দক্ষিণ এশিয়ার বাণিজ্য বিস্তারে নাগরিক যোগাযোগ দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থনৈতিক উন্নয়নে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক বাণিজ্য বাড়াতে হবে। বাণিজ্য বাড়ানোর ক্ষেত্রে শুল্ক ও অশুল্ক—দুই ধরনের বাধা রয়েছে। তবে এসব বাধা অপসারণে এই অঞ্চলের নাগরিকদের মধ্যে যোগাযোগ বাড়ানো জরুরি।গতকাল শনিবার সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত চতুর্থ দক্ষিণ এশীয় অর্থনৈতিক সম্মেলনের ‘দক্ষিণ এশিয়ায় বাণিজ্য ত্বরান্বিতকরণ’ শীর্ষক কর্ম-অধিবেশনে বক্তারা এ কথা বলেন।বক্তারা আরও বলেন, বাণিজ্য বাড়াতে অবকাঠামো বিনির্মাণের পাশাপাশি পণ্যের আসা-যাওয়ায় আনুষ্ঠানিকতা সহজ করতে হবে। তবে এই অঞ্চলের মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়ানোর কোনো বিকল্প নেই।রূপসী বাংলা হোটেলে অনুষ্ঠিত সম্মেলনের এই কর্ম-অধিবেশনে সভাপতিত্ব করেন ভারতের রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ফর ডেভেলপিং কান্ট্রিজের (আরআইএস) মহাপরিচালক বিশ্বজিৎ ধর। লন্ডনের কমনওয়েলথ সচিবালয়ের অর্থনৈতিক উপদেষ্টা এম আবদুর রাজ্জাক বলেন, এই অঞ্চলে বাণিজ্য বাড়াতে সম্পৃক্ততা (কানেকটিভিটি) দরকার। কিন্তু এই অঞ্চলে পারস্পরিক সম্পৃক্ততা অন্য অঞ্চলের চেয়ে অনেক কম। তাঁর মতে, সুদৃঢ় সরবরাহব্যবস্থা তৈরি করতে পারলে টেকসই উপায়ে বাণিজ্য সম্প্রসারিত হবে।ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অজিতাভ রায়চৌধুরী বলেন, অবকাঠামো না থাকলে পারস্পরিক বাণিজ্যসুবিধা দেওয়া উচিত নয়। আর এই অবকাঠামো শুধু রাস্তাঘাট তৈরি নয়, ব্যাংকিংসহ অন্যান্য সেবা সুবিধাও থাকতে হবে।ইন্ডিয়ান কাউন্সিল ফর রিসার্চ অন ইন্টারন্যাশনাল ইকোনমিকস রিলেশন্সের অধ্যাপক নিশা তানেজার মতে, বাণিজ্য সম্প্রসারণের অন্যতম হাতিয়ার হলো স্পর্শকাতর পণ্যের তালিকা ছোট করা। অথচ এই ইস্যুতে রাজনৈতিক অর্থনীতি রয়েছে। এই বাধা দূর করতে হবে।বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এ মতিন চৌধুরী বলেন, আমলাতান্ত্রিক জটিলতাই দক্ষিণ এশিয়ার বাণিজ্য সম্প্রসারণে অন্যতম বাধা হিসেবে কাজ করে। রাজনৈতিক সদিচ্ছা অনেকাংশেই আমলাতন্ত্রের সহযোগিতার ওপর নির্ভর করে। অথচ আমলাতন্ত্র প্রতিযোগিতা ও নতুন চিন্তাভাবনা গ্রহণ করতে পারে না। অশুল্ক বাধা দূরীকরণে গুরুত্বারোপ করে আরআইএসের গবেষক শচীন চতুর্বেদী বলেন, বাংলাদেশি জুস ভারতে রপ্তানি হওয়ার সময় কলকাতার পরীক্ষাগারে মান পরীক্ষা করতে হয়। এই জটিলতা এড়াতে বিশ্বব্যাংকের সহায়তায় সীমান্ত অঞ্চলে ২৪টি পরীক্ষাগার নির্মাণের উদ্যোগ নিয়েছে ভারত সরকার।পাকিস্তানের গ্লোবাল রিসার্চ ইনসাইট ফর ডেভেলপমেন্ট হামিদ মাহমুদ বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাজার সম্প্রসারণে ব্যর্থ হওয়ার কথা বলা হচ্ছে। অথচ বাস্তবতা হলো, এখনো বাজারই তৈরি হয়নি। তাঁর মতে, শুল্ক বাধার পাশাপাশি অবকাঠামো দুর্বলতাও বাণিজ্য সম্প্রসারণকে টেনে ধরছে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইমতিয়াজ আহমেদের মতে, চোরাচালানের মাধ্যমে পণ্য প্রবেশ আনুষ্ঠানিক ব্যবসা-বাণিজ্য বাধাগ্রস্ত করছে।কলকাতা চেম্বারের সাবেক সভাপতি মহেশ কুমার সাহারিয়া বলেন, সার্ক অঞ্চলের ৯০ শতাংশ জিডিপির অংশ ভারত ও পাকিস্তানের। বাকি ১০ শতাংশ অন্য দেশগুলোর। এই ভারসাম্যহীনতা দূর করতে সাফটা কার্যকর করা উচিত। বাংলাদেশ ট্যারিফ কমিশনের যুগ্ম প্রধান মোস্তফা আবিদ খান বলেন, সার্কভুক্ত দেশের মানুষের মধ্যে আন্ত যোগাযোগ বাড়ানো না গেলে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারিত হবে না। এই অধিবেশনে আরও বক্তব্য দেন নেপালের সাউথ এশিয়া ওয়াচ অন ট্রেড, ইকোনমিকস অ্যান্ড এনভায়রনমেন্টের কর্মসূচি সমন্বয়ক পুষ্প শর্মা, সিঙ্গাপুরভিত্তিক স্বতন্ত্র পরামর্শক এম শহিদুল ইসলাম, বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) উপদেষ্টা মনজুর আহমেদ প্রমুখ।