দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে বাজেটে বরাদ্দের দাবি
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে ২০১১-১২ অর্থবছরের বাজেটে অর্থ বরাদ্দের দাবি জানিয়েছে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি।ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে কমিটির নেতারা এ দাবি জানান।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির মহাসচিব শেখ আশরাফ-উজ-জামান। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংসদ ননী গোপাল মণ্ডল, সোহরাব আলী, নারায়ণ চন্দ্র চন্দ, শওকত আলী ও সমন্বয় কমিটির সভাপতি এস এম দাউদ আলী।সমন্বয় কমিটির নেতারা সংবাদ সম্মেলনে বলেন, বিগত বছরগুলোর মতো এবারের বাজেটেও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নের বিষয়টি প্রাধান্য পায়নি। তাঁরা আরও বলেন, গত দুই দশকে সারা দেশে দারিদ্র্য হ্রাস পেলেও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তা বছরে ১ দশমিক ৭৮ শতাংশ হারে বেড়েছে।সংবাদ সম্মেলনে নেতারা বলেন, দক্ষিণাঞ্চলে গ্যাসের সংযোগ দেওয়ার জন্য ২০০৭-০৮ অর্থবছরে ৫১২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। গ্যাস বিতরণের জন্য ২০০৮ সালে একটি কোম্পানি গঠন করে বরাদ্দ দেওয়া হয় ৩৭১ কোটি টাকা। কিন্তু গ্যাস-সংযোগের কার্যক্রম এখন সম্পূর্ণ স্থগিত রয়েছে।সংবাদ সম্মেলনে দক্ষিণাঞ্চলের যোগাযোগব্যবস্থার উন্নয়নে খুলনায় একটি আধুনিক রেলস্টেশন ও আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের দাবি জানানো হয়।