দক্ষিণ এশীয় অর্থনীতিতে অভ্যন্তরীণ ঝুঁকি বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ এশীয় দেশ-গুলোর অর্থনীতিতে এখন অভ্যন্তরীণ ঝুঁকি প্রকট আকার ধারণ করেছে। এসব অর্থনীতিতে ধীরে ধীরে বহিঃ খাতের ঝুঁকির পরিবর্তে অভ্যন্তরীণ ঝুঁকিই বেশি লক্ষ্য করা যাচ্ছে। যে কারণে এই অঞ্চলের সব দেশের ব্যাংকিং খাতে ক্রমান্বয়ে ঝুঁকি বাড়ছে।
এই অবস্থায় কার্যকর পদক্ষেপ নিয়ে দক্ষিণ এশিয়ার অর্থনীতিগুলোয় বিরাজমান অভ্যন্তরীণ ঝুঁকি মোকাবিলা করতে হবে, যাতে অর্থনৈতিক স্থিতিশীলতা ও প্রবৃদ্ধি ত্বরান্বিত হয়।
বিশ্বব্যাংকের ‘সাউথ এশিয়া ইকোনমিক ফোকাস’ শীর্ষক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। প্রতিবেদনটি গতকাল বুধবার প্রকাশ করা হয়।
এতে বলা হয়েছে, ২০১৩ সালে দক্ষিণ এশিয়ার গড় মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ছিল ৪ দশমিক ৮ শতাংশ। চলতি বছরে তা ৫ দশমিক ২ শতাংশে উন্নীত হবে। আর আগামী বছরে (২০১৫) তা আরও বেড়ে ৫ দশমিক ৮ শতাংশ হবে।
প্রতিবেদনে বলা হয়েছে, বহিঃ খাতের চাপ সামলে উঠলেও দক্ষিণ এশিয়ার দেশগুলোতে অভ্যন্তরীণ ঝুঁকি বাড়ছে। ব্যাংকিং খাতের অস্থিতিশীলতা, মূল্যস্ফীতি, বাজেট ঘাটতি, জ্বালানি-সংকট ও পরিবহন খাতে দুর্বল অবকাঠামো—এসব দেশের প্রবৃদ্ধিকে টেনে ধরতে পারে।
বিশ্বব্যাংকের প্রাক্কলন অনুযায়ী, এই অঞ্চলে চলতি অর্থবছরে বাংলাদেশ ও আফগানিস্তানে জিডিপির প্রবৃদ্ধি কমবে। এর মধ্যে বাংলাদেশের প্রবৃদ্ধি ৬ শতাংশ থেকে নেমে ৫ দশমিক ৪ শতাংশ হতে পারে। অর্থবছরের প্রথমার্ধের রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তার কারণেই মূলত প্রবৃদ্ধি কমে যেতে পারে। অন্যদিকে, বিদেশি সৈন্য প্রত্যাহার ও উল্লেখযোগ্য হারে বিদেশি সহায়তা কমে যাওয়ায় চলতি বছরে আফগানিস্তানের জিডিপি প্রবৃদ্ধি ৩ দশমিক ২ শতাংশে নেমে আসবে। ২০১৩ সালে দেশটির জিডিপির প্রবৃদ্ধি ছিল ৩ দশমিক ৬ শতাংশ।
তবে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপালের প্রবৃদ্ধি বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। ভারতের প্রবৃদ্ধি হতে পারে সবচেয়ে বেশি ৫ দশমিক ৭ শতাংশ।
বিশ্বব্যাংক আরও বলছে, উন্নত দেশগুলোর অর্থনৈতিক পুনরুদ্ধারের ফলে ভারত ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর ব্যবসা-বাণিজ্য পরিস্থিতির উন্নতি ঘটেছে। তাদের রপ্তানি পণ্যের প্রতিযোগী সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বিনিয়োগকারীদের আস্থাও সুসংহত হয়েছে।
প্রতিবেদন প্রকাশ উপলক্ষে গতকাল বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ে এক ভিডিও কনফারেন্সের আয়োজন করা হয়। এতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থিত বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ের প্রতিনিধির পাশাপাশি পাকিস্তান ও নেপাল থেকে সাংবাদিকেরা অংশ নেন।