থ্রিজি তরঙ্গে ফোরজি সেবা দিতে আলাদা লাইসেন্স লাগবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৃতীয় প্রজন্মের (থ্রিজি) টেলিযোগাযোগ সেবা প্রদানের জন্য বরাদ্দ করা তরঙ্গ দিয়ে চতুর্থ প্রজন্মের (ফোরজি) সেবা দিতে হলে মুঠোফোন অপারেটরদের আলাদা লাইসেন্স নিতে হবে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সর্বশেষ কমিশন বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশে থ্রিজি সেবা দিতে অপারেটররা ২ হাজার ১০০ মেগাহার্টজ ব্যান্ডের তরঙ্গ ব্যবহার করে। এই ব্যান্ডে ফোরজি বা এলটিই (লং টার্ম ইভল্যুশন) সেবা চালু করা যাবে কি না, সে বিষয়ে জানতে চেয়ে বিটিআরসিকে গত এপ্রিলে একটি চিঠি দিয়েছিল মুঠোফোন অপারেটর রবি আজিয়াটা। ওই চিঠিতে বলা হয়েছিল, থ্রিজি লাইসেন্সের শর্ত অনুযায়ী, ২ হাজার ১০০ মেগাহার্টজ ব্যান্ড প্রযুক্তি নিরপেক্ষ অর্থাৎ এই ব্যান্ডে অন্য প্রযুক্তির টেলিযোগাযোগ সেবা দেওয়া সম্ভব। এই ব্যান্ডে ফোরজি সেবা দিতে হলে নতুন লাইসেন্স নেওয়ার প্রয়োজন পড়বে কি না, তা জানতে চাওয়া হয় চিঠিতে।
এরপরই বিষয়টি নিয়ে কাজ শুরু করে নিয়ন্ত্রক সংস্থা। বিটিআরসির সচিব ও মুখপাত্র সরওয়ার আলম সম্প্রতি প্রথম আলোকে বলেন, ২ হাজার ১০০ মেগাহার্টজ ব্যান্ডে ফোরজি সেবা দিতে হলে অপারেটরদের আলাদা লাইসেন্স নিতে হবে। তাই নতুন লাইসেন্স না নিয়ে এই সেবা দেওয়ার সুযোগ নেই।
সরকারি অপারেটর টেলিটকসহ বর্তমানে ২ হাজার ১০০ মেগাহার্টজ ব্যান্ডে চারটি অপারেটর থ্রিজি সেবা দিচ্ছে। এই ব্যান্ডে গ্রামীণফোন ও টেলিটকের ১০ মেগাহার্টজ, বাংলালিংক, রবি ও এয়ারটেল—প্রত্যেকের ৫ মেগাহার্টজ করে তরঙ্গ আছে। তবে এয়ারটেলের সঙ্গে একীভূত (মার্জার) হতে আদালতের অনুমোদন পাওয়ায় রবি এই ব্যান্ডে ১০ মেগাহার্টজ তরঙ্গ পেতে যাচ্ছে। প্রসঙ্গত, দেশে এখনো কোনো মুঠোফোন অপারেটর ফোরজি সেবা চালু করতে পারেনি।
বাংলাদেশে মুঠোফোন অপারেটররা টুজি সেবা দিতে বর্তমানে ৯০০ ও ১ হাজার ৮০০ মেগাহার্টজ ব্যান্ডের তরঙ্গ ব্যবহার করে। থ্রিজির জন্য ব্যবহার করতে হয় আরেকটি ব্যান্ডের তরঙ্গ। বিভিন্ন ব্যান্ডে বিভিন্ন সেবা দেওয়ার এই বিধিনিষেধ তুলে দিয়ে প্রযুক্তি নিরপেক্ষতা চালুর জন্য দীর্ঘদিন ধরে বিটিআরসিকে অনুরোধ করে আসছে মুঠোফোন অপারেটররা। অপারেটরদের এমন দাবির পরিপ্রেক্ষিতে সম্প্রতি ১ হাজার ৮০০ মেগাহার্টজ ও ২ হাজার ১০০ মেগাহার্টজ ব্যান্ডের তরঙ্গ নিলামে প্রযুক্তি নিরপেক্ষতা দেওয়ার বিষয়টি যুক্ত করার উদ্যোগ নেয় বিটিআরসি।
থ্রিজির পরবর্তী প্রজন্মের প্রযুক্তি হিসেবে ফোরজি বা এলটিই বর্তমানে বিশ্বের ১৭০টি দেশে চালু আছে। ২০০৪ সালে এ প্রযুক্তির উদ্ভাবন করে জাপানের এনটিটি ডোকোমো। দেশে থ্রিজি সেবা চালুর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয় ২০০৮ সালে। তবে বাণিজ্যিকভাবে এ সেবা চালু করতে খসড়া নীতিমালা তৈরির কাজ সম্পন্ন হয় ২০১২ সালে। এ নীতিমালায় থ্রিজি লাইসেন্স পাওয়া প্রতিষ্ঠানগুলোর জন্য ফোরজি বা এলটিই সেবা দেওয়ার সুযোগ রাখা হয়। ২০১২ সালের ১৪ অক্টোবর পরীক্ষামূলকভাবে দেশে প্রথম থ্রিজি সেবা চালু করে টেলিটক। এরপরের বছর ২০১৩ সালের সেপ্টেম্বরে ২ হাজার ১০০ ব্যান্ডের তরঙ্গ নিলামের মাধ্যমে গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও এয়ারটেলকে থ্রিজি সেবা বাণিজ্যিকভাবে চালুর অনুমোদন দেওয়া হয়।