মুঠোফোন অপারেটর কোম্পানিগুলোর জন্য তৃতীয় প্রজন্মের (থ্রি-জি) লাইসেন্সের নিলাম অনুষ্ঠানের সময়সীমা এক মাস পাঁচ দিন পিছিয়ে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ ও নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
নিলাম অনুষ্ঠানের তারিখ ছিল আগামী ২৪ জুন। নতুন তারিখ ৩১ জুলাই। গতকাল সোমবার অনুষ্ঠিত বিটিআরসির কমিশন বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিটিআরসির দেওয়া আগের সময়সীমা অনুযায়ী থ্রি-জি লাইসেন্সের নিলামে আবেদন করার সময়সীমা ছিল ১২ মে। আবেদন বাছাই শেষে ২০ মে ছিল নিলামযোগ্য অপারেটরদের নাম ঘোষণার দিন। নিলামে অংশ নেওয়ার জন্য নিরাপত্তা জমা হিসেবে দুই কোটি ডলার জমা দেওয়ার দিন ছিল ৩০ মে। আর ৫ জুন প্রকাশিত হওয়ার কথা ছিল চূড়ান্ত তালিকা।
তবে এই প্রক্রিয়াগুলো নিলাম অনুষ্ঠানের সঙ্গে সংগতি রেখে পেছানো হচ্ছে না বলে জানা গেছে। সূত্র জানায়, কোনোটি এক সপ্তাহ, কোনোটি দুই সপ্তাহ, আবার কোনোটি এক মাসই পেছানো হবে।
বিটিআরসির সূত্রমতে, থ্রি-জি নিলাম হওয়ার আগে লাইসেন্সের ওপর মূল্য সংযোজন কর (মূসক) কমানোসহ মুঠোফোন অপারেটরদের বিভিন্ন দাবি নিষ্পত্তির চেষ্টা করবে সংস্থাটি। অপারেটরগুলো টু-জি লাইসেন্সের মূসক-সংক্রান্ত জটিলতার সমাধান চায় আগে। গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও সিটিসেলের টু-জি লাইসেন্স নবায়ন হয় গত বছরের আগস্টে।
তবে মূসক থেকে রেয়াত পেতে সরকারের বিরুদ্ধে অপারেটরদের বেশ কয়েকটি মামলা রয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যদিও মূসকে রেয়াত দিতে রাজি নয়।
বিটিআরসির শীর্ষ পর্যায়ের একজন কর্মকর্তা জানান, থ্রি-জি লাইসেন্সের ওপর মূসক বিদ্যমান ১৫ শতাংশ থেকে অর্ধেক কমিয়ে ৭ দশমিক ৫ শতাংশ করার একটি প্রস্তাব এরই মধ্যে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
যোগাযোগ করলে অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (অ্যামটব) মহাসচিব টি আই এম নূরুল কবির প্রথম আলোকে বলেন, ‘থ্রি-জি নিলাম পিছিয়ে ৩১ জুলাই হওয়ার কথা শুনেছি। নিলামের তারিখ পেছানোর সঙ্গে অন্য প্রক্রিয়াগুলোও যদি এক মাস করে পিছিয়ে দেওয়া হয়, তাহলে সেটা অধিকতর যৌক্তিক হবে।’
উল্লেখ্য, থ্রি-জি প্রযুক্তির মাধ্যমে অধিকতর গতিসম্পন্ন ইন্টারনেটসহ নানা সুবিধা দেওয়া সম্ভব।