দরপতন অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থিতিশীলতা ফেরাতে বাজেটে ঘোষিত প্রণোদনার ইতিবাচক তেমন কোনো প্রভাব নেই শেয়ারবাজারে। বাজেট-পরবর্তী দুই কার্যদিবসেই বাজারে দরপতন ঘটেছে। অথচ, বাজেট ঘোষণার পর দেশের দুই স্টক এক্সচেঞ্জ ও বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা এটিকে পুঁজিবাজারবান্ধব বলে আখ্যায়িত করেছেন।কিন্তু বিনিয়োগকারীদের আচরণে ‘বাজারবান্ধব’ বাজেটের কোনো প্রতিফলন নেই। গত দুই দিনে শেয়ারের দরপতনের পাশাপাশি লেনদেন নেমে এসেছে দেড় শ কোটি টাকার ঘরে। অথচ, বাজেট ঘোষণার দিনও ঢাকার বাজারে তিন শ কোটি টাকার লেনদেন হয়েছিল। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক গতকাল সোমবারও প্রায় ৩৬ পয়েন্ট কমেছে। এর আগে গত রোববার বাজেট-পরবর্তী প্রথম কার্যদিবসে ডিএসইর সাধারণ সূচক কমেছিল প্রায় ৪৩ পয়েন্ট। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক গতকাল প্রায় ৮৭ পয়েন্ট কমেছে।যোগাযোগ করা হলে পুঁজিবাজার বিশ্লেষক ও বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্কুল বিভাগের শিক্ষক মোহাম্মদ মূসা প্রথম আলোকে বলেন, ‘বাজেটে ব্যক্তি শ্রেণীর সাধারণ বিনিয়োগকারীদের আকর্ষণ করার মতো তেমন কিছু নেই। যা আছে সবই আগের ধারাবাহিকতা। বেশির ভাগ বিনিয়োগকারী আগে থেকেই তা ওয়াকিবহাল ছিলেন। তাই বাজেট বিনিয়োগকারীদের মধ্যে নতুন কোনো চমক বা আশার সঞ্চার ঘটাতে পারেনি। তাই বাজেট-পরবর্তী বাজারে বড় ধরনের কোনো ইতিবাচক প্রভাব দেখা যাচ্ছে না। সে সঙ্গে নতুন চালু হওয়া সফটওয়্যারের সমস্যাও যুক্ত হয়েছে।’ মূসা আরও বলেন, এখনো বাজারে রিটের প্রভাব কাজ করছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) ২সিসি ধারাকে চ্যালেঞ্জ করে আদালতে দায়ের করা রিটের নিষ্পত্তি এখনো হয়নি। তাই একশ্রেণীর বিনিয়োগকারী বাজার থেকে দূরে রয়েছেন। রিটের চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তাঁরা হয়তো বিনিয়োগের ব্যাপারে কোনো ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন না। এটি দরপতনের আরেকটি কারণ।মোহাম্মদ মূসা বলেন, ব্যাংকব্যবস্থায় এখনো কিছুটা তারল্যসংকট রয়েছে। ফলে শেয়ারবাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ পরিস্থিতিরও উন্নতি হচ্ছে না।সোমবার লেনদেন শেষে ডিএসইর সাধারণ সূচক কমে দাঁড়িয়েছে প্রায় চার হাজার ৬৮৯ পয়েন্টে। এদিন ঢাকার বাজারে প্রায় ১৫৬ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে প্রায় ২০ কোটি টাকা বেশি।চট্টগ্রামের বাজারে সোমবার দিন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক নেমে এসেছে প্রায় ১৪ হাজার ২৮ পয়েন্টে। সোমবার চট্টগ্রামের বাজারে প্রায় ৩৩ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে প্রায় ছয় কোটি টাকা বেশি।