থ্রিজির দামে টুজি ইন্টারনেট প্যাকেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সাড়ে চার কোটি ইন্টারনেট গ্রাহকের দুই-তৃতীয়াংশেরই এখন টুজি প্রযুক্তির ইন্টারনেট প্যাকেজ কিনতে হয় থ্রিজির দামে।
বর্তমানে দেশে মোট ৪ কোটি ৫৬ লাখ ইন্টারনেট গ্রাহক আছেন। এর মধ্যে থ্রিজি প্রযুক্তির ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১ কোটি
৬১ লাখ বা ৩৫ শতাংশ। বাকি প্রায় তিন কোটি বা ৬৫ শতাংশ গ্রাহকই টুজি প্রযুক্তির ইন্টারনেট ব্যবহার করেন।
যেহেতু প্রযুক্তি ও গতি আলাদা, সেহেতু টুজি এবং থ্রিজি ইন্টারনেটের দামেও পার্থক্য থাকার কথা। কিন্তু গ্রাহককে থ্রিজির দামেই কিনতে হয় টুজি প্যাকেজ। সে জন্য বিষয়টি তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বিটিআরসি চেয়ারম্যান সুনীল কান্তি বোসের নির্দেশে জারি করা এক চিঠিতে কমিশনের সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগকে বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।
বিটিআরসির সচিব ও মুখপাত্র মো. সরওয়ার আলম গতকাল সোমবার প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘টুজি ও থ্রিজি ইন্টারনেট প্যাকেজের গতি, পরিমাণ ও মূল্যের বিষয়ে ব্যবহারকারীকে সুনির্দিষ্ট করে জানানো হচ্ছে কি না তা আনুষ্ঠানিকভাবে পরীক্ষা করা হবে। এ বিষয়ে তদন্ত করে একটি প্রতিবেদন দিতে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন অনুযায়ী পরে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
টুজি ও থ্রিজি ইন্টারনেট প্যাকেজের একই দাম প্রসঙ্গে সরওয়ার আলম বলেন, গ্রাহক স্বার্থ নিশ্চিত করতেই বিষয়টি তদন্ত করা হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, থ্রিজি ও টুজি প্রযুক্তির ইন্টারনেট ব্যবহারকারী নির্ধারণে বিটিআরসির সুনির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই। তাই মুঠোফোন অপারেটররা ইন্টারনেট ব্যবহারকারী নির্ধারণে একেক পদ্ধতি অবলম্বন করে। রবি ইন্টারনেট সেবা প্রদানে টুজি ও থ্রিজি প্রযুক্তিকে আলাদা করে না। অন্য অপারেটররা থ্রিজি ও টুজি ইন্টারনেট প্যাকেজ আলাদা করে উল্লেখ করলেও দুটির দাম একই রাখে।
এ প্রসঙ্গে রবির মুখপাত্র ইকরাম কবীর প্রথম আলোকে বলেন, ‘রবি থ্রিজি ও টুজি প্রযুক্তির পার্থক্য না করেই ইন্টারনেট সেবা দেয়। টুজির তুলনায় থ্রিজির নেটওয়ার্ক এখনো অতটা বিস্তৃত না হওয়ায় একজন গ্রাহককে থ্রিজি প্যাকেজের দামে ইন্টারনেট সেবা দেওয়াটা আমরা যুক্তিযুক্ত মনে করি না। গ্রাহককেন্দ্রিক প্রতিষ্ঠান হিসেবে রবি তাই প্রযুক্তি-নিরপেক্ষ ইন্টারনেট প্যাকেজ সেবা দিচ্ছে।’
দেশে বেসরকারি অপারেটরদের মধ্যে গ্রামীণফোনের ৮৭ লাখ, রবির ২৯ লাখ, বাংলালিংকের ২২ লাখ ও এয়ারটেলের ৯ লাখ এবং রাষ্ট্রায়ত্ত অপারেটর টেলিটকের ১৪ লাখ থ্রিজি গ্রাহক রয়েছে। ২০১৩ সালের অক্টোবর থেকে দেশে থ্রিজি প্রযুক্তি চালু রয়েছে।