থ্রিজি নিলামে অংশ নেওয়ার আবেদনের শেষ দিন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৃতীয় প্রজন্মের মোবাইল ফোন প্রযুক্তির (থ্রিজি) নিলামে অংশ নেওয়ার আবেদনের শেষ দিন আজ সোমবার। আগামী ৮ সেপ্টেম্বর এ নিলাম অনুষ্ঠিত হবে। সরকারি কোম্পানি টেলিটক বাংলাদেশ ছাড়া গতকাল রোববার পর্যন্ত কোনো কোম্পানি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছে নিলামে অংশ নেওয়ার জন্য আবেদন করেনি বলে জানা গেছে। বিটিআরসি ও মোবাইল অপারেটর কোম্পানি সূত্রগুলো বলছে, সব কোম্পানিরই প্রস্তুতি সম্পন্ন এবং সবাই আবেদনও করবে। আজ সোমবার আবেদন করবে গ্রামীণফোন, রবি ও বাংলালিংক।সরকারের পক্ষ থেকে সম্প্রতি থ্রিজি তরঙ্গ বরাদ্দের লাইসেন্স মাশুল ১৫ শতাংশ থেকে দুই দফায় কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। এ ছাড়া বিটিআরসির সঙ্গে রাজস্ব আয় ভাগাভাগির (রেভিনিউ শেয়ারিং) ওপর নির্ধারিত ৫ শতাংশ মূল্য সংযোজন করও (মূসক) প্রত্যাহার করা হয়েছে। এ বিষয়গুলো সুরাহা না হওয়া পর্যন্ত মোবাইল অপারেটরগুলো থ্রিজি নিলামে অংশ নেবে না বলে জানিয়ে আসছিল। চার দফা সময় বাড়ানোর পর নতুন সময়সূচি অনুযায়ী, ১৮ আগস্ট আবেদনকারীদের তালিকা প্রকাশ করবে বিটিআরসি। নিলাম-প্রক্রিয়া নিয়ে বিটিআরসির সঙ্গে অপারেটরদের পরামর্শের দিন ১৯ আগস্ট। নিরাপত্তা জামানত (আর্নেস্টমানি) জমা দিতে হবে ২৬ আগস্ট। যোগ্য বা অযোগ্য আবেদনকারীদের চিঠি দেওয়া হবে ১ সেপ্টেম্বর। নিলাম অনুষ্ঠিত হবে ৮ সেপ্টেম্বর এবং ওই দিনই চূড়ান্তভাবে নির্বাচিতদের তালিকা বিটিআরসি কার্যালয়ে টানিয়ে দেওয়া হবে।