দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকট মেটাতে আঞ্চলিক সহযোগিতার তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ-সংকট মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা বাড়াতে হবে। এ ক্ষেত্রে ভারতকেই বড় ভূমিকা পালন করতে হবে। কেননা, ভারতের সঙ্গে দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর মধ্যে বেশি ব্যবসা-বাণিজ্য হয়। আর আঞ্চলিক সহযোগিতা বাড়াতে রাজনৈতিক সদিচ্ছারও প্রয়োজন।গতকাল মঙ্গলবার নেপালের রাজধানী কাঠমান্ডুতে বিশ্বব্যাংক আয়োজিত এক কর্মশালায় প্রথম দিনে বক্তারা এ কথা বলেন। তিন দিনের কর্মশালায় ভারত ছাড়া দক্ষিণ এশিয়ার সব দেশের অর্থনীতিবিষয়ক সাংবাদিকেরা অংশ নিচ্ছেন। র‌্যাডিসন হোটেলে এ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।কর্মশালায় বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়ার প্রধান কল্পনা কোচার এ অঞ্চলে বিদ্যুৎ বিষয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করেন।প্রতিবেদনে বলা হয়, শুধু বাংলাদেশ নয়, বিদ্যুৎ-সংকটের কারণে সার্কভুক্ত অন্য দেশগুলোতে অর্থনৈতিক উন্নয়ন গুরুতর ব্যাহত হচ্ছে। শ্রীলঙ্কা ছাড়া সার্কের অন্য দেশগুলোয় বিদ্যুৎ-সমস্যা প্রকট। ভারতে ৬০ শতাংশ শিল্পপ্রতিষ্ঠান নিজস্ব উদ্যোগে বিদ্যুৎ উৎপন্ন করে তাদের চাহিদা মেটায়। চীনে এই হার ২০ শতাংশ।এতে আরও বলা হয়, শিল্প-কারখানায় বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে পাকিস্তানে বছরে চার লাখ লোক চাকরি হারাচ্ছে। চাহিদার তুলনায় যথেষ্ট বিদ্যুৎ উৎপন্ন না হওয়ায় বাংলাদেশে ৩ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি কম হচ্ছে। নেপালে দিনে ১৬ ঘণ্টা লোডশেডিং হয়। ভবিষ্যতে এটা ১৯ ঘণ্টায় গিয়ে ঠেকবে বলে ধারণা করা হচ্ছে।প্রতিবেদনে বলা হয়েছে, শ্রীলঙ্কায় চাহিদার চেয়ে ৩০ শতাংশ বেশি বিদ্যুৎ উৎপন্ন হয়। ভারতে বর্তমানে মোট চাহিদার চেয়ে ১০ শতাংশ, বাংলাদেশে ১৫ শতাংশ, পাকিস্তানে ২০ শতাংশ ও নেপালে ৩০ শতাংশ কম বিদ্যুৎ উৎপন্ন হয়।কর্মশালায় বক্তব্য দেন বিশ্বব্যাংক নেপাল কার্যালয়ের ব্যবস্থাপক তাহসিন সাঈদ, থমসন রয়টার ফাউন্ডেশনের প্রশিক্ষক রয়স্টোন মার্টিন, ম্যাসিন টায়ার, নিকোলাস ফিদিয়ান প্রমুখ।কর্মশালার উদ্বোধনী বক্তৃতায় তাহসিন সৈয়দ বলেন, ‘দক্ষিণ এশিয়ার উন্নয়নের স্বার্থেই এ অঞ্চলের দেশগুলোকে বিদ্যুৎ-সংকট নিরসনে এগিয়ে আসা উচিত। কর্মশালায় দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের ২৫ জন সাংবাদিক অংশ নিচ্ছেন।