দক্ষতা উন্নয়নে সমঝোতা চুক্তি
কৃষি প্রকৌশল, বাণিজ্য, তথ্যপ্রযুক্তি-সংশ্লিষ্ট সেবা খাত এবং প্রকৌশল ও প্রযুক্তির সর্বস্তরে আত্মনির্ভরশীলতা সৃষ্টি, অপ্রচলিত খাতে উদ্যোক্তা তৈরি, চাকরির সুযোগ সৃষ্টি এবং সক্ষমতা ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) এবং ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) এক সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। গত বুধবার আইডিইবি ভবনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের মহাসচিব মীর শাহাবুদ্দিন মোহাম্মদ ও আইডিইবির কেন্দ্রীয় নির্বাহী কমিটির মহাসচিব মো. শামসুর রহমান সমেঝাতা স্মারকে সই করেন। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান এ সময় উপস্থিত ছিলেন।
সমঝোতা স্মারকের আলোকে এফবিসিসিআই ও আইডিইবি কারিগরি ও ভকেশনাল শিক্ষার ওপর প্রশিক্ষণ এবং শিল্প, ব্যবসা-বাণিজ্য, কৃষি, পর্যটন, মানবসম্পদ উন্নয়ন ও যোগাযোগ খাতে একে অপরকে সহায়তা করবে। এ ছাড়া উভয় প্রতিষ্ঠান শিল্প ও বাণিজ্যের উন্নয়নে তথ্য বিনিময়, সমীক্ষা পরিচালনা ও গবেষণা চালাবে।
আইডিইবির আয়োজনে ‘স্কিলস ফর দ্য ফিউচার ওয়ার্ল্ড অব ওয়ার্ক অ্যান্ড টিভিইটি ফর গ্লোবাল কম্পিটেটিভনেস’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন উপলক্ষে এ স্মারকটি স্বাক্ষরিত হয়। এ সম্মেলন কাল শনিবার শেষ হবে। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এ সম্মেলন আয়োজনের অংশীদার। বিজ্ঞপ্তি