দক্ষিণ এশিয়ার হিসাবমান উন্নততর করার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকায় আইসি​এবি আয়োজিত সাফা সম্মেলন উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ l প্রথম আলো
ঢাকায় আইসি​এবি আয়োজিত সাফা সম্মেলন উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ l প্রথম আলো

কোনো কোম্পানি একটি কার্য বছরে কতটা আয় ও কতটা ব্যয় করল, তা সঠিকভাবে উঠে আসে বার্ষিক আর্থিক প্রতিবেদনে। এই আর্থিক প্রতিবেদন থেকেই জানা যায়, কোম্পানির লাভ-লোকসান পরিস্থিতি। আর এই আর্থিক প্রতিবেদন যথাযথভাবে প্রণীত হয়েছে কি না, তা নিশ্চিত করে থাকেন সনদধারী হিসাববিদ (সিএ) বা তাঁদের প্রতিষ্ঠান (ফার্ম)।
সে কারণেই হিসাববিদদের অনুসরণ করতে হয় আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানদণ্ড ও রীতিবিধি। হিসাবের মান এসব মানদণ্ড অনুসরণে তৈরি করা না হলে তা হয় ত্রুটিপূর্ণ। অসত্য, অর্ধসত্য ও বিভ্রান্তিকর তথ্যের সন্নিবেশন ঘটে আর্থিক প্রতিবেদনে। তাতে করে কোম্পানির প্রকৃত চিত্র পাওয়া যায় না। কোম্পানিটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হলে শেয়ারধারী ও বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হন। বাংলাদেশের শেয়ারবাজারে ২০১০ সালে এ রকম অনেক ঘটনাই ঘটেছে।
এই বাস্তবতায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে আর্থিক প্রতিবেদন যথাযথভাবে প্রণয়নসহ হিসাব পেশার মান উন্নয়নের তাগিদ দেওয়া হলো এক আঞ্চলিক সম্মেলনে। দক্ষিণ এশিয়ার আটটি দেশের সনদধারী হিসাববিদদের (সিএ) এই সম্মেলন অনুষ্ঠিত হয় গতকাল মঙ্গলবার। সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) আয়োজনে সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের (সাফা) এই সম্মেলন উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
দিনব্যাপী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ বলেন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সিএদের ভূমিকা গুরুত্বপূর্ণ। দক্ষিণ এশিয়ার এই খাতের সঙ্গে সংশ্লিষ্ট সবাই যদি একসঙ্গে কাজ করে তাহলে এই অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও দ্রুত হবে। আন্তর্জাতিক মান বজায় রেখে আর্থিক প্রতিবেদন তৈরিতে আইসিএবিকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। সম্মেলনে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক মুস্তাফা কামাল মুজেরীর লেখা মূল প্রবন্ধটি উপস্থাপন করেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান এম আবদুল মজিদ। এই প্রবন্ধে বলা হয়, হিসাববিদদের তৈরি প্রতিবেদনের ওপরেই বিনিয়োগ সিদ্ধান্ত, আর্থিক পরিকল্পনা বাস্তবায়ন ও করের পরিমাণ নির্ধারিত হয়। আর্থিক দুর্নীতি ও অনিয়ম দূর করতে এবং কার্যকর ও শক্তিশালী পুঁজিবাজার নিশ্চিত করার অন্যতম প্রধান ভিত্তি হলো মানসম্পন্ন ও নিরপেক্ষ আর্থিক প্রতিবেদন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাফার সভাপতি সুবোধ কুমার আগারওয়াল।
দিনব্যাপী এই সম্মেলনে আরও তিনটি প্রবন্ধ উপস্থাপন করা হয়। প্রথম প্রবন্ধের বিষয় ছিল ‘উন্নয়ন পরিকল্পনায় সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি)’। এটি উপস্থাপন করেন আইসিএবির সাবেক সভাপতি আনোয়ার উদ্দিন চৌধুরী। ‘স্বচ্ছতা ও জবাবদিহিতায় সিএদের ভূমিকা’ শীর্ষক দ্বিতীয় প্রবন্ধটি উপস্থাপন করেন ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব পাকিস্তানের (আইসিএপি) সভাপতি নাইম আকতার শেখ। সর্বশেষ প্রবন্ধটি উপস্থাপন করেন ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব ইন্ডিয়ার (আইসিএআইর) সাবেক সভাপতি জয় অজিত ছায়রা। তাঁর প্রবন্ধের বিষয় ছিল ‘বিজনেস অ্যান্ড প্রফেশন ফর ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি’।
এসব প্রবন্ধে বলা হয়, বর্তমানে পেশাদার হিসাববিদদের ভূমিকা শুধু আর্থিক প্রতিবেদন তৈরির মধ্যে সীমাবদ্ধ নয়। বরং তাঁরা একটি প্রতিষ্ঠানের সামগ্রিক উন্নতি নীতি নির্ধারণেও এখন ভূমিকা রাখছেন। তাই এই পেশায় নিয়োজিত ব্যক্তিদের স্বচ্ছতা, সততা ও দক্ষতার বিষয়টি নিশ্চিত করা জরুরি।
সন্ধ্যায় সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।