয় হয়, যা সাধারণ মানুষ জানতে পারেন না।