থ্রিজি তরঙ্গের দাম বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

তৃতীয় প্রজন্মের (থ্রিজি) তরঙ্গের ভিত্তিমূল্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সে অনুযায়ী ২ হাজার ১০০ মেগাহার্টজ ব্যান্ডের প্রতি মেগাহার্টজ তরঙ্গের ভিত্তিমূল্য ৩ কোটি মার্কিন ডলার বা প্রায় ২৪০ কোটি টাকা (প্রতি ডলার ৮০ টাকা হিসাবে) নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের দায়িত্বপ্রাপ্ত হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয় নতুন এই ভিত্তিমূল্য প্রস্তাব করেছে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
আগের নীতিমালায় থ্রিজির প্রতি মেগাহার্টজ তরঙ্গের ভিত্তিমূল্য ছিল ২ কোটি ২০ লাখ ডলার। দেশে থ্রিজি সেবা দিতে অপারেটররা ২ হাজার ১০০ মেগাহার্টজ তরঙ্গ ব্যান্ড এবং টুজির জন্য ১ হাজার ৮০০ ও ৯০০ মেগাহার্টজ ব্যান্ড ব্যবহার করে। নীতিমালা অনুযায়ী, দুটি ব্লকে ১ হাজার ৮০০ মেগাহার্টজ ব্যান্ডের ১০ দশমিক ৬ মেগাহার্টজ তরঙ্গ ও ২ হাজার ১০০ মেগাহার্টজ ব্যান্ডে ১৫ মেগাহার্টজ তরঙ্গ বিক্রি হওয়ার কথা।
নিলামের মাধ্যমে অতিরিক্ত তরঙ্গ বিক্রি করার জন্য চলতি বছরের ২২ ফেব্রুয়ারি প্রথম নীতিমালা জারি করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ওই নীতিমালা অনুযায়ী প্রথমে তরঙ্গ নিলামের তারিখ নির্ধারণ করা হয় ৩০ এপ্রিল। তবে সিম প্রতিস্থাপন করসহ ঝুলে থাকা কয়েকটি বিষয় সমাধানের দাবিতে চার বেসরকারি মোবাইল ফোন অপারেটর নিলামে অংশ নিতে অস্বীকৃতি জানায়। এরপর দুবার নিলামের তারিখ পেছানো হলেও অপারেটররা নিলামে অংশ না নেওয়ার সিদ্ধান্তে অটল থাকে।
এই অবস্থায় জটিলতা কাটাতে গত ৫ মে আগের নিলাম নীতিমালা স্থগিত করে তা সংশোধনের উদ্যোগ নেয় বিটিআরসি। সংশোধিত নীতিমালা অনুমোদনের জন্য ডাক ও টেলিযোগাযোগ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যায়। নীতিমালার বিভিন্ন দিক পরীক্ষা করে প্রধানমন্ত্রীর কার্যালয় থ্রিজি তরঙ্গের নতুন ভিত্তিমূল্যটি প্রস্তাব করেছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো নীতিমালায় ল্যান্ডফোন অপারেটরদের (পিএসটিএন) ও ওয়াইম্যাক্স অপারেটরদের তরঙ্গ নিলামে অংশ নেওয়ার সুযোগ রাখা হয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আসা সংশোধিত নিলাম প্রস্তাবনায় পিএসটিএন অপারেটরদের অংশ নেওয়ার সুযোগটি বাদ দেওয়া হয়েছে।
নতুন প্রস্তাবনা যুক্ত করে খুব শিগগির নতুন নীতিমালা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে বলে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ সূত্রে জানা গেছে।
মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নেটওয়ার্কের দ্রুত প্রসার ও বাজার চাহিদা ভালো হওয়ায় থ্রিজি তরঙ্গের দাম বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।
অন্যদিকে থ্রিজি তরঙ্গের নিলামের ভিত্তিমূল্য বাড়ানোর নতুন প্রস্তাবে উদ্বেগ প্রকাশ করেছে মোবাইল অপারেটররা। যোগাযোগ করা হলে রবির মুখপাত্র ইকরাম কবির প্রথম আলোকে বলেন, থ্রিজি তরঙ্গের ভিত্তিমূল্য এখন যেটা আছে সেটাই অনেক বেশি। তা আরও বাড়ানো হলে তরঙ্গ অবিক্রীত থেকে যেতে পারে। এর ফলে গ্রাহক প্রাপ্য সেবা থেকে বঞ্চিত হবেন।
গ্রাহকপ্রতি গড় আয়ের (এআরপিউ) দিক থেকে বাংলাদেশের নিম্ন অবস্থানের বিষয়টি তরঙ্গ মূল্য নির্ধারণে বিবেচনায় রাখা উচিত বলেও মনে করে মোবাইল অপারেটররা।
২০১৩ সালের সেপ্টেম্বরে থ্রিজি তরঙ্গের প্রথম নিলামে প্রতি মেগাহার্টজ তরঙ্গ বিক্রি হয়েছিল ২ কোটি ১০ লাখ ডলারে। এ নিলাম থেকে গ্রামীণফোন ২১ কোটি ডলারে ১০ মেগাহার্টজ তরঙ্গ কিনে নেয়। আর বাংলালিংক, রবি ও এয়ারটেল ১০ কোটি ৫০ লাখ ডলারে ৫ মেগাহার্টজ করে তরঙ্গ কেনে। সব মিলিয়ে ওই নিলামে বিক্রি হয় ২৫ মেগাহার্টজ তরঙ্গ। বিক্রি না হওয়া ১৫ মেগাহার্টজ তরঙ্গ নতুন নিলামে বিক্রি হওয়ার কথা।
২০১৩ সালের থ্রিজি তরঙ্গ নিলামের সময়ও বর্তমান মোবাইল ফোন অপারেটরদের বাইরে পিএসটিএন ও ওয়াইম্যাক্স অপারেটরদের অংশ নেওয়ার সুযোগ ছিল। তবে ওই নিলামে চার বেসরকারি মোবাইল অপারেটরের বাইরে আর কোনো প্রতিষ্ঠান অংশ নেয়নি।
তরঙ্গ নিলামে মোবাইল অপারেটরদের অংশ না নেওয়ার একটি অন্যতম কারণ হলো সিম প্রতিস্থাপন কর। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সিম প্রতিস্থাপনে কর ফাঁকি দেওয়ার অভিযোগে ২০১২ সাল থেকে অপারেটরদের কাছে ৩ হাজার ১০০ কোটি টাকা দাবি করে আসছে।
এনবিআরের দাবি অনুযায়ী গ্রামীণফোনের কাছে ১ হাজার ৫৬২ কোটি ২৯ লাখ টাকা, বাংলালিংকের কাছে ৭৬২ কোটি ৩৪ লাখ টাকা, রবির কাছে ৬৪৭ কোটি ২৪ লাখ টাকা ও এয়ারটেলের কাছে ৩৮ কোটি ৭৯ লাখ টাকার কর পাওনা রয়েছে।