দক্ষতা উন্নয়নে বিশেষ নজর
দক্ষ জনশক্তির অভাবে দীর্ঘদিন ধরেই শিল্প খাতের অগ্রগতি ব্যাহত হয়েছে বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তাই এ বিষয়ে তিনি কিছু করতে চান এবার। এরই অংশ হিসেবে জাতীয় সংসদে গতকাল বৃহস্পতিবার অর্থমন্ত্রী বাজেট পেশ করতে গিয়ে দক্ষতা উন্নয়ন: উচ্চতর প্রবৃদ্ধি অর্জনের অগ্রাধিকার নামে একটি পুস্তিকা উপস্থাপন করেছেন।
পুস্তিকাটিতে অর্থমন্ত্রী বলেছেন, ‘অন্য উন্নয়নশীল দেশের তুলনায় মোট দেশজ উৎপাদনে (জিডিপি) স্থানীয় শিল্পের অবদান আমাদের কম। যা আছে, তা মূলত পোশাকশিল্পনির্ভর। তা ছাড়া দেশে চাহিদা অনুযায়ী দক্ষ জনগোষ্ঠী নেই। এমনকি নতুন প্রযুক্তির সঙ্গে মানিয়ে নেওয়ার দক্ষতাও নেই এ দেশের শ্রমশক্তির।’ শিল্প-কারখানাগুলো বিচ্ছিন্নভাবে প্রশিক্ষণ দিলেও সমন্বয়হীনতার কারণে তা এ খাতের সার্বিক চাহিদা মেটাতে সক্ষম নয় বলে মনে করেন তিনি।
অর্থমন্ত্রী বাজেট বক্তব্যে আগামী অর্থবছরে ‘জাতীয় মানবসম্পদ উন্নয়ন তহবিল’ গঠন এবং ‘জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ’ নামে একটি স্থায়ী প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার পরিকল্পনা বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন, যাতে দক্ষতা উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়া যায়।
দেশে বর্তমানে ১৫ বছরের বেশি বয়সের শ্রমশক্তি প্রায় ৫ কোটি ৮৭ লাখ—এ তথ্য জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এসব পরিকল্পনা বাস্তবায়িত হলে উচ্চ উৎপাদনশীল দক্ষ জনশক্তির সহায়তায় বাংলাদেশ উচ্চতর প্রবৃদ্ধির সোপানে আরোহণ করতে পারবে।’
অভিবাসী অর্থাৎ বিদেশে কাজ করতে যাওয়া বাংলাদেশিদের নিম্ন আয় নিয়েও চিন্তিত অর্থমন্ত্রী। তিনি বলেন, দক্ষতার ঘাটতির কারণেই রেমিট্যান্স বা প্রবাসী আয়ে প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থা সবচেয়ে খারাপ। বিশ্বব্যাংকের অভিবাসন ও প্রবাসী আয়ের তথ্য দিয়ে মুহিত জানান, ২০১৫ সালে বাংলাদেশের একজন অভিবাসী গড়ে দেশে পাঠিয়েছেন ২ হাজার ৭৮ ডলার। অথচ একই সময়ে ভারতের অভিবাসীপিছু আয় ছিল ৫ হাজার ১৯৪, ফিলিপাইনের ৪ হাজার ৯৫০, ভিয়েতনামের ৪ হাজার ৭৩০, নেপালের ৩ হাজার ৩০০ এবং পাকিস্তানের ৩ হাজার ২৪১ মার্কিন ডলার।
দক্ষতা উন্নয়নে সরকারের ২৩টি মন্ত্রণালয় ও বিভাগ বর্তমানে কী কী প্রশিক্ষণ দিচ্ছে পুস্তিকায় তা তুলে ধরা হয়েছে। সরকারের কিছু উদ্যোগের নামও উল্লেখ করা হয়েছে। তবে কোনো বরাদ্দের কথা বলা নেই। ভবিষ্যতে কী করা হবে, সেই দিকনির্দেশনাও দেওয়া হয়নি।
পুস্তিকাটির মুখবন্ধে অর্থমন্ত্রী বলেছেন, ‘বাংলাদেশ আজ নিম্নমধ্যম থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার পথে। আমার জন্য হৃদয়গ্রাহী গল্পের মতো সত্য যে, আমি এ দেশের অর্থনীতির সঙ্গে দেশের জন্মলগ্ন থেকেই সম্পৃক্ত রয়েছি, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিক্সনের তৎকালীন নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিঞ্জার কটাক্ষ করে বাংলাদেশকে ‘‘তলাবিহীন ঝুড়ি’’ হিসেবে প্রচার করতে চেয়েছিলেন।’