দক্ষিণাঞ্চলেও চালের দাম বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালসহ দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে চালের দাম বেড়েছে। গত ১৫ দিনে পাইকারি বাজারে দুই দফা বেড়ে মোটা চালের দাম উঠেছে ৩৮-৩৯ টাকায়। খুচরা বাজারে তা ৪১ থেকে ৪২ টাকায় বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। শুধু মোটা চাল নয়, বেড়েছে সরু ও মাঝারি চালের দামও।

চালের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ বিপাকে পড়েছে। পাইকারি বিক্রেতারা বলছেন, যেসব জেলা থেকে দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে চাল সরবরাহ হয়, সেখানেই দাম বেড়েছে। ফলে তাঁরাও দাম বাড়াতে বাধ্য হয়েছেন।

বরিশাল নগরের পাইকারি চালের বাজার ফড়িয়াপট্টির কয়েকজন ব্যবসায়ী জানান, কিছুদিন আগেও পুরোনো মিনিকেট চালের দাম প্রতি কেজি ৪৮ থেকে ৪৯ টাকা ছিল। এখন পাইকারি বাজারে তা ৫০ থেকে ৫১ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া গুটি ও স্বর্ণা ৩৬-৩৭ টাকার বদলে এখন ৩৯-৪০ টাকা, দেশি মোটা আমন ৩৬ টাকা থেকে বেড়ে ৪০-৪২ টাকায় বিক্রি হচ্ছে।

পাইকারি বাজারের চেয়ে খুচরা বাজারে দাম বেশি কেজিপ্রতি ২ থেকে ৩ টাকা। নগরের পোর্ট রোডের খুচরা দোকান মা ট্রেডার্সের সুমন মিয়া বলেন, তিনি প্রতি কেজি মোটা চাল ৪২ টাকা, সরু চাল ৫০-৫২ টাকা ও মাঝারি মানের চাল ৪৫-৪৬ টাকা দরে বিক্রি করছেন।

উল্লেখ্য, সাম্প্রতিক অতিবৃষ্টির কারণে বোরো মৌসুমের চাল বাজারে আসতে দেরি হচ্ছে। এতে চালের সরবরাহে টান পড়ে দাম বেড়েছে বলে দাবি করছেন বড় বড় মিলের মালিকেরা। এর প্রভাবে সারা দেশেই চালের দাম বেড়েছে।

বরিশাল অঞ্চলের চালের জোগান মূলত সাতক্ষীরা, ঝিনাইদহ, কুষ্টিয়া ও মেহেরপুর থেকে আসে উল্লেখ করে বরগুনার পাইকারি চাল ব্যবসায়ী রানা তালুকদার বলেন, ‘আমরা ভেবেছিলাম, বৈশাখে নতুন ধান ওঠার পর চালের দাম কমবে। কিন্তু এখন দেখছি উল্টো চিত্র, দুই দফায় মণপ্রতি দর ২০০ টাকা পর্যন্ত বেড়েছে। আর খুচরা পর্যায়ে তা কেজিপ্রতি দাম বেড়েছে ৫-৭ টাকা।’

বরিশাল নগরের ফড়িয়াপট্টির চাল ব্যবসায়ী কমল সাহা বলেন, চাল আমদানির ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করা আছে। এতে আমদানি প্রায় বন্ধ। এ ছাড়া হাওরে ফসলহানি, চলনবিল পানিতে প্লাবিত হওয়ার প্রভাব পড়েছে চালের বাজারে।

দক্ষিণাঞ্চলে গত ফেব্রুয়ারি থেকে চার দফা চালের দাম বেড়েছে বলে দাবি করেন ব্যবসায়ীরা। বরিশাল নগরের পাইকারি ব্যবসায়ীরা জানান, মূল্যবৃদ্ধির কারণে বরিশালে চালের আমদানিও অনেক কমে গেছে। আগে যেখানে প্রতি সপ্তাহে গড়ে দেড় হাজার টন চাল আসত, এখন তা কমে ৫০০-৬০০ টনে এসে দাঁড়িয়েছে। দাম বাড়ার কারণে খুচরা বাজারে চালের বিক্রি যেভাবে কমেছে, তেমনি পাইকারি চাল আমদানির পরিমাণও কম।

নগরের ফলপট্টি এলাকার খুচরা বিক্রেতা মতিউর রহমান বলেন, পাইকারি বাজারে চালের দাম বাড়তি হওয়ায় প্রতি কেজিতে ২-৩ টাকা দাম না বাড়ালে ব্যবসা টেকানো কঠিন। দাম বাড়ানোর কারণে ক্রেতাদের সঙ্গে প্রতিনিয়তই বচসা হচ্ছে। আগের চেয়ে চালের বিক্রিও কমে গেছে অনেক।

বরগুনার পাইকারি চাল ব্যবসায়ী শংকর তালুকদার বলেন, ‘সাধারণত ফাল্গুন-চৈত্র মাসে ধানের সংকটের কারণে দেশের চালের বাজার কিছুটা অস্থিতিশীল হয়। ওই সময় বিদেশ থেকে চাল আমদানি করে সংকট সামাল দেন ব্যবসায়ীরা।

বরিশাল নগরীর পোর্ট রোড বাজারে কেনাকাটা করতে যাওয়া রূপাতলী এলাকার বাসিন্দা মো. শহীদুল্লাহ বলেন, এটা কোনো পক্ষের কারসাজি কি না, সে বিষয়ে সরকারের নজরদারি থাকা উচিত।

বরিশাল বিভাগীয় আঞ্চলিক খাদ্যনিয়ন্ত্রক আমজাদ হোসেন প্রথম আলোকে বলেন, সম্প্রতি সিলেটের হাওরাঞ্চলের ফসলহানি চালের মূল্যবৃদ্ধির অন্যতম কারণ। তবে যেটুকু মূল্য বেড়েছে, তা সহনীয় ও যৌক্তিক। চালের সরকারি দর সম্পর্কে তিনি বলেন, অন্যান্য নিত্যপণ্যের সঙ্গে সামঞ্জস্য রেখেই সরকার চাল কেনার দর ঠিক করেছে। এর চেয়ে কম দাম নির্ধারণ করা হলে চাষিরা লোকসানে পড়বে এবং ধান উৎপাদনে নিরুৎসাহিত হবেন।