দর বৃদ্ধির সর্বোচ্চ সীমা ছুঁয়েছে ১০টি কোম্পানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দিনের দরপতনের পর দেশের শেয়ারবাজারে গতকাল রোববার মূল্যসূচক বেড়েছে। সূচকের পাশাপাশি সপ্তাহের প্রথম কার্যদিবসে দুই স্টক এক্সচেঞ্জে লেনদেনের পরিমাণও বেড়েছে।ঢাকার বাজারে এই দিন দরবৃদ্ধির শীর্ষে থাকা ১০টি কোম্পানির প্রতিটিই মূল্য বৃদ্ধির সর্বোচ্চ সীমা বা সার্কিট ব্রেকারের সর্বোচ্চ স্তর স্পর্শ করেছে। তাদের কোনো কোনোটির দাম লেনদেনের প্রায় পুরোটা সময়ই সর্বোচ্চ স্তরে আটকে ছিল। ডিএসইর নিয়ম অনুযায়ী, তালিকাভুক্ত কোম্পানিগুলোর দাম এক দিনে সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। গতকাল ডিএসইতে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে ১০টি কোম্পানিই দর বৃদ্ধির সর্বোচ্চ এই সীমা স্পর্শ করে। কোম্পানিগুলো হলো: ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস, আমরা টেকনোলজিস, বাংলাদেশ সাবমেরিন কেব্লস, পাওয়ার গ্রিড, সায়হাম কটন, বারাকাতউল্লা ইলেকট্রো ডায়নামিকস, বিডি থাই, জিবিবি পাওয়ার, মালেক স্পিনিং ও জাহিন টেক্স। যোগাযোগ করা হলে পুঁজিবাজার বিশ্লেষক ও বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক মোহাম্মদ মূসা প্রথম আলোকে বলেন, ‘বাজারে এমন কোনো ঘটনা ঘটেনি যার কারণে এক দিনে ১০ কোম্পানির শেয়ারের দাম প্রায় ১০ শতাংশ করে বাড়বে। যেসব কোম্পানি দর বৃদ্ধির সর্বোচ্চ সীমা স্পর্শ করেছে, তার মধ্যে সম্প্রতি একাধিক কোম্পানির মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করা হয়েছে। এ জন্য হয়তো সেসব কোম্পানির প্রতি বিনিয়োগকারীদের বাড়তি আগ্রহ তৈরি হতে পারে। কিন্তু বাকি কোম্পানিগুলোর এ রকম কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই, যা ওই কোম্পানির শেয়ারের দাম এক দিনে ১০ শতাংশ বেড়ে যাওয়ার ঘটনাকে সমর্থন করতে পারে।’ মোহাম্মদ মূসা আরও বলেন, যেসব কোম্পানি দর বৃদ্ধির সর্বোচ্চ সীমা ছুঁয়েছে তার মধ্যে বেশ কিছু কোম্পানিই কম মূলধনসম্পন্ন। ফলে এসব শেয়ারের দর বৃদ্ধির সঙ্গে কারসাজির বিষয়টি জড়িত থাকতে পারে। কারসাজির মাধ্যমে কম মূলধনী কোম্পানির শেয়ারের দাম বাড়ানো খুবই সহজ। এর কারণ এখনো সাধারণ বিনিয়োগকারীরা নানা গুজব বা প্রচারণায় অতিমাত্রায় প্রভাবিত হন। কয়েকটি কোম্পানির অস্বাভাবিক দর বৃদ্ধির ঘটনা বাদ দিলে সূচকের উত্থানকে যৌক্তিক বলে মত দেন এই পুঁজিবাজার বিশ্লেষক। তিনি বলেন, গত দুই দিনের দরপতনে সূচক প্রায় দেড় শ পয়েন্ট কমে গেছে। সেখানে গতকাল মাত্র ৬০ পয়েন্ট বেড়েছে। যদিও সূচক দেখে কখনো বিনিয়োগ করা উচিত নয়। বিনিয়োগ করতে হবে শেয়ারের দাম দেখে।ঢাকার বাজারে রোববার ২৬৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৭৫টিরই দাম বেড়েছে, কমেছে ৭৩টির আর অপরিবর্তিত ছিল ১৯টির দাম। এই দিন ডিএসইর সাধারণ সূচক বেড়ে দাঁড়িয়েছে প্রায় চার হাজার ৩৮৫ পয়েন্টে। দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৬১১ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৮৪ কোটি টাকা বেশি। চট্টগ্রামের বাজারে এই দিন ১৮২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১১৭টিরই দাম বেড়েছে, কমেছে ৫২টির আর অপরিবর্তিত ছিল ১৩টির দাম। সিএসইর সার্বিক মূল্যসূচক বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৩ হাজার ৩০৩ পয়েন্টে। দিন শেষে চট্টগ্রামের বাজারে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৬১ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় দুই কোটি টাকা বেশি।