দক্ষ পোশাকশ্রমিক তৈরির কেন্দ্র হচ্ছে
দেশের পোশাক খাতে দক্ষ শ্রমিক গড়ে তোলা এবং এ খাতকে এগিয়ে নিতে বিভিন্ন ধরনের গবেষণা করার লক্ষ্যে সেন্টার অব এক্সসিলেন্স (সিইবিএআই) প্রতিষ্ঠা করা হচ্ছে। গতকাল মঙ্গলবার ঢাকার একটি হোটেলে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অবশ্য গত বছরের ডিসেম্বরে বিজিএমইএ আয়োজিত অ্যাপারেল সামিটে প্রথম এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সুইডেন সরকারের দাতা সংস্থা (সিডা) এবং আন্তর্জাতিক ক্রেতাপ্রতিষ্ঠান এইচঅ্যান্ডএমের অর্থায়নে এই সেন্টার অব এক্সসিলেন্স প্রতিষ্ঠা করছে সরকার ও আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)। এ আয়োজনের সঙ্গে আছে তৈরি পোশাকমালিকদের সংগঠন বিজিএমইএ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, ‘রানা প্লাজার অনাকাঙ্ক্ষিত ঘটনার পর আমরা অনেক পদক্ষেপ নিয়েছি। এসব পদক্ষেপে আইএলও এখন সন্তুষ্ট।’
বিশেষ অতিথি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ‘আমি কয়েকটি আন্তর্জাতিক সম্মেলনে গিয়ে দেখেছি, বাংলাদেশ রানা প্লাজার মতো ঘটনা কীভাবে কাটিয়ে উঠেছে, তা পোশাক খাতের অন্য দেশগুলো এখন শিখছে।’
বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম বলেন, সিইবিএআই শুধু একটি কেন্দ্র হিসেবেই থাকবে না, শ্রমিকদের প্রশিক্ষণ দেবে, পোশাক খাতকে এগিয়ে নিতে গবেষণাও করবে।
এ দেশে আইএলওর পরিচালক শ্রীনিবাস রেড্ডি বলেন, এই সেন্টার বাংলাদেশের পোশাক খাতে মূল্য সংযোজন বাড়াবে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর শিক্ষক ফরহাত আনোয়ার বলেন, রপ্তানি বাড়াতে হলে বাজারও বৃদ্ধি করতে হবে।
ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত থমাস প্রিনজ জানান, জার্মানিতে প্রতি ১০০ জনের ৬৬ জনই কারিগরি প্রশিক্ষণ নেন। এটাই জার্মান শিল্পের মেরুদণ্ড।
রানা প্লাজার ঘটনায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের অন্য পোশাক কারখানায় কাজ দেওয়ার আহ্বান জানান কানাডার হাইকমিশনার বেনওয়া পিয়ের লাঘোমে।