দক্ষিণ কোরিয়া বিনিয়োগে আগ্রহী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের তথ্যপ্রযুক্তি (আইসিটি) খাতে যৌথ বিনিয়োগে আগ্রহী দক্ষিণ কোরিয়া।
ঢাকায় দক্ষিণ কোরিয়ার নবনিযুক্ত রাষ্ট্রদূত আন সিয়ং-দোর সঙ্গে গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকের পর বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন এ সময় উপস্থিত ছিলেন। বাণিজ্য মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বাণিজ্যমন্ত্রী বলেন, দ্বিপক্ষীয় বাণিজ্যে ব্যবধান কমাতে দক্ষিণ কোরিয়া বাংলাদেশকে ৪ হাজার ৮০০টি পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা দিয়েছে।
তোফায়েল আহমেদ জানান, আইসিটি মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ সম্ভাবনা ও বিভিন্ন বিষয়ে সেমিনার হয়েছে। এতে বাংলাদেশের ৮০টি ও দক্ষিণ কোরিয়ার ৩০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। একইভাবে আগামী কয়েক দিনের মধ্যে দক্ষিণ কোরিয়ায় এক সেমিনারে অংশ নেবে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো।
বাণিজ্যমন্ত্রী বলেন, চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (কেইপিজেড) দক্ষিণ কোরিয়ার অনেক বিনিয়োগ রয়েছে। সেখানে কোরিয়ার ২২টি কারখানায় প্রায় ৫৫ হাজার কর্মী কাজ করছে। কেইপিজেড থেকে রপ্তানি হচ্ছে প্রায় ৪০ কোটি ডলারের পণ্য।
তোফায়েল আহমেদ বলেন, সরকার বিনিয়োগকারীদের আকর্ষণীয় সুযোগ-সুবিধা দিচ্ছে। বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ বাড়লে উভয় দেশই উপকৃত হবে।
কেইপিজেডের জমি নিয়ে জটিলতা চলছে এবং তা দূর হলে বাংলাদেশই বেশি লাভবান হবে বলে মনে করেন তোফায়েল আহমেদ। তিনি বলেন, জটিলতা দূর হলে বিভিন্ন চামড়া কারখানা স্থাপিত হবে। সেই সঙ্গে স্যামস্যাংসহ দক্ষিণ কোরিয়ার বড় বড় কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করবে।