দক্ষিণ সিটির রাস্তা মেরামতে ২৫০ কোটি টাকার প্রকল্প
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট, ফুটপাত ও নর্দমা মেরামত করা হবে। এ জন্য আড়াই শ কোটি টাকা খরচ হবে। সরকার এ জন্য একটি প্রকল্প তৈরি করেছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন পাঁচটি অঞ্চলের প্রধানত ক্ষতিগ্রস্ত সিসি সড়ক, নর্দমা ও ফুটপাত উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উঠছে। সিটি করপোরেশনের নির্বাচনের পর প্রথম এ ধরনের প্রকল্প নেওয়া হচ্ছে।
প্রকল্প প্রস্তাবে বলা হয়েছে, ৫৩টি ওয়ার্ডের প্রায় ২০০টি বিদ্যমান অধিকাংশ রাস্তা, ফুটপাত ও নর্দমা ক্ষতিগ্রস্ত। প্রতিবছর অপরিকল্পিত নগর সম্প্রসারণ, বিভিন্ন পরিষেবা লাইন পরিবর্তন, রাস্তা খোঁড়াখুঁড়ি ও বর্ষাকালে বৃষ্টির কারণে এসব রাস্তার ব্যাপক ক্ষতি হয়েছে। এসব সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়। নাগরিকেরা নির্বিঘ্ন চলাচল নিশ্চিত হচ্ছে না।
এ প্রকল্পের আওতায় ১৬৯ কিলোমিটার সড়ক মেরামত, ১৮৭ কিলোমিটার নর্দমা নির্মাণ ও ২৫ কিলোমিটার ফুটপাত উন্নয়ন করা হবে। এ প্রকল্পের মেয়াদকাল ২০১৫ সালের জুলাই থেকে ২০১৭ সালের জুন মাস পর্যন্ত।
যোগাযোগ করা হলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আনসার আলী খান প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন ধরেই এ সিটি করপোরেশনে রাস্তাগুলো মেরামত করা হচ্ছে না। এতে জনগণের চলাচলে বেশ অসুবিধা হচ্ছে। তাই নাগরিকদের পরিষেবা নিশ্চিত করতে এ প্রকল্পটি নেওয়া হয়েছে। তিনি জানান, এ প্রকল্পের আওতায় ৮০টি ঠিকাদারি কাজের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। সিটি করপোরেশনভুক্ত প্রতিটি এলাকায় কমবেশি রাস্তাঘাট মেরামত করা হবে। ঢাকা সিটি করপোরেশন বিভক্তির পর দক্ষিণ সিটি করপোরেশনে জন্য বড় কোনো প্রকল্প নেওয়া হয়নি। এ ছাড়া এ সিটি করপোরেশনের রাজস্ব আয় তুলনামূলক কম হওয়ায় নিজস্ব অর্থায়নে কয়েক বছর ধরে এসব রাস্তা, ফুটপাত ও নর্দমা মেরামত করা সম্ভব হয়নি।
এমন অবস্থায় সিটি করপোরেশন নির্বাচনের পর ৩০৯ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প প্রস্তাব পরিকল্পনা কমিশনে পাঠায় সিটি করপোরেশন কর্তৃপক্ষ। পরে ৭ জুলাই অনুষ্ঠিত প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভায় প্রকল্প এলাকা সরেজমিনে পরিদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়। ১০ জুলাই এ পরিদর্শন সম্পন্ন হয়। এরপর প্রকল্প ব্যয় ৫৯ কোটি টাকা কমিয়ে ২৫০ কোটি টাকায় চূড়ান্ত করা হয়। এর মধ্যে সরকার দেবে ১৭৫ কোটি টাকা। আর বাকি ৭৫ কোটি টাকার জোগান দেওয়া হবে সিটি করপোরেশনের নিজস্ব তহবিল থেকে।