থ্রিজি তরঙ্গ নিলামে অংশ নিতে সব অপারেটরের আবেদন
তৃতীয় প্রজন্মের মোবাইল ফোন প্রযুক্তির (থ্রিজি) সেবা দেওয়ার জন্য দেশের সব অপারেটরই এখন প্রস্তুত।
থ্রিজি তরঙ্গ বরাদ্দের নিলামে অংশ নিতে পাঁচ অপারেটর—গ্রামীণফোন, রবি, বাংলালিংক, এয়ারটেল ও সিটিসেল গতকাল সোমবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) আবেদন করেছে।
সরকারি কোম্পানি টেলিটক বর্তমানে পরীক্ষামূলক থ্রিজি সেবা দিচ্ছে। টেলিটক আবারও আবেদন করেছে স্থায়ীভাবে থ্রিজি সেবা দেওয়ার জন্য।
নিলামে অংশ নেওয়ার আবেদনের শেষ দিন ছিল গতকাল। আগামী ৮ সেপ্টেম্বর বিটিআরসিতে নিলাম অনুষ্ঠিত হবে।
থ্রিজি তরঙ্গ বরাদ্দের লাইসেন্স মাশুল ১৫ শতাংশ থেকে দুই দফায় কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। এ ছাড়া বিটিআরসির সঙ্গে রাজস্ব আয় ভাগাভাগির (রেভিনিউ শেয়ারিং) ওপর নির্ধারিত ৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) প্রত্যাহার করা হয়েছে। এ বিষয়গুলো সুরাহা না হওয়া পর্যন্ত মোবাইল ফোন অপারেটরগুলো থ্রিজি নিলামে অংশ নেবে না বলে জানিয়ে আসছিল।
জানা গেছে, নতুন সময়সূচি অনুযায়ী ১৮ আগস্ট আবেদনকারীদের তালিকা প্রকাশ করবে বিটিআরসি। নিলাম-প্রক্রিয়া নিয়ে বিটিআরসির সঙ্গে অপারেটরদের পরামর্শের দিন ১৯ আগস্ট। নিরাপত্তা জামানত (আর্নেস্টমানি) জমা দিতে হবে ২৬ আগস্ট। যোগ্য বা অযোগ্য আবেদনকারীদের চিঠি দেওয়া হবে ১ সেপ্টেম্বর। নিলাম অনুষ্ঠিত হবে ৮ সেপ্টেম্বর এবং ওই দিনই চূড়ান্তভাবে নির্বাচিতদের তালিকা টানিয়ে দেওয়া হবে।
বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সিতারা গতকাল এক বিজ্ঞপ্তিতে জানান, থ্রিজির তরঙ্গ বরাদ্দ নিলামে আবেদন করতে পেরে তাঁরা খুশি। তবে কিছু বিষয় এখনো নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। নিরাপত্তা জামানত জমা দেওয়ার আগে সেগুলোর সমাধান আশা করেন তাঁরা।
যোগাযোগ করা হলে প্রায় একই কথা বলেন গ্রামীণফোনের প্রধান করপোরেট অ্যাফেয়ার্স কর্মকর্তা মাহমুদ হোসেন। তিনি বলেন, ‘আমরা আবেদন করেছি এবং থ্রিজি তরঙ্গ বরাদ্দ পাব বলেও আশা করছি।’