দক্ষ জনবল তৈরিতে গুরুত্বারোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় বস্ত্র ও পোশাক খাতের শিল্পোদ্যোক্তাদের কাছে আন্তর্জাতিক মানের যন্ত্রপাতির ব্যবহার উত্সাহিত করার লক্ষ্য নিয়ে রাজধানীতে গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে চার দিনব্যাপী বস্ত্র ও পোশাকের যন্ত্রপাতির একটি আন্তর্জাতিক প্রদর্শনী। শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) ‘ঢাকা আন্তর্জাতিক বস্ত্র ও পোশাক যন্ত্রপাতি প্রদর্শনী-২০১০’ নামের এই মেলার আয়োজন করেছে। মেলায় ৩০টি দেশের সর্বমোট ৫৭০টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী প্রধান অতিথি এবং শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিটিএমএর সভাপতি আবদুল হাই সরকার।প্রধান অতিথির বক্তব্যে আবদুল লতিফ সিদ্দিকী বলেন, ‘বস্ত্র ও পোশাক খাতে দক্ষ জনশক্তির আকাল পড়েছে। এ জন্য বিদেশ থেকে যন্ত্রপাতি আমদানি করা ছাড়াও বিপুলসংখ্যক দক্ষ লোক আনতে হয়। তাই যন্ত্রপাতি আনার আগেই দেশে বস্ত্র ও পোশাক খাতে বিপুলসংখ্যক দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে।’ মন্ত্রী আরও বলেন, স্থানীয় বস্ত্র খাতের উত্পাদন বাড়াতে বিদেশ থেকে যন্ত্রপাতি ও প্রযুক্তি আমদানি করা যাবে, কিন্তু যন্ত্রের পেছনের লোক যেন দেশীয় হয়। দেশীয় শিল্পগুলো যেন যন্ত্রপাতি উত্পাদকদের মোটাতাজাকরণের হাতিয়ার না হয়, সে বিষয়ে খেয়াল রাখার জন্য স্থানীয় শিল্পোদ্যোক্তাদের পরামর্শ দেন তিনি।বিশেষ অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, প্রস্তাবিত নতুন শিল্পনীতিতে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য কর অবকাশসুবিধা ও বিশেষ অর্থনৈতিক এলাকা গঠনসহ নানা সুবিধা রাখা হয়েছে। এটি শিল্পায়নকে উত্সাহিত করবে। এ জন্য ২০১১ সালে দেশে প্রচুর পরিমাণে দেশি-বিদেশি বিনিয়োগ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। স্বাগত বক্তব্যে বিটিএমএর সভাপতি আবদুল হাই সরকার বলেন, ‘একসময় স্থানীয় বস্ত্র ও পোশাক খাতের উদ্যোক্তাদের নতুন নতুন যন্ত্রপাতি ও প্রযুক্তি কেনার জন্য জার্মান, সুইজারল্যান্ড, ইতালি, জাপানসহ বিভিন্ন দেশে ঘুরতে হতো। এতে প্রচুর অর্থ ও সময় ব্যয় হতো। কিন্তু বর্তমানে দেশেই বস্ত্র ও পোশাকের যন্ত্রপাতি এবং প্রযুক্তির আন্তর্জাতিক মেলা হচ্ছে। এতে স্থানীয় উদ্যোক্তারা দেশে বসেই উন্নত মানের অত্যাধুনিক যন্ত্রপাতি কিনতে পারছেন।’ বিটিএমএর সভাপতি বিদেশি যন্ত্রপাতির উত্পাদকদের কাছে বাংলা ভাষায় নির্দেশিকা প্রণয়নের প্রস্তাব করেন। এতে স্থানীয় শিল্পের যন্ত্রপাতি পরিচালনার কাজ করতে অনেক সহজ হবে বলে তিনি জানান।মেলায় বিভিন্ন অংশগ্রহণকারীর সঙ্গে আলাপ করে জানা গেছে, বিশ্বব্যাপী মন্দার কারণে বাংলাদেশে বস্ত্র ও পোশাক খাতে যন্ত্রপাতি আমদানি অনেক কমেছিল। কিন্তু দুই মাস ধরে আবার তা বাড়তে শুরু করেছে। মেলাটি আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা এবং শেষ দিন অর্থাত্ শুক্রবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত খোলা থাকবে। মেলায় প্রবেশে কোনো ফি নেই।