দক্ষিণ এশিয়ায় আফগানিস্তানের চেয়েই শুধু ভালো বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বাংলাদেশে ব্যবসা করার পরিবেশ আগের চেয়ে কিছুটা ভালো হয়েছে। সহজে ব্যবসা করা যায় এমন ১৮৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন ১৭৬, আগের বছর এ অবস্থান ছিল ১৭৮। তবে দক্ষিণ এশিয়ার আটটি প্রতিবেশী দেশের মধ্যে বাংলাদেশ শুধু যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের ওপরে রয়েছে। বিশ্বব্যাংক প্রকাশিত ‘ডুয়িং বিজনেস ২০১৭ শীর্ষক’ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

২০১৬ সালের ১ জুন পর্যন্ত হালনাগাদ তথ্য নিয়ে এই প্রতিবেদন গতকাল বুধবার সারা বিশ্বে একযোগে প্রকাশ করা হয়। ২০০৩ সাল থেকে প্রতিবছর এই প্রতিবেদন প্রকাশ করে আসছে বিশ্বব্যাংক। একজন উদ্যোক্তার জন্য একটি দেশে ব্যবসা করা কতটা কঠিন অথবা সহজ সে বিষয়টিই মূলত এ প্রতিবেদনে তুলে ধরা হয়। ব্যবসার পরিবেশকে ১০টি বৃহত্তর নির্দেশিকা বা বিষয়ে বিন্যস্ত করে সেগুলোর অবস্থা বিশ্লেষণ করা হয়েছে প্রতিবেদনে, তারপর তা সূচকে রূপান্তর করা হয়েছে।

প্রতিবেদনের ১০টি মূল সূচক হলো ব্যবসায় শুরু, অবকাঠামো নির্মাণের অনুমতি, বিদ্যুতের প্রাপ্যতা, সম্পত্তি নিবন্ধন, ঋণের প্রাপ্যতা, ক্ষুদ্র বিনিয়োগকারীদের সুরক্ষা, কর পরিশোধ, বৈদেশিক বাণিজ্য, চুক্তির বাস্তবায়ন ও অসচ্ছলতা দূরীকরণ।

বিশ্বব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, এই ১০টি সূচকে বাংলাদেশের অর্জন ৪০ দশমিক ৮৪ শতাংশীয় পয়েন্ট, গতবার তা ছিল ৪০ দশমিক ৬৮। এ হিসেবে বাংলাদেশের শতাংশীয় পয়েন্ট বেড়েছে শূন্য দশমিক ১৬।

১০টি সূচকের মধ্যে এ বছর বাংলাদেশে দুটি সূচকে উন্নতি করতে পেরেছে। এগুলো হলো সম্পত্তি নিবন্ধন ও অসচ্ছলতা দূরীকরণ। চারটি সূচকে বাংলাদেশের অবস্থান আগের চেয়ে খারাপ হয়েছে। এগুলো হলো ব্যবসায় শুরু, ঋণের প্রাপ্যতা, ক্ষুদ্র বিনিয়োগকারীদের সুরক্ষা ও কর পরিশোধ। আর অবকাঠামো নির্মাণের অনুমতি, বিদ্যুতের প্রাপ্যতা, বৈদেশিক বাণিজ্য ও চুক্তি বাস্তবায়ন সূচকে বাংলাদেশ কোনো উন্নতি করতে পারেনি।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ১০টি সূচকের মধ্যে বিদ্যুৎ প্রাপ্যতায় সবচেয়ে খারাপ অবস্থানে আছে বাংলাদেশ। বিদ্যুৎ প্রাপ্যতা সূচকে বিশ্বের ১৯০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৮৭। গত বছরও বাংলাদেশের অবস্থান এ সূচকে একই ছিল। বাংলাদেশে শিল্প স্থাপনে বিদ্যুতের সংযোগ পেতে গড়ে সময় লাগে ৪২৮ দিন।

গত বছরের তুলনায় এক ধাপ উন্নতি হলেও সম্পত্তি নিবন্ধন সূচকেও একেবারে তলানির দিকে বাংলাদেশের অবস্থান। এ সূচকে বাংলাদেশের অবস্থান ১৮৫, গত বছর ছিল ১৮৬। বাংলাদেশে সম্পত্তির নিবন্ধন করতে গড়ে সময় লাগে ২৪৪ দিন। গড়ে মোট সম্পত্তি ব্যয়ের ৭ শতাংশ খরচ হয় নিবন্ধনে।

সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ব্যবসা করার পরিবেশের ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান সপ্তম। অষ্টম স্থানে রয়েছে আফগানিস্তান, বিশ্ব তালিকায় দেশটির অবস্থান ১৮৩। দক্ষিণ এশিয়ায় ৭৩তম অবস্থান নিয়ে শীর্ষে আছে ভুটান। এ তালিকায় বাংলাদেশের চেয়ে ১০৩ ধাপ এগিয়ে আছে ভুটান। এ অঞ্চলের অন্যান্য দেশের মধ্যে নেপাল ১০৭, শ্রীলঙ্কা ১১০, ভারত ১৩০, মালদ্বীপ ১৩৫, পাকিস্তান ১৪৪তম স্থানে রয়েছে।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর সার্বিক ব্যবস্থা পরিস্থিতি সম্পর্কে বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ অঞ্চলের আটটি দেশ গত এক বছরে ১১টি সংস্কার কার্যক্রম সম্পন্ন করেছে। গত পাঁচ বছরে এ অঞ্চলের দেশগুলোতে প্রতিবছর গড়ে নয়টি সংস্কার সম্পন্ন হয়েছে।

ব্যবসা করা সহজ করতে চলতি বছর এ অঞ্চলে সর্বোচ্চ তিনটি সংস্কার কার্যক্রম শেষ করেছে পাকিস্তান। ভারত এ বছর দুটি সংস্কারকাজ শেষ করলেও বাংলাদেশ নতুন করে কোনো সংস্কারকাজ করতে পারেনি। একক দেশ হিসেবে গত পাঁচ বছরে দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ ১২টি সংস্কারকাজ শেষ করেছে শ্রীলঙ্কা।

সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী বিশ্বে ব্যবসা করার জন্য সবচেয়ে ভালো দেশ নিউজিল্যান্ড। এর পরের দুটি অবস্থানে আছে যথাক্রমে সিঙ্গাপুর ও ডেনমার্ক। তালিকা অনুযায়ী ব্যবসা-বাণিজ্যের জন্য সবচেয়ে খারাপ দুটি দেশ হলো ইরিত্রিয়া ও সোমালিয়া।

জানতে চাইলে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন প্রথম আলোকে বলেন, ব্যবসা সংস্কার সূচকে প্রতিযোগী দেশগুলো যে হারে উন্নতি করছে, বাংলাদেশে সংস্কারের গতি সে তুলনায় খুবই মন্থর। সার্বিক সূচকে দুই ধাপ এগোলেও ব্যবসার পরিবেশ সংস্কারে বাংলাদেশ তাই খুব একটা এগিয়েছে বলা যাবে না।