
দক্ষ মানবসম্পদ তৈরিতে পর্যাপ্ত বরাদ্দ নেই। সামাজিক নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্য বরাদ্দের ওপর নির্ভর করে মানবসম্পদ গঠনের বিষয়টি। কিন্তু এসব খাতে বরাদ্দ বাড়লেও মোট দেশজ উৎপাদনের (জিডিপি) অনুপাতে কমেছে। এর ফলে দক্ষিণ এশিয়া তো বটেই, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর তুলনায় বরাদ্দ কম। ফলে এ দেশে ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে বাংলাদেশ ক্রমেই পিছিয়ে যাচ্ছে।
গত বছর অক্টোবর মাসে দক্ষ মানবসম্পদ সূচক প্রকাশ করেছে বিশ্বব্যাংক। সেই প্রতিবেদন অনুযায়ী, দক্ষ মানবসম্পদ সূচকে ১৫৭টি দেশের মধ্যে বাংলাদেশ ১০৬তম।
পাঁচ বছরের কম বয়সী শিশুমৃত্যু হার, স্কুলে পাঠ গ্রহণের সময়কাল, শিক্ষার মান, শিশুদের সঠিক আকারে বেড়ে ওঠাসহ বেশ কয়েকটি সূচকে দিয়ে ওই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। আদর্শ শিক্ষা ও স্বাস্থ্য সুবিধা পেলে একটি শিশু প্রাপ্তবয়স্ক হয়ে শতভাগ উৎপাদনশীলতা দেখাতে পারে। কিন্তু নিজ নিজ দেশে ভিন্ন ভিন্ন মানের সুযোগ-সুবিধা অনুযায়ী বেড়ে ওঠে শিশুরা। তাই সবাই শতভাগ উৎপাদনশীলতা দেখাতে পারে না। বাংলাদেশের বিদ্যমান শিক্ষা ও স্বাস্থ্যসেবায় একটি শিশু পূর্ণবয়স্ক হয়ে ৪৮ শতাংশ উৎপাদনশীলতা দেখাতে পারবে।
দক্ষ মানবসম্পদ না থাকায় দেশের চাকরির বাজারে দক্ষ লোকের বেশ অভাব। যেমন বাংলাদেশের অন্যতম রপ্তানি খাত তৈরি পোশাক খাতে কয়েক লাখ বিদেশি কর্মী কাজ করেন। বিদেশি কর্মীদের বেতন–ভাতা বাবদ বছরে ৪০০-৫০০ কোটি ডলার বিদেশে চলে যাচ্ছে। এ বিষয়ে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য শামসুল আলম প্রথম আলোকে বলেন, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা খাতে মধ্য ও দীর্ঘমেয়াদি লক্ষ্য ও কৌশল আছে। সমস্যা হলো বরাদ্দের টাকা পুরোটা খরচ করা সম্ভব হয় না। দক্ষতার অভাবে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) মাধ্যমে এসব খাতের বরাদ্দের ৯০-৯২ শতাংশের বেশি খরচ যায় না। তাঁর মতে, সম্পদের অভাব নেই। কিন্তু সম্পদ ব্যবহারে দক্ষতার অভাব আছে। বিষয়টি জবাবদিহির আওতায় আনা উচিত।
>
- মানবসম্পদ তৈরিতে ১৫৭ দেশের মধ্যে ১০৬তম।
- সামাজিক সুরক্ষায় ভুটান ছাড়া দক্ষিণ এশিয়ায় সবচেয়ে কম খরচ করে বাংলাদেশ।
- এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে স্বাস্থ্য খাতে খরচে ৫২ দেশের মধ্যে সবচেয়ে কম।
আগামী অর্থবছরে বিদ্যমান বরাদ্দ থেকে স্বাস্থ্য খাতে চার গুণ, সামাজিক নিরাপত্তা খাতে সোয়া দুই গুণ এবং শিক্ষা খাতের চার গুণের বেশি বরাদ্দের প্রস্তাব করেছে বাংলাদেশ অর্থনীতি সমিতি।
সামাজিক নিরাপত্তা
গত ১০ বছরে সামাজিক সুরক্ষায় সরকার খরচ বাড়িয়েছে প্রায় তিন গুণ। চলতি অর্থবছরে ১৬ ধরনের কর্মসূচিতে ২৭ হাজার ৫২৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া আছে। ১০ বছর আগে বরাদ্দ ছিল মাত্র ৮ হাজার ৯০০ কোটি টাকা। গত এক দশকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাভোগীর সংখ্যা ও ভাতা বাড়ানো হয়েছে। কিন্তু প্রকৃত সুবিধাভোগী চিহ্নিত করে তাঁদের কাছে রাষ্ট্রীয় সামাজিক সুরক্ষা সুবিধা পৌঁছানোর ক্ষেত্রে বেশ গলদ আছে। দীর্ঘদিনের অভিযোগ, স্থানীয় রাজনীতিবিদ ও প্রভাবশালীরাই পছন্দমতো সুবিধাভোগী বাছাই করেন। দেশের এখন ৭৪ লাখ লোককে এই সুবিধা দেওয়া হয়।
বাংলাদেশে সামাজিক নিরাপত্তা কর্মসূচি খাতে জিডিপির অনুপাতে ১ শতাংশের মতো খরচ হয়। অথচ সারা বিশ্বে জিডিপির অনুপাতে ১১ দশমিক ২ শতাংশ সামাজিক নিরাপত্তায় খরচ হয়। এসকাপ বলছে, এ খাতে দক্ষিণ-পশ্চিম এশিয়ার দেশগুলোর মধ্যে জিডিপির অনুপাতে ভুটান ছাড়া অন্য সব দেশের চেয়ে কম টাকা খরচ করে বাংলাদেশ।
শিক্ষা ও স্বাস্থ্য
এক দশকে স্বাস্থ্য খাতে বরাদ্দ বেড়েছে সাড়ে চার গুণ। ২০০৮-০৯ অর্থবছরে যেখানে স্বাস্থ্য খাতে বরাদ্দ ছিল ৫ হাজার ৪০৩ কোটি টাকা, সেখানে চলতি অর্থবছরে বরাদ্দ ২৩ হাজার ৩৯৩ কোটি টাকা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) হিসাবে, স্বাস্থ্য খাতে একজন মানুষের পেছনে মাথাপিছু খরচ করা উচিত ১২ মার্কিন ডলার। সেখানে বাংলাদেশে মাথাপিছু খরচ হয় মাত্র ৩ ডলার। অন্যদিকে গত ১০ বছরে শিক্ষা ও প্রযুক্তি খাতে বাজেটের আকার বেড়েছে ৬ গুণ। চলতি অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ হাজার ৯৪৪ কোটি টাকা।
জাতিসংঘের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিকের (এসকাপ) ২০১৮ সালের অর্থনৈতিক ও সামাজিক জরিপ অনুযায়ী, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৫২টি দেশের মধ্যে জিডিপির অনুপাতে স্বাস্থ্য খাতে সবচেয়ে কম খরচ করে বাংলাদেশ। শিক্ষা খাতে ৩৫ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৩৪তম।
জানতে চাইলে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী প্রথম আলোকে বলেন, ‘মধ্যম আয়ের কিংবা উন্নত দেশ হওয়ার যেসব স্বপ্ন আমরা দেখছি, তা মানবসম্পদ বিনির্মাণ ছাড়া দুর্বল হয়ে পড়বে। এমনকি বাংলাদেশের অর্জনগুলোও ঝুঁকির মধ্যে পড়বে। তাই বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতে যথাযথ বরাদ্দ দিতে হবে। একই সঙ্গে সেই বরাদ্দ যথাযথভাবে খরচ করার বিষয়টিও নিশ্চিত করতে হবে।’