দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ দিচ্ছে এফবিসিসিআই
সারা দেশের বিভিন্ন ব্যবসায়ী চেম্বার ও বণিক সমিতির কর্মকর্তাদের দক্ষতা বাড়ানো প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই ভবনে গতকাল শনিবার ‘ইনফরমেশন নেটওয়ার্ক ডেভেলপমেন্ট’ শীর্ষক এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের সভাপতি এ কে আজাদ। ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) সহযোগিতায় প্রশিক্ষণের আয়োজন করেছে এফবিসিসিআইয়ের ব্যবসায়ী চেম্বার ও বণিক সমিতির দক্ষতা বৃদ্ধিবিষয়ক স্থায়ী কমিটি।অনুষ্ঠানে এ কে আজাদ বলেন, ‘তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতে ভারত বেশ এগিয়ে গেছে। আমাদের দেশের ছেলেমেয়েরা তাদের চেয়ে কম মেধাবী নয়। এ খাতে সম্ভাবনা থাকার পরও দক্ষ মানবসম্পদ গড়ে উঠছে না। বিদেশি পরামর্শক দিয়ে আমরা কার্যক্রম চালাচ্ছি।’দক্ষতা বৃদ্ধিবিষয়ক স্থায়ী কমিটি দায়িত্বপ্রাপ্ত পরিচালক ও এফবিসিসিআইয়ের জ্যেষ্ঠ সহসভাপতি মো. জসিম উদ্দিন বলেন, দেশে অবকাঠামোর পর মানবসম্পদ উন্নয়নই বড় সমস্যা। অনেক মন্ত্রণালয়ই মানবসম্পদ উন্নয়ন নিয়ে কাজ করছে। কিন্তু তাদের মধ্যে কোনো সমন্বয় নেই। তিনি বলেন, রাজউকের কাছে উত্তরায় এক একর জায়গা চেয়ে এফবিসিসিআইয়ের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। জায়গা পেলে ‘এফবিসিসিআই বিজনেস ইনস্টিটিউট’ স্থাপন করা হবে। সেখানে মানবসম্পদ উন্নয়নে কাজ করা হবে।অনুষ্ঠানে জানানো হয়, দুটি পর্যায়ে ২৪ জন করে মোট ৪৮ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে।