দক্ষিণ এশিয়ায় প্রবৃদ্ধি ঘটেছে, গরিবি সেভাবে কমেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ এশিয়ার দেশগুলোর সামগ্রিক উন্নয়নে পারস্পরিক অসহযোগিতা অব্যাহত রয়েছে, যার মূল্য গুনতে হচ্ছে এ অঞ্চলের মানুষকে। বিভিন্ন দেশে প্রবৃদ্ধি হলেও দারিদ্র্য ও বৈষম্য কমছে না। এই প্রেক্ষাপটে এ অঞ্চলের দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়াতে রাজনৈতিক সদিচ্ছার ওপর জোর দেওয়া হয়েছে। পরিকল্পনা নিয়ে তা বাস্তবায়ন না করার ধারা থেকে বেড়িয়ে আসার তাগিদ দেওয়া হয়েছে।গতকাল রোববার সকালে রাজধানীর রূপসী বাংলা হোটেলে চতুর্থ দক্ষিণ এশীয় অর্থনৈতিক সম্মেলনের দ্বিতীয় দিনে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির জন্য আঞ্চলিক সহযোগিতাবিষয়ক অধিবেশনে এসব পর্যবেক্ষণ তুলে ধরা হয়। সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এ সম্মেলনের মূল আয়োজক। সিপিডির ট্রাস্টি বোর্ড সদস্য এম সাইদুজ্জামান এ অধিবেশনে সভাপতিত্ব করেন। বাণিজ্যমন্ত্রী ফারুক খান এতে প্রধান অতিথি ছিলেন।আলোচনায় অংশ নিয়ে পাকিস্তানের মাহবুবুল হক হিউম্যান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রধান খাদিজা হক বলেন, সুষম বণ্টন উপেক্ষা করে অর্জিত অর্থনৈতিক প্রবৃদ্ধি দক্ষিণ এশিয়ায় ব্যর্থ হয়েছে। এ অঞ্চলে বিভিন্ন দেশ উচ্চহারে প্রবৃদ্ধি অর্জন করলেও কোটি কোটি মানুষ গরিব রয়ে গেছে, তারা অপুষ্টিতে ভুগছে, কর্মহীন হয়ে গ্রামে পড়ে রয়েছে। অন্যদিকে উচ্চ প্রবৃদ্ধি নগরায়ণের সঙ্গে নগরে বস্তি বাড়িয়েছে।খাদিজা হক বলেন, ‘আমরা পরিকল্পনা করি ঠিকই, কিন্তু তা বাস্তবায়ন করি না। এই সেমিনার থেকে যে যার দেশে ফিরে গিয়েও আমরা সব ভুলে যাব।’ শ্রীলঙ্কার ইনস্টিটিউট অব পলিসি স্টাডিজের নির্বাহী পরিচালক সমন কেলেগামা বলেন, দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য অঞ্চল (সাফটা) ও অর্থনৈতিক সহযোগিতার অন্যান্য বিদ্যমান রূপরেখা জোরদার করতে হবে। কেননা, দারিদ্র্য হ্রাসে এগুলো যতটা কাজে আসবে, অন্য কোনো প্রক্রিয়া ততটা আসবে না।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মইনুল ইসলাম বলেন, শিক্ষা, স্বাস্থ্যসহ সামাজিক খাতে দক্ষিণ এশিয়ার দেশগুলো যা ব্যয় করে থাকে, তা তাদের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) খুবই সামান্য অংশ। সে তুলনায় প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে ব্যয় হয় বেশি, যা কিনা প্রকারান্তরে দুর্নীতিকে উৎসাহিত করে।বাংলাদেশের উদাহরণ টেনে মইনুল আরও বলেন, রাষ্ট্রীয় ব্যয় কমিয়ে শিক্ষাব্যবস্থা ও স্বাস্থ্যসেবাকে প্রবলভাবে বাজারমুখী করে তোলা হচ্ছে, যা কোনোভাবেই অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির সঙ্গে সাযুজ্যপূর্ণ নয়।নেপালের প্রবীণ সাংবাদিক কনক মণি দীক্ষিত বলেন, সমন্বিত ও ধারাবাহিক উদ্যোগের অভাবে দক্ষিণ এশিয়ার দেশগুলো পারস্পরিক সহযোগিতায় পিছিয়ে আছে। পাকিস্তানের এসডিপিআইয়ের গবেষক ওয়াকার আহমেদ বলেন, পরস্পরকে অসহযোগিতা করার ধারা থেকে বেড়িয়ে আসতে হলে চাই রাজনৈতিক সদিচ্ছা। অথচ এই অসহযোগিতার মূল্য অনেক চড়া। ভারতের এনসিএইআরের মহাপরিচালক শেখর সাহা বলেন, এ অঞ্চলের দেশগুলোতে ভেতর থেকেই সরকার ও নীতিনির্ধারকদের ওপর চাপ তৈরি করতে হবে। তা না হলে সহযোগিতার জন্য রাজনৈতিক সদিচ্ছার অভাব চলতেই থাকবে।বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেন, বিশ্ব অর্থনীতির এই মন্দা সময়ে দক্ষিণ এশিয়ার দেশগুলো পরস্পরের জন্য লাভজনক হয় এমন রাজস্ব সহযোগিতার দিকে যেতে পারে। বিশেষ অতিথির বক্তব্যে আফগানিস্তানের প্রেসিডেন্টের অর্থনীতিবিষয়ক ঊর্ধ্বতন উপদেষ্টা শ্যাম এল ভাতিজা বলেন, সার্ক তথা দক্ষিণ এশিয়াকে অন্য অঞ্চলের সঙ্গেও সম্পৃক্ত হতে হবে। তিনি সহযোগিতাকে অর্থবহ করতে পর্যায়ক্রমে ভিসা-প্রক্রিয়া শিথিল করার তাগিদ দেন। তাঁর মতে, সাফটা পরিপূর্ণভাবে কার্যকর হওয়ার মধ্য দিয়েই দক্ষিণ এশিয়ার দেশগুলোর পরস্পরের জন্য ট্রানজিট অনেকটাই বাস্তবায়িত হবে।প্রধান অতিথির বক্তব্যে ফারুক খান স্বীকার করেন, দক্ষিণ এশিয়ার রাজনৈতিক নেতৃত্ব আঞ্চলিক সহযোগিতায় জনগণের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হননি। তিনি বলেন, ‘সার্ক নেতারা কাজ করতে সদিচ্ছা প্রকাশ করেছেন। কিন্তু তা বাস্তবায়ন করতে পারেননি।’ফারুক খান এ জন্য অনেকটাই আমলাতন্ত্রকে অভিযুক্ত করেন। নিজের প্রায় তিন বছর ধরে মন্ত্রিত্ব করার অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, আমলারা একটা বিষয় অনেক দিক থেকে দেখে থাকে। সে জন্যই তারা কাজের গতি শ্লথ করে দেয়।বাণিজ্য সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য রাজনৈতিক নেতৃত্বের অনীহাকে দায়ী করেন ফারুক খান। তাঁর মতে, বাণিজ্যকে উন্নয়নের হাতিয়ার হিসেবে ব্যবহার না করে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে।