দক্ষিণাঞ্চলের কৃষি উন্নয়নে ৫৮ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের দক্ষিণাঞ্চলের কৃষি খাতের উন্নয়নে ৫৭ হাজার ৮০২ কোটি টাকা ব্যয়ের মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে৷ বঙ্গোপসাগরের উপকূলবর্তী ১৪ জেলায় কৃষি, মৎস্য, পানিসম্পদ ব্যবস্থাপনাসহ বিভিন্ন খাতের ২৬টি কর্মসূচির মাধ্যমে এই অর্থ ব্যয় করা হবে৷
জেলাসমূহ হলো সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, ঝালকাঠি, পটুয়াখালী. বরিশাল, ভোলা, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার৷
গতকাল রোববার বাংলাদেশে কর্মরত দাতা দেশ ও দাতা সংস্থার প্রতিনিধিদের কাছে এই মহাপরিকল্পনা তুলে ধরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)। রাজধানীর শেরেবাংলা নগরের ইআরডি সম্মেলনকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সহ-আয়োজক জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)।
কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাজমুল আলম অনুষ্ঠানে দাতাদের সামনে মহাপরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন। এতে বলা হয়, এই মহাপরিকল্পনায় দক্ষিণাঞ্চলের দুই কোটি ৯৮ লাখ লোক উপকৃত হবে। এই অঞ্চলে জাতীয় দারিদ্র্যসীমার চেয়ে বেশি ৩৯ দশমিক ৪ শতাংশ লোক এই অঞ্চলে বসবাস করে।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘এই পরিকল্পনা বাস্তবায়নে অবশ্যই বেসরকারি খাত সম্পৃক্ত করা উচিত। এর পাশাপাশি উন্নয়ন সহযোগীদের এগিয়ে আসা উচিত। এই পরিকল্পনা প্রাণিসম্পদ, মৎস্য ও পরিবেশে আরও জোর দেওয়া উচিত।’ আগামী বাজেটে এই পরিকল্পনাভুক্ত কর্মসূচিতে বরাদ্দ থাকবে বলে তিনি জানান।
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, এই পরিকল্পনার আওতায় দক্ষিণাঞ্চলের সাত লাখ হেক্টর জমি উন্নত কৃষিব্যবস্থার আওতায় আসবে। তিনি আরও জানান, উপকূলীয় অঞ্চলে সমুদ্রের পানির উচ্চতা বাড়ছে, লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে। এসব কারণে খাদ্যের নিরাপত্তা ও জীবনযাত্রার ওপর প্রভাব পড়ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় এই অঞ্চলে অতিরিক্ত সহায়তা দরকার।
বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত আবাসিক পরিচালক ক্রিস্টিন কাইমস বলেন, এই মুহূর্তে এই মহাপরিকল্পনায় সম্পৃক্ত হওয়ার সুযোগ বিশ্বব্যাংকের নেই। তবে পরবর্তী দেশ সহায়তা কৌশলে (সিএএস) এই মহাপরিকল্পনা নিয়ে জোরদার আলোচনা করা যেতে পারে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এডিবির আবাসিক পরিচালক কাজিহিকো হিগুচি, ইআরডি সচিব মোহাম্মাদ মেজবাহউদ্দিন, কৃষিসচিব নাজমুল ইসলাম, এফএও প্রতিনিধি মাইক রবসন প্রমুখ৷